মাঠের 'নীরব' রুনি এবার সরব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমালোচনার জবাব মাঠেই দিতে চাইছেন রুনি। ফাইল ছবি।
সমালোচনার জবাব মাঠেই দিতে চাইছেন রুনি। ফাইল ছবি।

সময়টা একদমই ভালো যাচ্ছে না ম্যানচেস্টার ইউনাইটেড অধিনায়কের। ক্যারিয়ারে অনেকটা সময় খেলেছেন স্ট্রাইকার হিসেবে, তবে গত মৌসুম থেকে ওয়েইন রুনির জায়গা মধ্যমাঠ। নতুন কোচ হোসে মরিনহো আসার পরেও তাঁকে সেখানেই খেলাচ্ছেন। কিন্তু গত কয়েক ম্যাচেই নিজেকে হারিয়ে খুঁজছেন। এই দলে রুনির জায়গা আছে কি না, এই প্রশ্নও উঠে যাচ্ছে জোর শোরে। এতদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন রুনি।


কালই লেস্টার সিটির সঙ্গে প্রিমিয়ার লিগের ম্যাচ। কিন্তু সাম্প্রতিক ফর্ম অন্তত আশা দেখাচ্ছে না ইউনাইটেডকে। সর্বশেষ চার ম্যাচের তিনটিতেই হেরেছে তাঁরা। একমাত্র জয়টা আবার তিন দিন আগে তৃতীয় বিভাগের ক্লাব নর্দাম্পটনের বিপক্ষে। ওই ম্যাচে দল জিতলেও রুনি ছিলেন নিষ্প্রভ। ইউনাইটেডকে অধিনায়ককে ছেঁটে ফেলার দাবিটা তাই এখন ভালোভাবেই শোনা যাচ্ছে। রুনি অবশ্য সেসব গায়ে মাখছেন না, ‘আমার মনে হয় পুরো ক্যারিয়ারেই এ রকম কথা আমাকে শুনতে হয়েছে, গত কিছুদিনে তা অবশ্য কিছুটা বেশি। কিন্তু এটাই ফুটবল। কোচ বা সতীর্থেরা কী বলল, সেটাই আমার কাছে বড়। মানুষ অনেক রকম আজেবাজে কথাই বলে, ওসবে আমি কান দিই না।’

আগেও এমন সমালোচনা সইতে হয়েছে রুনিকে, মাঠেই সেসবের জবাব দিয়েছেন। এবারও সেই কাজটা মাঠেই করতে চান, ‘পুরো ক্যারিয়ার জুড়েই আমি পরিশ্রম করেছি, এখন সেটা আরও বেশি করার চেষ্টা করছি। আমি চেষ্টা করছি নিজের সামর্থ্যের সবটুকু দলের জন্য উজাড় করে দেওয়ার।’ মধ্যমাঠে খেলা নিয়েও আপত্তি নেই তাঁর, ‘পুরো ক্যারিয়ারজুড়েই আমি অনেক পজিশনে খেলেছি। তবে এখন সামনে খেলব না দশ নম্বর হিসেবে, সেটা ম্যানেজারই ঠিক করবেন। তিনি যেখানে চাইছেন, আমি সেখানেই খেলছি।’