মাঠে ঢুকে খেলোয়াড়ের জামা খুলে দর্শকের চম্পট!

দোকান থেকে কেনা নয়; প্রিয় খেলোয়াড়ের পরনের জার্সিটাই পেতে সবাই মুখিয়ে থাকে। সৌভাগ্যবান অনেকের কপালে সেই জার্সি জোটেও। তবে এর জন্য অপেক্ষা করতে হয় ম্যাচ শেষ হওয়া পর্যন্ত। অনেক সময় মেসি-রোনালদোরা দর্শকদের আকুতিতে সাড়া দিয়ে মাঠ ছেড়ে বেরোনোর সময় ছুড়ে মারেন জার্সি। তবে এই ‘ভদ্রলোকে’র বোধ হয় অতক্ষণ অপেক্ষা করার মেজাজ ছিল না। তিনি খেলা চলার সময়ই দৌড় দিয়ে মাঠে ঢুকে পড়েন। এরপর এক খেলোয়াড়ের গা থেকে জার্সি খুলে নিয়ে চম্পট দেন।
এমন ঘটনা ঘটেছে আর্জেন্টিনার নিচু সারির ফুটবল লিগে। অবশ্য এটিকে দর্শকের ভালোবাসা হিসেবে দেখা হচ্ছে না। বরং বলা হচ্ছে, এক হুলিগানের দ্বারা অপদস্থের শিকার হয়েছেন এলিয়াস ডি বিয়াসি নামের ওই ফুটবলারটি। আর্জেন্টিনার চতুর্থ বিভাগের দল দেপোর্তিভো ইতালিয়ানের এই মিডফিল্ডার বলেছেন, ‘প্রথমে ভেবেছিলাম ওকে ধাক্কা মেরে ফেলে দেব। কিন্তু দেখলাম এর আশপাশে আরও দুই-তিনজন আছে।’
ওই ঘটনার সময় মাঠে বেশ কজন হুলিগান ঢুকে পড়ে। এভাবে ম্যাচ চলার সময় খেলোয়াড়ের গা থেকে জামা খুলে নেওয়ার ঘটনা হররোজ ঘটে না বলেই বিষয়টি বেশ সাড়া ফেলে দিয়েছে। এই ঘটনায় সবাই হতভম্ব হয়ে পড়ায় বেশ কয়েক মিনিট খেলা বন্ধই থাকে। পরে বিয়াসিকে আরেকটি জার্সি এনে দেওয়ার পর শুরু হয় খেলা।
আর্জেন্টাইন দৈনিক ক্লারিন ঘটনার একটি ভিডিও অনলাইনে প্রকাশ করেছে। ভাগ্য ভালো শুধু ওপরের জামার দিকেই সেই দর্শকের নজর ছিল। শর্টসটাও টান মেরে নিয়ে গেলে কী যে হতো! সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড।