মাঠ নেই, কোর্ট নেই, তবু আছে অচেনা খেলা

এসব খেলা বোঝা তো দূরের কথা, বেশির ভাগ মানুষ নামও শোনেনি। তবু প্রতিবছর অচেনা খেলার নামে খুলছে নতুন নতুন ফেডারেশন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখে মনে হবে ফুটবল খেলছেন কেউ। আসলে খেলাটার নাম ফুটভলি। গতকাল পল্টন স্টেডিয়ামে, জাতীয় ফুটভলি টুর্নামেন্টে
ছবি: সংগৃহীত

ফুটবল ছেড়ে রেফারি হিসেবে ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিয়েছে তাহমিনা আক্তার। তবে ফুটবল ছাড়লেও নিয়মিত ডিউবল খেলে তাহমিনা। দেশে অপ্রচলিত এই খেলায় ভবিষ্যৎ নেই জেনেও কিশোরী তাহমিনা খেলাটি খেলে যাচ্ছে।

এক দশক ধরেই এ রকম অনেক অপ্রচলিত খেলা ঢুকে পড়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। ভবিষ্যৎ নেই জেনেও সেসব খেলায় নাম লেখাচ্ছেন তাহমিনার মতো অনেকে। পল্টন আউটার স্টেডিয়াম, হ্যান্ডবল স্টেডিয়াম ও শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে ঘুরেফিরে হচ্ছে টার্গেটবল, থ্রোবল, ডিউবল, চুকবল, রকবল, রিংবল, ফুটভলি ও পেসাপালো টুর্নামেন্ট। এসব খেলার নামও সাধারণ মানুষ ঠিকভাবে শোনেনি। এমনকি এসএ গেমস, এশিয়ান গেমস বা অলিম্পিক গেমসে এসব খেলা নেই। বিভিন্ন সময় বাংলাদেশে খেলাগুলো এনে বেশি লাভবান হচ্ছেন কর্মকর্তারাই।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদন পেলে ক্রীড়া ফেডারেশন বা অ্যাসোসিয়েশনগুলোর জন্য সরকারি অর্থ ও স্টেডিয়াম এলাকায় কক্ষ বরাদ্দ পাওয়া মোটামুটি নিশ্চিত। টুর্নামেন্ট উপলক্ষে বিদেশে যাওয়া যায়। আর এসব সুবিধা নিতে ঘুরেফিরে কিছু মানুষই কর্মকর্তা হয়ে আছেন অপ্রচলিত এসব খেলার ভুঁইফোড় ফেডারেশনগুলোয়। ডিউবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদ উজ্জামান যেমন থ্রোবল অ্যাসোসিয়েশনেরও যুগ্ম সম্পাদক। টার্গেটবলের সাধারণ সম্পাদক দীন ইসলাম আছেন রাগবি ফেডারেশনের সদস্য এবং ডিউবলের কোষাধ্যক্ষ পদেও। রকবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার ফুটভলি অ্যাসোসিয়েশনেরও সহসভাপতি। রিংবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ আছেন ফুটভলির কোষাধ্যক্ষ পদে।

বাংলাদেশে ডিউবলের শুরুর গল্পটা বেশ অদ্ভুত। হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে রাগারাগি করে ডিউবল অ্যাসোসিয়েশন গড়ার সিদ্ধান্ত নেন সাবেক হ্যান্ডবল খেলোয়াড় ও রেফারি শহীদ উজ্জামান। সেই ঘটনার কথা জানাতে গিয়ে শহীদ উজ্জামান সম্প্রতি বলছিলেন, ‘পুলিশের চাকরির পাশাপাশি আমি হ্যান্ডবল রেফারিও ছিলাম। একবার রেফারিং প্রশিক্ষণ কোর্স করতে হ্যান্ডবল ফেডারেশনে গেলে আমাকে কোর্স করতে দেওয়া হয়নি। অপমানিত হয়ে ফিরে আসি। রাগ করে‍ চার বছর ফেডারেশনে যাইনি। এরপর আমিও একটা ফেডারেশন গড়ার সিদ্ধান্ত নিই। ২০১৯ সালে প্রতিষ্ঠা করি ডিউবল অ্যাসোসিয়েশন।’ তিনি জানান, খেলার মাধ্যমে মানুষকে বিনোদন দিতেই তাঁর ডিউবল অ্যাসোসিয়েশন খোলা।

রিংবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ ছিলেন মহানগরী ফুটবল লিগ কমিটির সদস্য। বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় ক্রীড়াসামগ্রীর ব্যবসাও করতেন একসময়। কিন্তু মহানগরী ফুটবল লিগ কমিটির সদস্যপদ হারানোর পর থেকেই ক্রীড়াঙ্গনে ব্রাত্য হয়ে পড়েন শহীদুল্লাহ। সেই ক্ষোভ থেকেই সিদ্ধান্ত নেন রিংবল অ্যাসোসিয়েশন গড়ার, ‘ফুটবলের পেছনে অনেক টাকা খরচ করেছি। জীবনটাই শেষ করে দিয়েছি। তবু আমার কোনো মূল্যায়ন হলো না। শেষ পর্যন্ত এই (রিংবল) অ্যাসোসিয়েশন খোলার পরিকল্পনা করি। নিজেই একটা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হয়ে গেলাম। এখন রিংবলের সুবাদে সারা বিশ্বের অনেক সংগঠক আমাকে চেনেন।’ শহীদুল্লাহ জানান, তাঁকে নাকি বিশ্ব রিংবলের সহসভাপতি করারও প্রস্তাব দেওয়া হয়েছে।

দীন ইসলাম একসময় বিভিন্ন টুর্নামেন্টে ফেডারেশনগুলোর সাজসজ্জা ও খাবার সরবরাহ করতেন। ছিলেন হ্যান্ডবলের সাবেক রেফারিও। এখন তিনিও নাম লিখিয়েছেন ক্রীড়া সংগঠকের তালিকায়। হয়েছেন টার্গেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। অপ্রচলিত এসব খেলা নিয়েও আছে কর্মকর্তাদের দলাদলি, কারও কারও বিরুদ্ধে আছে দুর্নীতির অভিযোগও।

এনএসসির শর্ত মেনে প্রতিবছরই ঘটা করে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে এসব ফেডারেশন ও অ্যাসোসিয়েশন। কিন্তু সেগুলোর প্রতি ক্রীড়ানুরাগী মানুষেরও আগ্রহ থাকে না। টার্গেটবল খেলাটা হয় শুধু ভারত ও পাকিস্তানে। বাংলাদেশে এই খেলার ভবিষ্যৎ কী জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি টার্গেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীন ইসলাম, ‘এই খেলার ভবিষ্যৎ নিয়ে এখনো কিছু ভাবিনি। ২০১৮ সালে ভারতে গিয়ে টার্গেটবল দেখে এসে মনে হলো, এখানেও খেলাটা চালু করা যায়। মাত্র ৩০ মিটার জায়গা লাগে। স্কুলগুলোয় খেলাটা চালু করতে চাই।’

এনএসসি অনুমোদিত ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের সংখ্যা বর্তমানে ৫৪। কিন্তু বেশির ভাগের নেই নিজস্ব অনুশীলনের জায়গা। তারপরও প্রতিবছরই নতুন নতুন ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের অনুমতি দিচ্ছে এনএসসি। এনএসসির সচিব পরিমল সিংহও বলেন, ‘বেশি বেশি ফেডারেশনের অনুমোদন দেওয়াটা অবশ্যই ভেবে দেখার মতো বিষয়। অ্যাসোসিয়েশন গঠন করার আগে আমরা কিছু শর্ত দিই। সেই শর্ত মেনেই তারা আবেদন করে এবং সেটার ভিত্তিতেই আমরা অনুমোদন দিই। ফেডারেশন বা অ্যাসোসিয়েশনগুলো যেন শুধু প্রতিষ্ঠান গড়ার জন্য আবেদন না করে, ওরা যেন কাজ করে, সেটিও তদারক করবে আমরা।’