লিঁওর ওপর আবার প্রতিপক্ষ সমর্থকদের হামলা

মারামারি, খেলা পণ্ড-বাংলাদেশের ফুটবলে এক সময় এটা খুব দেখা যেত। বিশেষ করে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল আবাহনী আর মোহামেডান মুখোমুখি হলে স্টেডিয়াম পাড়া হয়ে উঠত অন্যরকম। শুধু স্টেডিয়াম অঞ্চলই কেন, পুরো বাংলাদেশই যেন বলতে গেলে দুই ভাগে ভাগ হয়ে যেত। কখনো কখনো গ্যালারিতে সমর্থকদের মধ্যে বেঁধে যেত মারামারি। কখনো আবার মাঠে বেঁধে যেত খেলোয়াড়দের মধ্যে। কিন্তু ফ্রান্সের দুই ক্লাব অলিম্পিক লিঁও আর বাস্তিয়ার মধ্যে তো সেই দ্বৈরথ নেই। তবু গতকাল দুই দলের ম্যাচকে ঘিরে ঘটল তেমনই এক ঘটনা।
ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মুখোমুখি হয়েছিল লিঁও আর বাস্তিয়া। মাঠের লড়াইয়ে নামার আগেই অবশ্য শুরু হয়ে যায় ঝামেলা। লিঁওর খেলোয়াড়েরা গা গরম করে নিচ্ছিলেন মাঠের এক প্রান্তে। আচমকাই মাঠে নেমে আসে বাস্তিয়ার কিছু সমর্থক। চড়াও হয় লিঁওর খেলোয়াড়দের ওপর। নিরাপত্তারক্ষীদের সহায়তায় কোনোমতে মাঠ ছাড়েন তারা। মাঠ ছাড়ার সময় বাস্তিয়ার এক স্বেচ্ছাসেবকও লিঁওর এক খেলোয়াড়কে লাথি মারেন। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সেই ভিডিও ছড়িয়েও পড়ে।

সবকিছু শান্ত হয়ে এলে নির্ধারিত সময়ের ৫৫ মিনিট পর শুরু হয় খেলা। তবে মাঠে কয়েকবারই উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিরতির সময় আবার হামলা করে বাস্তিয়ার সমর্থকেরা। অবস্থা খুব একটা সুবিধার নয় দেখে বিরতির পর আর মাঠে আসতে চাননি লিঁওর খেলোয়াড়েরা। পরিস্থিতি এমনই ভয়ংকর রূপ নিয়েছিল যে লিঁও কোচ ব্রুনো জেনেসিও ক্লাব সভাপতির কাছে দাবি জানিয়েছেন, ‘খেলা থামাও, আমাদের খেলা থামাতেই হবে; ওরা খেলোয়াড়দের মারছে। আমরা যুদ্ধ করতে আসিনি!’ পরে করসিকান শহরের নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ম্যাচটি পণ্ড ঘোষণা করেন রেফারি।
তবে ম্যাচ পণ্ড হওয়াটাও মেনে নিতে পারেনি বাস্তিয়ার সমর্থকেরা। লিঁওর খেলোয়াড়েরা ফেরার সময়েও বাসে হামলার পরিকল্পনা ছিল তাদের। দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছেড়ে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফরাসি লিগ ওয়ানের কর্তৃপক্ষ এক বিবৃতিতে পুরো ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। বিষয়টির জন্য দুঃখ জানায় বাস্তিয়া কর্তৃপক্ষও। তবে মাঠে ঝামেলা সৃষ্টিতে বাস্তিয়া আগে থেকেই বিখ্যাত। এ মৌসুমের শুরুতেই মারিও বালোতেল্লির সঙ্গে বর্ণবাদী আচরণ করে পয়েন্ট খুঁইয়েছে তারা, স্টেডিয়ামের কিছু অংশ তিন ম্যাচ বন্ধ রাখা হয়েছিল।

মাত্র তিন দিন আগেই প্রায় এমন এক ঘটনায় জড়িয়েছিল লিঁওর নাম। বৃহস্পতিবার নিজেদের মাঠে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বেসিকতাস সমর্থকদের আতশবাজির হাত থেকে বাঁচতে মাঠে নেমে গিয়েছিল লিঁও সমর্থকেরা। সেদিনও ম্যাচ শুরু হতে ৪৫ মিনিট দেরি হয়েছিল।
৩২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা লিঁওর খেলোয়াড়দের ওপর সবার নিচে থাকা বাস্তিয়া সমর্থকদের এমন হামলা অবাক করেছে অনেককেই। সূত্র: মেইল অনলাইন।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=jgE1BUI9YDY