মাঠ ছাপিয়ে গ্যালারিতেই দৃষ্টি
‘পা মাটিতে রাখতে হবে আমাদের।’ শক্তিশালী ক্রোয়েশিয়ার বিপক্ষে পা এমনিতেও মাটিতেই থাকার কথা স্পেনের। তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর হঠাৎ করেই শিরোপা লড়াইয়ে ফেবারিট হয়ে গেছে স্পেন। ক্রোয়েশিয়াকেও তাই গোনায় ধরছেন না অনেকেই। সে জন্যই হয়তো ডেভিড সিলভা এত সতর্ক।
এরপরই আজকের ম্যাচ নিয়ে নিজেদের পরিকল্পনা জানিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার, ‘আমরা শান্ত আছি, এভাবেই এগোতে চাই। এই মান ধরে রাখতে হবে, সেটি পারলেই শিরোপা আমাদের।’ গ্রুপ ‘ডি’তে স্পেন আছে বেশ সুবিধাজনক স্থানে, ড্র করলেই গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে চলে যাবে তারা।
প্রতিপক্ষ ক্রোয়াটদেরও খুব একটা দুশ্চিন্তা নেই। ড্র করলেই শেষ ষোলো, হারলেও সুযোগ থাকবে দ্বিতীয় পর্বে যাওয়ার। কিন্তু ইভান রাকিটিচরা যে ম্যাচ নিয়ে ভাবারই সময় পাচ্ছেন না। তাঁদের চিন্তা যে নির্বিঘ্নে ম্যাচ খেলতে পারবেন কি না তা নিয়ে! শুক্রবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে মাঠে আতশবাজি ছুড়ে মেরেছিলেন ক্রোয়াট সমর্থকেরা। সে জন্য খেলাও থামিয়ে দিতে হয়েছিল সেদিন। পরে খেলা শুরু হলেও মনঃসংযোগ হারিয়ে ফেলা ক্রোয়েশিয়া এগিয়ে থাকা ম্যাচটি ড্র করে বসে।
রাকিটিচ অবশ্য তাতেও সন্তুষ্ট, রেফারি যে সেদিন খেলাই থামিয়ে দিতে চেয়েছিলেন। ক্রোয়েশিয়ান উগ্র সমর্থক দল ‘হাইদুক স্প্লিট’ ফেসবুকে ঘোষণা দিয়েছে স্পেন ম্যাচেও যেকোনোভাবে খেলায় গন্ডগোল সৃষ্টি করার! ক্রোয়েশিয়ার স্থানীয় ফুটবলে দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে দলটিকে ইউরো থেকেই বাদ দেওয়ার শঙ্কায় ফেলে দিচ্ছেন সমর্থকেরা। আজ তাই স্পেন নয় সমর্থকদের নিয়েই চিন্তা রাকিটিচদের।
চেক প্রজাতন্ত্র ও তুরস্কের এ রকম কোনো সমস্যা নেই। মহাগুরুত্বপূর্ণ শেষ ম্যাচে খেলাতেই মন দিতে পারছে তারা। প্রথম দুই ম্যাচেই হেরেছে তুরস্ক। তবু আজ জিতে দ্বিতীয় পর্বে পৌঁছানোর আশা করছেন তুর্কি ডিফেন্ডার গের্কান গের্নুল, ‘আমরা সব সময় শেষ মুহূর্ত পর্যন্ত লড়ি। এবারও আমরা শেষ ম্যাচের জন্য সবকিছু রেখে দিয়েছি। ভাগ্য একটু সাহায্য করলেই চেকদের হারিয়ে পরের পর্বে যেতে পারব।’
তবে আগের ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে ২-০ গোলে পিছিয়েও ড্র করে ফেরা চেক প্রজাতন্ত্রের আত্মবিশ্বাস আজ তুঙ্গে থাকবে। আর জিতলেই যখন শেষ ষোলো প্রায় নিশ্চিত, তুরস্ককে নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না পিওতর চেকের দল! রয়টার্স।
আজকের খেলা
জার্মানি-উত্তর আয়ারল্যান্ড
রাত ১০টা
ইউক্রেন-পোল্যান্ড
রাত ১০টা
ক্রোয়েশিয়া-স্পেন
রাত ১টা
চেক প্রজাতন্ত্র-তুরস্ক
রাত ১টা