মাটিতে নেমে এলেন মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল, মার্শিয়ালের অভিব্যক্তিতেই স্পষ্ট হতাশা। পরশু এটিই যেন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতীকী ছবি, ইউরোপা লিগে যে ফেইনুর্ডের কাছে হেরে গেছে তারা! l রয়টার্স
আরও একটি সুযোগ হাতছাড়া হয়ে গেল, মার্শিয়ালের অভিব্যক্তিতেই স্পষ্ট হতাশা। পরশু এটিই যেন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতীকী ছবি, ইউরোপা লিগে যে ফেইনুর্ডের কাছে হেরে গেছে তারা! l রয়টার্স

ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে তিনিই প্রথম কোচ হিসেবে চার ম্যাচ জিতেছেন। আবার ইউরোপে ইউনাইটেডের প্রথমবারের মতো প্রতিপক্ষের মাঠে টানা চার হারের সাক্ষীও হলেন তিনি। হোসে মরিনহো আকাশে উড়তে উড়তে যেন ধপ করে মাটিতে পড়ে গেলেন। লিগে ম্যানচেস্টার ডার্বি হারের পর ফেইনুর্ডের কাছে ইউরোপা লিগেও অপ্রত্যাশিতভাবে হেরেছে ইউনাইটেড, হারটা ১-০ গোলে। তবে মরিনহো বলছেন, এই পরাজয় দলের ওপর তেমন কোনো প্রভাব ফেলতে পারবে না!
ইউরোপা লিগ ইউনাইটেডের কাছে খুব মহার্ঘ্য কিছু নয়। ডার্বির ম্যাচের প্রথম একাদশের আটজনকেই তাই পরশু বিশ্রাম দিয়েছিলেন মরিনহো। কিন্তু যাঁর ওপর ভরসা ছিল, সেই পল পগবা আবারও হতাশ করেছেন। সেভাবে খুঁজেই পাওয়া যায়নি ক্লাব ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলারকে। তার চেয়েও বড় কথা, পুরো ম্যাচে ইউনাইটেড প্রতিপক্ষ রক্ষণে সেভাবে আতঙ্কই ছড়াতে পারেনি। ম্যাচ শেষের ১২ মিনিট আগের টনি ভিলেনার গোলটা নিয়ে বিতর্ক আছে, টিভি দেখে সেটি অফসাইডই মনে হয়েছে। তারপরও ফেইনুর্ডের জয়টাকে অন্যায্য বলা যাবে না। ম্যাচে ডাচ ক্লাবটাই যে বেশি গোছানো ছিল!

হোসে মরিনহো
হোসে মরিনহো

কিন্তু ইউনাইটেড হঠাৎ করে এমন খেই হারিয়ে ফেলল কেন? প্রথম তিন ম্যাচে তো ইব্রাদের মধ্যে ফার্গির দলের ছায়া দেখা যাচ্ছিল। মরিনহোর মনে যা-ই থাকুক, বাইরে থেকে পরাজয়ে তিনি অনেকটাই নির্বিকার, ‘(মৌসুমের শুরুতে) কমিউনিটি শিল্ড জেতার পর যখন টানা তিনটি ম্যাচে জিতেছি, তখন আমি উচ্ছ্বাসে ভেসে যাইনি। আমি বলিনি আমরা সব প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে দেব। তবে সত্যি বলতে, হেরে যাওয়া এই দুই ম্যাচে আমরা খুব একটা ভালোও খেলিনি। অবশ্য যা হয়েছে তা-ও দলের জন্য শাস্তির মতো, কারণ (দুটি ম্যাচে) যে ফল হয়েছে তার চেয়ে বেশি কিছুই পাওয়া উচিত ছিল আমাদের।’ পগবাকেও আগলে রাখছেন কোচ, ‘আমি কোনো একক খেলোয়াড়ের সমালোচনা করতে চাই না। পুরো দল যেমন খেলেছে, সে রকমই খেলেছে সে। প্রথমার্ধে নিয়ন্ত্রণ ওদের (ইউনাইটেড) হাতে ছিল, কিন্তু গতি ছিল কম। দ্বিতীয়ার্ধে খেলায় তীব্রতা বেড়েছিল, কিন্তু তখনই গোলটা খেয়ে গেল ওরা।’
পরশু ইউরোপা লিগে অঘটন ঘটেছে আরও। নিজেদের মাঠে ইন্টার মিলান ০-২ গোলে হেরে গেছে ইসরায়েলের ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার কাছে। তবে এদিনের সবচেয়ে বড় চমকটা ছিল জেনিত সেন্ট পিটার্সবার্গের। ম্যাকাবি তেল আবিবের মাঠে গিয়ে ৭৬ মিনিট পর্যন্ত ৩-০ গোলে পিছিয়ে থাকা রুশ দলটি শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছে ৪-৩ গোলে! এএফপি, রয়টার্স।