মাঠে খেলেছে দল, ডাগআউটে নেই কোচ

গোলের পর আরামবাগের স্ট্রাইকার চিজোবা ক্রিস্টোফারছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু নেই, নেই আর নেই!

দলের প্রস্তুতি নেই। ডাগআউটে কোচ নেই। একটা দলের মৌলিক বিষয়গুলো না থাকলে ফলাফলও অনুমেয়। আরামবাগ ক্রীড়া সংঘের কাছে ২-০ গোলের হারে ব্রাদার্স ইউনিয়নের ফেডারেশন কাপ শুরু করাটা তাই অপ্রত্যাশিত কিছু নয়। আরামবাগের হয়ে একটি করে গোল নাইজেরিয়ান স্ট্রাইকার চিজোবা ক্রিস্টোফার ও মুরাদ হোসেনের।

নির্দিষ্ট সময়ে মধ্যে খেলোয়াড়দের নাম জমা না দেওয়ায় ব্রাদার্সের ফেডারেশন কাপে অংশগ্রহণ করাই অনিশ্চয়তার মধ্য পড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত খেলার সুযোগ পেলেও মাত্র তিন দিনের প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে দলটি।

খেলোয়াড় তালিকায় প্রধান কোচের জায়গায় লেখা মহিদুর রহমানের নাম। কিন্তু বাফুফের নির্বাহী কমিটির সদস্য হওয়ায় ডাগআউটে দাঁড়াতে পারেননি তিনি।

সহকারী কোচ হিসেবে আজই দলের সঙ্গে যোগ দিয়েছেন মিজানুর রহমান। কিন্তু তাঁর কোভিড-১৯ পরীক্ষায় ফলাফল না আসায় ডাগআউটে দেখা যায়নি।

ডাগআউটে কোচ না থাকা প্রসঙ্গে ব্রাদার্সের ম্যানেজার আমের বলেন, ‘আপাতত আমাদের কোচ মিরাজ (মহিদুর রহমান)। কিন্তু বাফুফে নির্বাহী কমিটির সদস্য হওয়ায় তিনি ডাগআউটে দাঁড়াননি। সহকারী কোচ হিসেবে নেওয়া হয়েছে মিজানকে। ওর কোভিড টেস্টের ফলাফল এখনো পাওয়া যায়নি। আমরা সবকিছু দেরিতে শুরু করায় এই সমস্যা হয়েছে।’

ব্রাদার্সের রক্ষণভাগে অ্যাকশনে চিজোবা
ছবি: প্রথম আলো

নির্বাহী কমিটির সদস্য হওয়ায় আজ ডাগআউটে ছিলেন না আমের নিজেও। আগামীকাল নির্বাহী কমিটির সিদ্ধান্তের ওপর নির্ভর করছে মহিদুর ও আমেরের ডাগআউটে দাঁড়ানোর বিষয়টি।

আর তাই ডাগআউটে অভিভাবক ছাড়াই মাঠে নামতে হয়েছে সিও জুনাপিও, ফয়সাল মাহমুদদের। প্রথম ম্যাচে হারলেও তাদের পারফরম্যান্স একেবারে উড়িয়ে দেওয়া যায় না।

৪৪ মিনিটে প্রথম গোল হজমের আগপর্যন্তও আরামবাগের বিপক্ষে সমান তালে লড়েছে গোপীবাগের দল ব্রাদার্স। কিন্তু স্বল্প প্রস্তুতিতে কুলিয়ে উঠতে পারেনি প্রায় দুই মাসের প্রস্তুতি নিয়ে মাঠে নামা আরামবাগের তরুণদের সঙ্গে। স্থানীয়দের সঙ্গে প্রথম ম্যাচে আলো ছড়িয়েছেন ২৯ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিস্টোফার চিজোবা।

জয়ের পর আরামবাগের খেলোয়াড়েরা
ছবি: প্রথম আলো

৪৪ মিনিটে গোলের খাতা খুলেছেন নাইজেরিয়ান চিজোবাই। মাঝমাঠ থেকে আসা থ্রু বল বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথার প্লেসিংয়ে গোল করেন তিনি। ফিটনেসে এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে প্রায় একচেটিয়া দাপট দেখায় আরামবাগ।

নিহাত জামানের শট পোস্টে লেগে ফিরে না এলে ৬৯ মিনিটে ব্যবধানটা দ্বিগুণ হতে পারত। ম্যাচটি ১-০ গোলেই শেষের দিকে এগিয়ে যাচ্ছিল। ৯০ মিনিটে ২-০ করেছেন মুরাদ।

প্রথম দিনে আশা দেখিয়েছেন আরামবাগের তরুণেরা। তবে যাঁকে নিয়ে কৌতূহল ছিল, সেই ঘানা জাতীয় দলে খেলা সাদিক এডামস প্রত্যাশার ছিটেফোঁটাও মেটাতে পারেননি। শরীরী ভাষায় মনে হয়েছে এখনো পুরোপুরি ফিট নন তিনি।

আরামবাগ দলের অধিকাংশ খেলোয়াড়ই তরুণ। বিদেশিদের সঙ্গে তাঁদের সমন্বয় ঘটিয়ে ভালো একটি দল তৈরি করতে চান ভারতীয় কোচ সুব্রত ভট্টাচার্য, ‘আমার দলে একঝাঁক তরুণ খেলোয়াড় আছে। ওদের সঙ্গে বিদেশি খেলোয়াড়ের সমন্বয় ঘটাতে চাই। বাংলাদেশে একটি দৃষ্টান্ত রাখতে চাই যে তরুণদের নিয়েও প্রিমিয়ার লিগে খেলা যায়। তরুণ খেলোয়াড় বিধায় আমার ব্রাদার্সের চেয়ে ফিটনেসে অনেক এগিয়ে ছিলাম। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট।’

অন্যদিকে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে ফিটনেস ও প্রস্তুতিতে পিছিয়ে থাকাকেই হারের কারণ হিসেবে উল্লেখ করেছেন ব্রাদার্সের সহকারী কোচ মিজানুর।