মাঠের ওপর এমন 'অত্যাচার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতেই গত কয়েক দিনের বৃষ্টিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠ কাদায় থিকথিকে। কাল দিনভর বৃষ্টিতে মাঠের কিছু অংশ রূপ নেয় ‘ধানখেতে’! এই মাঠেই কিনা কাল তিন-তিনটি ফুটবল ম্যাচ রেখেছিল বাফুফে!
সন্ধ্যায় প্রিমিয়ার লিগের শেখ রাসেল-ফরাশগঞ্জ ম্যাচটি শুরু হয়ে অবশ্য চার মিনিট পরই পরিত্যক্ত হয়েছে বৃষ্টিতে। এর আগে বিকেলে অনূর্ধ্ব-১৪ মেয়েদের জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্বের দুটি সেমিফাইনাল ম্যাচও হয়েছে! লিগ দ্রুত শেষ করার তাগিদে কাদামাঠে ম্যাচ আয়োজনের একটা যুক্তি না হয় দিতে পারে বাফুফে। কিন্তু এই মাঠে মেয়েদের ফুটবল আয়োজনের ব্যাখ্যা কী?
বাফুফের যুক্তি, অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের ছবি নাকি পাঠাতে হবে স্পনসর জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) কাছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে জেএফএর বিলবোর্ড বসিয়ে তাই কাদামাঠে ম্যাচ আয়োজন। অথচ চাইলে জেএফএর বিলবোর্ড বাফুফের টার্ফে বসিয়েও ম্যাচ আয়োজন করা যেত। প্রতিযোগিতার গ্রুপ পর্বের ম্যাচগুলো তো ওই টার্ফেই হয়েছে।
আসল ঘটনা হলো, প্রতিযোগিতার সূচিতে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের ভেন্যু রাখা হয় বঙ্গবন্ধু স্টেডিয়াম। সেই সূচি মেনেই খেলা হলো এই মাঠে। বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হলেও বাফুফের যেন কিছু আসে যায় না! সামনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে, অথচ হাতের পাঁচ বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের ওপর চালানো হচ্ছে ‘অত্যাচার’। সব খেলাই এই মাঠে আয়োজন করতে গিয়ে মাঠের জীবনীশক্তিই শেষ করে দেওয়া হচ্ছে এই বর্ষায়।
এমন মাঠে মেয়েরা যখন খেলে উঠল, তাদের কয়েকজনকে দেখে মনে হচ্ছিল গায়ে কাদা মেখে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় অংশ নিয়ে মাঠ ছাড়ছে তারা! দুটি সেমিফাইনালের প্রথমটিতে নারায়ণগঞ্জকে ৬-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ময়মনসিংহ। আগামীকাল ফাইনালে তাদের প্রতিপক্ষ টাঙ্গাইল, যারা দ্বিতীয় সেমিফাইনালে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে দিনাজপুরকে। ৪ গোল করা কৃষ্ণা রানী বলল, ‘খুব কষ্ট হয়েছে কাদামাঠে খেলতে।’