মাঠ দাপিয়ে বেড়াতেন, এখন চলেন লাঠির ভরে

দেশের ফুটবলের অন্যতম সেরা তারকা, পরে স্বনামধন্য সংগঠক, বাফুফের সহসভাপতি বাদল রায় কিছু দিন আগে আক্রান্ত হয়েছিলেন ব্রেন স্ট্রোকে। কেমন আছেন তিনি?
বাফুফে ভবনে নিজের কক্ষের সাদা বোর্ডে ২০১৬ সালে তৃণমূল পর্যায় থেকে ফুটবলার বাছাই কর্মসূচির তথ্য। সেদিকে তাকিয়ে তিনি দীর্ঘশ্বাস ফেলেন, ‘৬৫ জন ছেলেকে বাছাই করে এনেছিলাম। কিন্তু এরপর তো ওদের ট্রেনিংই দিতে পারলাম না। কী করব, শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল!’
শরীর, শরীর আর শরীর। ‘শরীর কেমন আছে আপনার? শরীর কেমন আছে তোমার’—শরীরটাই এখন বাদল রায়কে তাড়িয়ে বেড়ায় বিরামহীন। মুখে মৃদু হাসি ফুটিয়ে তিনি উত্তর দেন, ‘এখন ভালো আছি।’ তবে তাঁকে দেখেই বোঝা যায় শরীর তাঁর ভালো নেই। শরীর নিয়ে কথা বলতেও তাঁর ভালো লাগে না।
শরীর নিয়ে আগে সেভাবে হয়তো ভাবেনইনি। সৌম্যদর্শন বাদল রায় ফুটবল ছাড়ার পর ভূমিকা বদলে কাজ করতে থাকেন সংগঠক হিসেবে । সুস্থ-সবল, নির্মেদ শরীর। অনেক সাবেক ফুটবল তারকার কাছেই যা ছিল ঈর্ষার ব্যাপার। সেই বাদল রায়ের ওপর আচম্বিতে হামলা করে ব্রেইন স্ট্রোক। তারিখ ৫ জুন, ২০১৭। ওই দিনই তাঁকে ভর্তি করা হয় নিউরো সায়েন্স ইনস্টিটিউটে। পরের দিন স্কয়ার হাসপাতালে। সংকটাপন্ন অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে পাঠানো হয় সিঙ্গাপুরের গ্লেনিগলস হাসপাতালে। লড়াই চলে জীবন ও মৃত্যুর। ৫০ দিন সিঙ্গাপুরে কাটিয়ে ‘দ্বিতীয় জীবন’ পেয়ে ফিরে আসেন ঢাকায়। তবে শরীরে ছাপ রেখে যায় স্ট্রোক। একদিন নারিন্দায় তাঁর বাসায় গিয়ে দেখা গেল বাঁ পাশটা অনেকটাই অসাড়। ক্রেস্ট স্টিক হাতে কোনোক্রমে হাঁটতে পারেন। দু-তিন পা হাঁটলেই পেয়ে বসে ক্লান্তি। মুখের কথাও কেমন জড়িয়ে যায়। তবে মনের দিক দিয়ে আগের মতোই শক্ত। ফুটবল আর ক্রীড়াঙ্গনের বাকি থাকা কাজগুলো করতে হবে। স্টিকে হাত রেখে স্বগতোক্তি করেন, ‘এই তো কদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। নেত্রী (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাকে বাঁচিয়ে এনেছেন। এখন কাজের সময়।’

কাজটা বাদল রায় ভালোই জানেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অনেক সংগঠক বা কর্মকর্তাদের চেয়ে একটু আলাদাভাবেই। ফুটবল ফেডারেশনে আছেন সেই ১৯৯৬ সাল থেকে। প্রথমে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। পরে হয়েছেন সহসভাপতি। বাফুফেতে কেটে গেল ২২ বছর। খেলার মাঠে যেমন ছিলেন, এখানেও তেমনই আছেন। বিতর্কহীন, নিবেদিতপ্রাণ, সবার ভালোবাসায় সিক্ত। অফিস সহকারী থেকে কর্মকর্তা, ফুটবল খেলোয়াড় থেকে প্রশিক্ষক, সংবাদকর্মী থেকে শুরু করে সাধারণ ফুটবলামোদী মানুষ—বাদল রায়কে পছন্দ করেন না এমন কাউকে খুঁজে পাওয়া দুষ্কর।
জাতীয় ক্রীড়া পরিষদের কোষাধ্যক্ষ হয়েছিলেন, সেখানেও শুধু পদ আঁকড়ে থাকার জন্য যাননি। চেষ্টা করেছেন নতুন কিছু করার। জাতীয় ক্রীড়া পরিষদ বিচ্ছিন্নভাবে তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাইয়ের কাজ করে। তিনি ভাবলেন এমন কিছু করবেন যাতে ক্রীড়াঙ্গনের মঙ্গল হয়। খেলোয়াড় উঠে আসার ধারাটিকে পুষ্ট করে তোলা যায়। সবার সঙ্গে বসে তিনি ৩১টি খেলায় প্রতিভা অন্বেষণের জন্য ১৫ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিলেন। এযাবৎকালে ক্রীড়াঙ্গনে এত বড় প্রতিভা অন্বেষণ কর্মসূচি আর হয়নি। ২০১৬ সালের ওই কর্মসূচির মাধ্যমে অনেক খেলোয়াড় উঠে এসেছে। তৃণমূল পর্যায় পর্যন্ত একটা ক্রীড়া জাগরণ তাতে তৈরি হয়েছে। কোনো কোনো ফেডারেশনের অসৎ কিছু কর্মকর্তা দু-পয়সা এদিক-সেদিক করেছেন। কিন্তু প্রকল্পটির মাহাত্ম্য তাতে ম্লান হয় না। এর সঙ্গে যাঁরা যুক্ত ছিলেন, তাঁরা বাদল রায়ের জন্য হা-হুতাশ করেন, ‘বাদলদার মতো একজনকে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে খুব দরকার। ওপরওয়ালা তাঁকে যেন সুস্থ করে তোলেন।’
শুধু প্রতিভা অন্বেষণ কর্মসূচির মাধ্যমে কিছু খেলোয়াড়কে তুলে আনাই তো নয়, ওরা যাতে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পায় সেই পরিকল্পনাও তিনি করেছেন। সেই পরিকল্পনার ফসলই প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বছর বয়সী খেলোয়াড়দের নিয়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) আয়োজনে ১৭ কোটি টাকা ব্যয়ে জাতীয় যুব গেমস। বিওএর পাঁচ সহসভাপতির একজন তিনি, তবে যুব গেমস যে তাঁরই মস্তিষ্কপ্রসূত, সেটি অস্বীকার করতে পারেননি গেমসের মূল সমন্বয়কারী আরেক সহসভাপতি শেখ বশির আহমেদ। কিন্তু ওই স্বীকারোক্তি পর্যন্তই। অসমর্থ শরীরের বাদল রায়কে যেন ভুলেই গেল যুব গেমস।

