মাঠের ওপর নির্দয় অত্যাচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কনসার্টের কারণে এমএ আজিজ স্টেডিয়ামের মাঠের ঘাস এভাবে জ্বলে গেছে। মাঠে বাঁশ পোঁতা গর্ত ভরাট করা হয়েছে বালু দিয়ে l প্রথম আলো
কনসার্টের কারণে এমএ আজিজ স্টেডিয়ামের মাঠের ঘাস এভাবে জ্বলে গেছে। মাঠে বাঁশ পোঁতা গর্ত ভরাট করা হয়েছে বালু দিয়ে l প্রথম আলো

মাঠের ক্ষতি করে কনসার্ট আয়োজন বাংলাদেশে নতুন কিছু নয়। সে হিসেবে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে গত ২০ নভেম্বরের কনসার্ট নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। কিন্তু ওই কনসার্টের তিন দিন পরই যখন দেশের সবচেয়ে বড় ফুটবল লিগের যাত্রা শুরু হওয়ার কথা, এই মাঠে কনসার্টের রেখে যাওয়া ক্ষয়ক্ষতির চিহ্ন বড় বেশি চোখে লাগে।
এমনিতেই যত্নের অভাবে এমএ আজিজ স্টেডিয়ামের অবস্থা খারাপ। গত বছর শেষ দিকে শেখ কামাল আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের পর আর কোনো বড় আয়োজন ছিল না এখানে। তাই প্রিমিয়ার লিগে মাঠের অবস্থা থাকতে পারত আগের চেয়েও ভালো। কিন্তু মাঠের মাঝখানে কনসার্টের মঞ্চ বানাতে বাঁশ পোঁতা হলো। আর গ্যাসের সাহায্যে আগুনের ফুলকি ছোটাতে মাঠে বসল নানা যন্ত্রপাতি। ভারী ভারী যন্ত্র রাখার পাশাপাশি মাঠটা দেদার চষে বেড়ালেন সংশ্লিষ্টরা।
এর পরিণাম কর্মকর্তারা আগে ভাবেননি, তা নয়। কিন্তু খেলার চেয়ে যে কনসার্ট বড়! মূল মাঠের বাইরে অনেক জায়গা থাকার পরও মাঠের মাঝখানে মঞ্চ বানানো মানে তো এটাই যে, খেলাটা যাচ্ছেতাই মাঠে হলেও সমস্যা নেই! কাল দেখা গেল পরিচ্ছন্নতাকর্মীরা আবর্জনা দূর করছেন। এক কর্মী বললেন, দুই দিন আগে এই মাঠ ছিল রণক্ষেত্রের মতো। মঞ্চ এবং অন্য সব প্রয়োজনে প্রচুর পেরেক ব্যবহার করা হয়েছে। সেসব পেরেক খুঁজতে খুঁজতে কর্মীদের গলদঘর্ম অবস্থা। অন্তত তিন-চার কেজি পেরেক ‘উদ্ধার’ করা হয়েছে মাঠ থেকে।
অসংখ্য গর্তও ভরাট করা হয়েছে বালু দিয়ে। আগুনের ফুলকির তাপে বড় একটা অংশের ঘাস তো জ্বলেই গেছে। যা দেখে মায়া হবে যে কারও। মাঠে বড় বড় কাঠের বাক্স রাখায়ও দু-তিন জায়গার ঘাস মরে গেছে। বাফুফের মাঠ কমিটির পক্ষ থেকে চট্টগ্রামে আসা এক মাঠকর্মী বলছিলেন, ‘বৃহস্পতিবার এসে আমরা আধা বেলা কাজই করতে পারেননি। স্টেজ সরানোর কাজ শেষ করার পর কাজ ধরেছি। এত অল্প সময়ে মাঠ তৈরি করা যায় না। তবু বৃষ্টি না হওয়ায় কাজ অনেকটা এগোতে পেরেছি, এটা আল্লাহর রহমত।’
ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম এমন ক্ষয়ক্ষতি অনেকবারই দেখেছে। কোন এক অনুষ্ঠানের পর নাকি একবার ১৫ কেজি পেরেক সরানো হয়েছিল সে মাঠ থেকে! মাঠের ওপর এমন নির্দয় অত্যাচার কেবল বাংলাদেশেই সম্ভব।