মাঠ নিয়ে একটু চিন্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমলাপুর স্টেডিয়ামে টার্ফ বসানোর কাজ চলছে। সেখানে খেলা বন্ধ। সবেধন নীলমণি বঙ্গবন্ধু স্টেডিয়ামের ওপর তাই চাপ বেড়েছে। কাল শেষ হওয়া সিনিয়র ডিভিশনসহ সম্প্রতি একটানা অনেক খেলাই হয়েছে এখানে। মাঠের বিভিন্ন জায়গায় ঘাস উঠে গেছে। অতিরিক্ত খেলার চাপে কিছু জায়গা এবড়োখেবড়ো।
এ অবস্থায় বাফুফের একটু চিন্তিত হওয়াই স্বাভাবিক। মাঠ হয়তো খেলার অনুপোযোগী নয়। কিন্তু জাপানের মতো দেশের যুবদলের ম্যাচ আয়োজনে মাঠ যতটা মসৃণ হওয়ার কথা, ততটা নেই। বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে ম্যাচটা হচ্ছে ১৮ ডিসেম্বর বিকেল পাঁচটায়। হাতে সময় তিন দিন। এত অল্প সময়ে কতটা কী করা যাবে তা নিয়ে সংশয় থাকছেই।
বাফুফের মাঠ কমিটির প্রধান ফজলুর রহমান বাবুল আগেই যেন আত্মসমর্পণ করে বসে আছেন। কাল বিকেলে তিনি বলছিলেন, এত অল্প সময়ে মাঠের শতভাগ পরিচর্যা সম্ভব নয়। ভালো মাঠে খেলা হওয়ার নিশ্চয়তা নেই বলে বেশ শোরগোল তুলে দিয়েছেন তিনি। তবে বাফুফে বলছে, যতটা সম্ভব মাঠ ঠিকঠাক করা হবে।
আসলে বাস্তবতা এটাই যে, বঙ্গবন্ধু স্টেডিয়ামে সারা বছরই একরকম ‘স্টিমরোলার’ চালানো হয়। আর সব নাহয় বাদ দেওয়া গেল, অনূর্ধ্ব-১২ শিশুদের খেলা, অনুশীলনও এখানে! মাঠেরও তো একটা সহ্যক্ষমতা আছে। টানা খেলার কারণে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের সেই সহ্যশক্তি শেষ হতে চলেছে। সব ভেবে জাতীয় দলের অনুশীলনও এখান থেকে সরিয়ে বুয়েট মাঠে নেওয়া হয়েছে কাল। বাকি তিন দিনও এই মাঠে কোনো খেলা বা অনুশীলন রাখা হয়নি।
ওদিকে জাপান যুবদল ঢাকায় পৌঁছাচ্ছে আগামীকাল। দলটি কাল ব্যাংককে থাইল্যান্ড অনূর্ধ্ব-২২ দলের সঙ্গে প্রীতি ম্যাচে ২-০ গোলে জিতেছে। সেখানে অবশ্য জাপানের এই দলটিকে বলা হয়েছে অনূর্ধ্ব-২২। যদিও এত দিন বাফুফে বলে আসছে এটি জাপানের অনূর্ধ্ব-২১ দল।
ম্যাচটা খেলতে আগ্রহী ছিলেন জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম। ভারতীয় সুপার লিগে তাঁর দল অ্যাটলেটিকো ডি কলকাতা গতকাল সেমিফাইনালে খেলেছে, তবে মামুনুলকে খেলানোর সম্ভাবনা ছিল খুবই কম। এই লিগের শুরু থেকেই তাঁকে কাল পর্যন্ত একটি ম্যাচেও খেলানো হয়নি। তাই বাফুফে ভেবেছিল, শ্রীলঙ্কার সঙ্গে দুটি প্রীতি ম্যাচের মতো জাপান ম্যাচেও পাওয়া যাবে। কিন্তু জানা গেছে, বাফুফের আবেদনে গতকাল পর্যন্ত সাড়া দেয়নি অ্যাটলেটিকো ডি কলকাতা।
তাই সেরা খেলোয়াড়কে ছাড়াই সম্ভবত ম্যাচটা খেলতে হচ্ছে বাংলাদেশকে। এই ম্যাচের টিকিটের মূল্য ধরা হয়েছে ৩০ ও ৬০ টাকা।