মাঠে চূর্ণ সিটি ক্ষতিগ্রস্ত মাঠের বাইরেও!

>
- লিভারপুলের মাঠে ঢোকার পথে স্বাগতিক সমর্থকদের রোষানলের শিকার সিটির টিম বাস।
- বাসটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ম্যাচ শেষে আরেকটি বাসে করে ফিরতে হয় সিটি খেলোয়াড়দের।
- ঘটনাটা স্বাভাবিকভাবে নিতে পারেননি সিটি কোচ গার্দিওলা।
- লিভারপুল এ ঘটনায় ক্ষমা চেয়েছে সিটির কাছে।
চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের ম্যাচ উপলক্ষে সমর্থকদের প্রতি লিভারপুলের আহ্বান ছিল ‘দলের প্রতি আবেগ ও সমর্থন প্রকাশে ঐক্যবদ্ধ হন...বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল আচরণ নিয়ে।’ ক্লাবের এই উদাত্ত আহ্বানকে কাঁচকলা দেখিয়ে অলরেড–সমর্থকেরা ম্যানচেস্টার সিটির সঙ্গে এমন আচরণ করেছে যে দলটির কাছে লিভারপুলকে ক্ষমা চাইতে হয়েছে!
অ্যানফিল্ডে প্রতিপক্ষ দলের টিম বাস সাধারণ যে পথ দিয়ে আসে, নির্মাণকাজের জন্য সিটির বাস সে পথ দিয়ে আসতে পারেনি। তবে পেপ গার্দিওলার দল অন্য পথ দিয়ে এসেও অলরেড–সমর্থকদের হাত থেকে নিস্তার পায়নি। আর দশটা ‘ম্যাচ ডে’-র মতোই সড়কের দুই পাশে ভিড় জমিয়েছিলেন অলরেড–সমর্থকেরা। সিটি খেলোয়াড়দের বরণ করে নেওয়া হবে। কিন্তু ‘বরণ’ করে নেওয়ার এমন ধরন! কালো চকচকে বাসটা রাস্তা দিয়ে ঢুকতেই যেন শত্রুসেনাদের অ্যামবুশের সম্মুখীন হলো!
রাস্তার দুই পাশ থেকে বৃষ্টির মতো পানি কিংবা বিয়ারের বোতল, অগ্নিশিখা ছাড়াও নানা রকম ভারী বস্তু ছুড়ে মেরেছেন লিভারপুলের সমর্থকেরা। তাতে সিটির বাসের এমনই বেহাল দশা হয় যে ম্যাচ শেষে একই বাসে ফিরতে পারেননি গার্দিওলার শিষ্যরা। খেলোয়াড়দের মার্সিসাইড থেকে ফিরিয়ে আনতে আরেকটি বাস পাঠাতে হয় সিটিকে।
বাসের কাচ ভেঙেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সামনের উইন্ডশিল্ড। আহত হয়েছেন দুজন পুলিশ কর্মকর্তা। তবে খেলোয়াড়দের কিছু হয়নি। অক্ষত ও সুস্থ থেকেই মাঠে নেমেছেন ডেভিড সিলভা-গ্যাব্রিয়েল জেসুসরা।

সিটি কোচ গার্দিওলা অবশ্য লিভারপুল সমর্থকদের এমন আচরণকে মোটেও ভালো চোখে দেখছেন না, ‘লিভারপুল এবং তাঁদের সমর্থকদের কাছ থেকে এটা আশা করিনি। এক বছর আগে ডর্টমুন্ডে এমন কিছুই ঘটেছিল (টিমবাসে বোমা)। আমরা এখানে ফুটবল খেলতে এসেছি কিন্তু এ ধরনের পরিস্থিতি বুঝতে পারছি না। বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আশা করিনি যে লিভারপুলের মতো একটা সম্মানজনক ক্লাব এসব করতে পারে। তবে এটা লিভারপুল নয়, এটা লোকজন—হয়তো একজন, দুজন কিংবা তিনজন।’
লিভারপুলের তরফ থেকে অবশ্য তাৎক্ষণিকভাবে এক বিবৃতিতে ক্ষমা চাওয়ার পাশাপাশি দোষী ব্যক্তিদের চিহ্নিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে অলরেড–সমর্থকেরা কিন্তু ম্যাচটা দেখে ফুরফুরে মেজাজেই বাড়ি ফিরবেন। অ্যানফিল্ডের বাইরে কিংবা ভেতরে সিটি যে স্রেফ চূর্ণ হয়েছে! তা নয় তো কী? মাঠে নামার আগেই গেল বাস, আর মাঠে নামার পর ৩-০ গোলের হার!
