মাঠে দেখা মিলল অচেনা মেসির

কাল টিভিতে চোখ রাখলে একটু হয়তো চমকেই গেছেন। বার্সেলোনার মাঠের ডান প্রান্তটা ঠিক চেনা চেহারায় ধরা দিল না। এতগুলো বছরে কখনোই বার্সার ডান উইংয়ে ও রকম সাদা মাথার কাউকে দৌড়োতে দেখা যায়নি। টিভিতে ওপর থেকে যতবার ক্যামেরা ধরা হয়েছে, একটু বেখাপ্পা তো লাগছিলই। ডান প্রান্তটাকে আরও অচেনা করে দিল একটু নিচের ২২ নম্বর জার্সিটা। যেখানে অনেক দিনের পরিচিত মুখটাকেও দেখা যায়নি।
বার্সেলোনা অবশ্য নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে চেনা চেহারাতেই হাজির হলো। কাল ডাবলিনে সেল্টিককে হারিয়ে দিল ৩-১ গোলে। ধূসর সোনালি চুলের লিওনেল মেসি গোলদাতার তালিকায় নাম লেখাতে পারেননি। এমনকি প্রথম থেকে খেলা লুইস সুয়ারেজও নন। আরদা তুরান, মুনির এল হাদ্দাদির সঙ্গে অ্যাফ অ্যামব্রোসের আত্মঘাতী গোল—প্রথমার্ধেই বার্সা ম্যাচের ভাগ্য লিখে ফেলেছিল। ২৯ মিনিটে গ্রিফিথসের গোলে সেল্টিক ১-১ করে ফেলার পর কিছুটা আশা যদি পেয়েও থাকে ৩১ ও ৪১ মিনিটে আরও দুই গোল হজম করে বুঝে গেছে, বার্সার দ্বিতীয় সারির দলের সঙ্গে পাল্লা দেওয়াও তাদের কম্ম নয়।
দ্বিতীয় সারির দল হলেও কিন্তু মেসি-সুয়ারেজ প্রথম থেকেই খেলেছেন। বিশেষ করে মেসির ওপরে চোখ ছিল সবার। কোপা আমেরিকায় ব্যর্থ হওয়ার পর মেসি নিজেকে নতুন করে আবিষ্কার করার জন্যই হয়তো একেবারে মাথার চুলের রংটাই পাল্টে ফেললেন। সেই চুল নিয়েই খেলতে নামলেন কাল। চিলির কাছে হেরে যাওয়া সেই আলোচিত ফাইনালের পর প্রথম। কিন্তু শুধু চুলের কারণে নয়; মেসির খেলাতেও তাঁকে বড় অচেনা লেগেছে। যদিও এটা কেবলই প্রাক-মৌসুমের প্রীতি ম্যাচই ছিল। গুরুতর কিছু নয়। কিন্তু মেসির পায়ের জাদু দেখার জন্যই তো ভক্তদের এত ব্যাকুল প্রতীক্ষা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসিসহ বার্সার ১০ জনকে মাঠ থেকে তুলে নিলেন এনরিকে। ওদিকে ব্রেন্ডন রজার্স আরও এক কাঠি এগিয়ে। তিনি মাঠে নামিয়ে দিলেন পুরো নতুন ১১ জন। সব মিলিয়ে কাল ৪৩ জন্য মাঠে নেমেছে বার্সা-সেল্টিক ম্যাচে!