মাঠে ট্রেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঝমাঠ থেকে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছেন স্ট্রাইকার। প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানাচ্ছেন দুর্দান্ত ড্রিবলে। সময় যেন থমকে দাঁড়িয়েছে স্টেডিয়ামে। চোখেমুখে গোলের বল্গাহীন প্রতীক্ষা নিয়ে আসন থেকে উঠে দাঁড়িয়েছে গ্যালারিভর্তি দর্শক। গোলরক্ষককে ফাঁকি দিয়ে যেই না বলটি ঠেলে দেবেন গোলমুখ লক্ষ্য করে, অমনি কোত্থেকে কু ঝিকঝিক বাঁশি বাজিয়ে এসে পড়ল বেরসিক ট্রেন। ধোঁয়া-বাঁশির শব্দে খেলোয়াড় ও দর্শকদের জেরবার করে আয়েশি ভঙ্গিতে হেলেদুলে চলে গেল মাঠ ও গ্যালারির মাঝের রেলপথ দিয়ে। ভাবছেন গালগপ্পো? ফুটবল স্টেডিয়ামের ভেতর দিয়ে আবার ট্রেন যায় নাকি! বিস্ময়কর হলেও সত্যি, স্লোভাকিয়ার অপেশাদার ফুটবল ক্লাব টিজে টাটরান সিয়ের্নি বালগের হোম ভেন্যুর মাঠ ও গ্যালারির মাঝ দিয়ে চলে গেছে রেলপথ। খেলার মাঝখানেই সেখান দিয়ে হুটহাট চলে যায় ট্রেন। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত ক্লাবটির খেলোয়াড় ও সমর্থকদের নিঃসন্দেহে অনেক ধৈর্য। গোলডটকম।