মাঠে পিস্তল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা দৃশ্য কল্পনা করুন, ফুটবল মাঠে উত্তপ্ত বাক্যবিনিময় হচ্ছে, দুম করে একজন পিস্তল বের করলেন! খেলোয়াড় বা কোনো কর্মকর্তা হলেও নাহয় কথা ছিল। কিন্তু তাই বলে রেফারি এই কাজ করবেন! অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে ব্রাজিলের একটা অপেশাদার লিগের ম্যাচে। ব্রুমাদিনহোর সঙ্গে ম্যাচ হচ্ছিল আমান্তেস দা বোলার। একটা সিদ্ধান্তের প্রতিবাদে রেফারিকে ঘিরে প্রতিবাদ জানাতে থাকেন দা বোলার খেলোয়াড়েরা। পরে তাঁদের কর্মকর্তারাও এসে চড়াও হন রেফারির ওপর। এসব ক্ষেত্রে সাধারণত যেটা হয়, রেফারিই রণে ভঙ্গ দেন। কিন্তু এই ম্যাচের রেফারি গ্যাব্রিয়েল মুরতা অন্য ধাতে গড়া। পকেট থেকে একটা পিস্তল বের করে হুমকি দিয়ে বসলেন! কিন্তু রেফারির পকেটে পিস্তল এল কোত্থেকে? মুরতা আদতে পুলিশ, রেফারিংটা খণ্ডকালীন কাজ। তবে যে কারণেই এটা করুন, বোধ হয় বাঁচতে পারছেন না। আজীবন নিষিদ্ধও হতে পারেন। টেলিগ্রাফ।