মাঠে নিজেদের প্রমাণের পালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স নৈরাশ্যজনক। সাফ ও বঙ্গবন্ধু গোল্ড কাপে জাতীয় দলের ভরাডুবি হৃদয় ভেঙে দেওয়ার মতোই। বঙ্গবন্ধু গোল্ড কাপে অনূর্ধ্ব-২৩ দলও ভালো করতে পারেনি। এসএ গেমসে রঙিন কিছু করার স্বপ্ন দেখতেও তাই ভয় সবার।
কিন্তু এসএ গেমসে আজ ফুটবল দল রওনা হচ্ছে কিন্তু একটি সুখানুভূতি নিয়েই। সর্বশেষ দক্ষিণ এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন বাংলাদেশই। ছয় বছর আগের সেই টুর্নামেন্টে ৫ ম্যাচে ১৩ গোল করে অপরাজিত শিরোপা জয়ের গৌরব বাংলাদেশ দলের সঙ্গী। ১৯৮৪ সালে শুরু এই গেমসে দুটি সোনা, চারটি রুপা আর একটি ব্রোঞ্জ জয় এই অঞ্চলের ফুটবলে বাংলাদেশের সামর্থ্যেরই প্রকাশ।
সেই ধারা কতটা বহন করতে পারবে বর্তমান দলটি, প্রশ্ন সেটাই। দু-একজন বাদে বাকি খেলোয়াড়দের আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা। খেলার মধ্যেই থাকা এই খেলোয়াড়েরা কমবেশি পরিণতও। তিন সিনিয়র কোটায় রেজাউল করিম ও নাবিব নেওয়াজ জীবনের সঙ্গে জামাল ভূঁইয়াকে দলের বাড়তি শক্তি মনে করেন কোচ-অধিনায়ক। যদিও জামাল দলের সঙ্গে অনুশীলন করেননি, ছুটি কাটিয়ে গতকাল ঢাকা ফিরে আজই উঠবেন গুয়াহাটির বিমানে।
অধিনায়ক রেজাউল করিম দল হিসেবে নিজেদেরই এগিয়ে রাখছেন এসএ গেমসে। বাফুফে ভবনে কাল সংবাদ সম্মেলনে তাঁর কথা শুনে অনেকে অবশ্য একটু নড়েচড়েই বসলেন, ‘আমি মনে করি, আমাদের দলটাই এএস গেমসের সেরা দল।’ কিন্তু বাংলাদেশের ফুটবলের সাম্প্রতিক মাঠের ছবিটা সে কথা বলে না। অনেকে তো বলেন, মাঠের চেয়ে মুখেই যেন বেশি ‘খেলছে’ বাংলাদেশ! রেজাউলের কাছে এই বিষয়টিও অজানা থাকার কথা নয়। নইলে কেন বলবেন, ‘মুখে বললে হবে না। আমাদের মাঠে প্রমাণ করতে হবে।’
৯ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভুটানকে হারাতে পারলে সেমিফাইনাল মোটামুটি নিশ্চিত। ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ও শেষ গ্রুপ প্রতিপক্ষ নেপাল অবশ্য কঠিন চ্যালেঞ্জ। তা হোক, গ্রুপের গেরোতে আটকে যাওয়া ভয় অন্তত কম।
কোচ গঞ্জালো মোরেনোর শরীরী ভাষায় ভয়-টয় নয়, তাঁর মুখে একটা শব্দই বরং বেশি, ‘পসিবল’। অর্থাৎ চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। প্রথম ম্যাচটা নিয়ে বেশি ভাবলেও চোখ রাখছেন শিরোপায়, ‘আমরা নিজেদের খেলাটা খেলতে পারলে চ্যাম্পিয়ন হব আশা করি।’ এমনভাবে বললেন যেন ভারত, নেপাল, মালদ্বীপ বড় বাধা নয়, ‘সব দলকে আমি দেখিনি। তবে অন্যদের চেয়ে আমরা এগিয়ে আছি বলব।’
মাঠে সেটির ছাপ রাখতে পারার প্রয়াসে শৃঙ্খলার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে বললেন ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। সম্প্রতি জাতীয় দলে শৃঙ্খলা ছিল না বলে কালই প্রতিবেদন দিয়েছে তদন্ত কমিটি। শৃঙ্খলার দিকটিতে গুরুত্ব দিয়ে জাতীয় দল কমিটির সভাপতি ও বাফুফের সহসভাপতি কাজী নাবিল আহমেদ জানালেন, ‘সম্প্রতি আমাদের ফল আশানুরূপ হয়নি এটা ঠিক, তবে এসএ গেমসে টিম ম্যানেজমেন্টকে চ্যাম্পিয়ন হয়ে আসার বার্তাই দেওয়া হয়েছে।’
বিওএর পক্ষ থেকে সংবাদ সম্মেলনে উপস্থিত বাফুফের সহসভাপতি বাদল রায়ের বিশ্বাস, ‘আমাদের ছেলেরা সম্প্রতি যা খেলেছে সেটা ওদের খেলা নয়। আরও ভালো খেলার সামর্থ্য ওদের আছে। সেটাই আমরা দেখতে চাইব গেমসে।’
রেজাউলদের সোনা ধরে রাখার মিশনে এটাই আসল কথা।