মাঠ থেকে উঠে গেল ফরাশগঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন পাড়ার ফুটবল! রেফারির সিদ্ধান্ত পছন্দ হয়নি, তাহলে খেলারই দরকার নেই! কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে এমন কাণ্ডই করেছে পেশাদার লিগের দল ফরাশগঞ্জ। শেখ রাসেলের বিপক্ষে ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পরই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ফরাশগঞ্জ খেলতে অস্বীকৃতি জানানোয় আর খেলা হয়নি।
ম্যাচের তখন ১৩ মিনিট গড়িয়েছে। বক্সে ঢুকে যাওয়া শেখ রাসেল ফরোয়ার্ড মিঠুন চৌধুরীকে অবৈধভাবে ফেলে দেন ফরাশগঞ্জ ডিফেন্ডার ফরহাদ বাবু। রেফারি জসিমউদ্দিন পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জা ইকাঙ্গার শট গোলে ঢুকে গেলেও শট নেওয়ার সময় বক্সে মিঠুন ঢুকে যাওয়ায় গোলটি বাতিল করেন রেফারি। পরেরবার শট নেওয়ার সময় বক্সের বাইরে দাঁড়ানো রাসেলের নাইজেরিয়ান ফরোয়ার্ড কিংসে চিগোজির কনুইয়ের আঘাতে পড়ে যান ফরাশগঞ্জের ডিফেন্ডার মাহফুজ বাবু। রেফারি চিগোজিকে হলুদ কার্ড দেখালেও ফরাশগঞ্জের খেলোয়াড়েরা তাঁকে লাল কার্ড দেখানোর দাবি তোলেন। রেফারি সেই দাবিতে কর্ণপাত না করায় খেলা বন্ধ রেখে মাঠেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তাঁরা। এরপর ফরাশগঞ্জের ফুটবল কমিটির চেয়ারম্যান সেলিম খানের নির্দেশে মাঠ ছেড়ে বেরিয়ে আসেন সবাই। রেফারি বারবার অনুরোধ করেও ফরাশগঞ্জ দলকে মাঠে ফেরাতে পারেনি। প্রায় আধঘণ্টা পর মাঠ থেকে বেরিয়ে যান রেফারি। পরে তিনি বললেন, ‘নিয়ম অনুসারে ১৫ মিনিট অপেক্ষা করার কথা আমাদের। কিন্তু আমরা আধঘণ্টা অপেক্ষা করেও কোনো সাড়া পাইনি ওদের। তাই মাঠ ছেড়ে এসেছি।’
ম্যাচের ফলাফল অবশ্য কিছুই জানায়নি লিগ কমিটি। তবে ম্যাচ কমিশনার শেখ বদরুদ্দিন জানিয়েছেন, ‘আমরা যা দেখেছি, সেটাই রিপোর্টে উল্লেখ করে ডিসিপ্লিনারি কমিটির কাছে জমা দেব। লিগ কমিটি বাইলজ অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’
পেশাদার পর্যায়ে এসে কোনো ক্লাবের এমন আচরণ কিছুতেই মেনে নিতে পারছেন না শেখ রাসেল কোচ মারুফুল হক, ‘এটা পুরো অপেশাদার আচরণ। পাড়ার খেলায় এমনটা হতে পারে। এমন অপেশাদারি আচরণ থেকে সবাইকে বিরত রাখতে বাফুফেকেই কঠোর হতে হবে।’