যুব গেমসের প্রাথমিক পর্ব আয়োজন নিয়ে প্রথম যে সংবাদ সম্মেলন হলো, বাদল রায় গিয়েছিলেন। মঞ্চ আলো করে বক্তব্য দিচ্ছিলেন বিওএর সহকর্মীরা। তিনি নিবিষ্ট মনে তা শুনে গেলেন দর্শক আসনে বসে। ক্রেস্ট স্টিকে হাত রাখা। পাশে একজন সাহায্যকারী। নিজেদের কৃতিত্ব জাহির করা বাঙালি চরিত্রের পরিচয় তিনি পেলেন। তবে মুখের কথায় চিরকালের বিনয়ী মানুষ, ‘যুব গেমস যে হচ্ছে, এটা দারুণ ব্যাপার। সবাই আন্তরিকভাবে কাজ করছেন। আমার শরীরটা ভালো থাকলে আমিও থাকতাম।’
এ দেশের ফুটবল অনেপনেয় কালিতে বাদল রায়ের পরিচয় লিখে দিয়েছে ‘মোহামেডানের বাদল’। মোহামেডানের কর্মকর্তা-তালিকায় এখনো তাঁর নাম আছে। কিন্তু মোহামেডানে আর যেতে ইচ্ছে করে না। কেন তাঁর প্রাণের মোহামেডান আর টানে না তাঁকে? আসলে টানে, ভেতর থেকে। ভেতরটা দেখা যায় না, সেখানে যে রক্তক্ষরণ হয়, ‘কী হবে মোহামেডানে গিয়ে? আমরা যে মোহামেডান চেয়েছিলাম সেই মোহামেডান কি আর আছে!’
যা চাননি বা চাইতে পারতেন না তেমন অনেক কিছুই বাদল রায় ঘটে যেতে দেখছেন। যেমন মোহামেডানের করুণ দশা। যেমন বাফুফের জীর্ণ খেলোয়াড় সরবরাহ লাইন, যে জন্য আন্তর্জাতিক ফুটবলে আজও কোমর সোজা করে দাঁড়াতে পারল না বাংলাদেশের ফুটবল (অবশ্যই ছেলেদের ফুটবল)। আর স্বপ্নেও ভাবতে পারেননি এত আকস্মিক ধেয়ে আসবে ব্রেইন স্ট্রোক। তবে নিজেকে ভাগ্যবানও ভাবেন জীবন ফিরে পেয়ে।। নিজের অন্তর থেকে বিশ্বাস করেন সবার ভালোবাসাতেই তিনি ফিরেছেন মৃত্যুর দুয়ার থেকে। সিঙ্গাপুর থেকে এসে তিনি শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জানিয়েছেন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে। শুভাকাঙ্ক্ষী তালিকাটা দেখে মনে হয়েছিল পারলে এ দেশের ১৬ কোটি মানুষেরই নাম লিখে দিতেন।
অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়ে, বাসায় স্ত্রী ও ছেলে সারাক্ষণ তাঁর জন্য প্রার্থনারত। আর তিনি শুভকামনা চাইছেন সবার যাতে দ্রুতই পুরো সুস্থ হয়ে ক্রীড়াঙ্গনে সক্রিয় হতে পারেন। আবার সিঙ্গাপুর ও ভারতে গিয়ে চিকিৎসককে দেখিয়ে এসেছেন। প্রতিদিন থেরাপি নিতে যাচ্ছেন মিরপুর সিআরপিতে (পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র)। সময়-সুযোগ পেলে বাফুফে কার্যালয়ে নিজের কক্ষে গিয়ে একটু সময় কাটিয়ে আসছেন। সেখানে বসলেই তাঁর চোখ যাচ্ছে দেয়ালের বোর্ডখানার দিকে। ফুটবল নিয়ে যা করতে চেয়েছিলেন, পারেননি! কত কাজ পড়ে আছে। মাঝখান থেকে শরীরটা সমস্যা করে বসল!