মাঠেই তহুরাদের ঈদ-আনন্দ

মায়ের হাতে সেমাই খাওয়া হলো না। কৈশোরের দুরন্তপনায় নতুন জামায় নিজেকে সাজিয়ে বাড়ির এদিক-ওদিক ঘোরাঘুরিও নয়। তবু ওরা হাসিমুখেই ঈদ করছে ঢাকায়, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে।
চাইলে অবশ্য ছুটি পেতেই পারত। ঢাকায় এএফসি অনূর্ধ্ব-১৬ বাছাইপর্বের খেলা শুরু হতে আরও ৫০ দিন বাকি। কিন্তু আগামী ২৭ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর বাছাইপর্বের খেলা সামনে রেখে এতটুকু সময় নষ্ট করতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। তাই গোটা দেশের উৎসবের মধ্যেও শুধু আজকের ঈদের দিনটি ছুটি রেখে বাফুফের টার্ফে নিবিড় অনুশীলন চালিয়ে যাচ্ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল।
এই প্রতিযোগিতায় বাংলাদেশের গ্রুপ সঙ্গী চীনা তাইপে, সিঙ্গাপুর, ইরান, আরব আমিরাত ও কিরগিজস্তান। এখান থেকে গ্রুপসেরা দলটি উঠবে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে। আগামী বছর অনুষ্ঠেয় এই চূড়ান্তপর্বে ওঠা বাংলাদেশের মেয়েদের জন্য কঠিনই। যদিও তারা এখন অনেক ভালো ফুটবল খেলছে। কিছুদিন আগেই তাজিকিস্তান থেকে এএফসি অনূর্ধ্ব-১৪ বিভাগে আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে এসেছে। কিন্তু অনূর্ধ্ব-১৬ বিভাগে গ্রুপ সেরা হতে গেলে হারানো চাই চীনা তাইপে, ইরানের মতো দলকে। তাই মেয়েরা কেউই ঈদে ছুটির জন্য বায়না ধরেনি কোচ বা অন্য কারও কাছে।
সবার মাথাতেই খেলা আর খেলা। গতবার ঢাকায় এই টুর্নামেন্টেরই বাছাইয়ে ইরানের বিপক্ষে এগিয়ে গিয়েও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। হেরেছিল ২-১ গোলে। ভারতের সঙ্গেও একই ফল। অবশ্য ভারত ম্যাচে বাংলাদেশের বিপক্ষে বিতর্কিত পেনাল্টি দিয়েছিলেন অস্ট্রেলিয়ার রেফারি। তবে সেবার জর্ডানকে ১-০ ও আমিরাতকে ৬-০ গোলে উড়িয়ে স্বাগতিক বাংলাদেশ তৃতীয় হতে পেরেছিল। ইরান চ্যাম্পিয়ন হয়ে উঠেছিল চূড়ান্ত পর্বে। এবারও গ্রুপ সেরা হওয়ার বড় দাবিদার ইরান। তবু গতবারের চেয়ে আরও ভালো ফল আশা করছেন বাংলাদেশ কাচ গোলাম রাব্বানী ছোটন। তাঁকে আস্থা জোগাচ্ছে মেয়েদের একাগ্রতা, ভালো কিছু করার চেষ্টা।
গতবারও এই মেয়েরা ঢাকায় বাফুফে ভবনে ঈদ করেছিল। ঈদের পরপরই খেলা হওয়ায় ছুটি দেওয়া হয়নি। কিন্তু এবার হাতে সময় থাকার পরও ছুটি না দেওয়ার কারণ হিসেবে কোচ গোলাম রব্বানী বলছিলেন, ‘ছুটি দিলে বাড়ি যাবে ওরা। আর বাড়ি গিয়ে ফিটনেস ধরে রাখতে পারবে না। সবকিছু নতুন করে শুরু করতে হবে। কিছুদিন আগে তাজিকিস্তানে চ্যাম্পিয়ন হয়ে আসার পর ছুটি দিয়ে দেখা গেল সবার ফিটনেস শূন্যে নেমে এসেছে।’ বাড়ি গিয়ে বেশি বেশি খাওয়ার কারণেই কি ফিটনেস সমস্যা দেখা দেয়? গোলাম রব্বানী হাসতে হাসতে বলেন, ‘আরে, না, ওরা তো বাড়ি গিয়ে না খেয়ে ফিটনেসের বারোটা বাজায়।’
গতবারের সেই দলের মৌসুমী, কৃষ্ণা, স্বপ্না, জোছনা, শিউলি, সানজিদা, কল্পনাসহ ১০-১২ জন আছে এই দলেও। ৩২ জনের প্রাথমিক দলটি অনুশীলন শুরু করেছে মাস খানেক আগে। শুরুতে ক্যাম্পে এসে জলবসন্তে আক্রান্ত হয় তাজিকিস্তানে ১০ গোল করে আলো কাড়া অনূর্ধ্ব-১৪ দলের স্ট্রাইকার তহুরা। তাই তাকে ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু ক্যাম্পে ফেরার জন্য তহুরা নাকি উদ্গ্রীব হয়ে উঠেছিল। সামনে ঈদ থাকলেও চার দিন আগেই বাড়ি ছেড়ে ক্যাম্পে এসেছে সে। এই আনন্দটা তার কাছে গোল করার আনন্দের চেয়েও নাকি বেশি। বাফুফের টার্ফে দাঁড়িয়ে তহুরা বলল, ‘জাতীয় দলের ক্যাম্পে থেকে সবাই একসঙ্গে ঈদ করার চেয়ে আনন্দের আর কী হতে পারে।’
এ কারণেই কি না বাফুফের টার্ফে সবাই মনের আনন্দে খেলছে, অনুশীলন করছে। বোঝাই যায় না ওরা বাড়ির বাইরে। দলের পরিচিত মুখ সানজিদার কথায়ও সেটা বেরিয়ে এল, ‘সবাই মিলে ঈদের মজাই আলাদা। গতবারও বাফুফে ভবনে আমরা ঈদ করেছি। সেবার ঈদে আমাদের ‘‘পাখি ড্রেস’’ দিয়েছিল ফেডারেশন। এবার জিনসের প্যান্ট আর একটা টি-শার্ট। ওটা পরেই ঈদের বিকেলে আমরা একটু ঘুরব’।
গতবার এই টুর্নামেন্টে গোটা এশিয়ায় সেরা উদীয়মানদের মধ্যে সপ্তম হয়েছিল সানজিদা। তার চোখ আরও সামনে। যেমন চোখ সামনে রেখে এগিয়ে যেতে চায় সানজিদার সতীর্থ ময়মনসিংহের বিখ্যাত কলসিন্দুর গ্রামের আরও ১০-১১ জন মেয়েও। ওরাও সবাই উপভোগ করছে সময়টা। মাঠেই কাটছে ওদের ঈদ–আনন্দ।