মাতাল ভিদালের কাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্ঘটনায় দুমড়ে–মুচড়ে যাওয়া ভিদালের ফেরারি
দুর্ঘটনায় দুমড়ে–মুচড়ে যাওয়া ভিদালের ফেরারি

কোপা আমেরিকায় দুর্দান্ত খেলছেন। ৩ গোল করে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। কিন্তু আর্তুরো ভিদাল সুসময়টা উপভোগ করবেন কী, উল্টো পড়ে গেলেন পুলিশি ঝামেলায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে স্বাগতিক দলের এই মিডফিল্ডারকে আটক করেছে চিলির পুলিশ।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মঙ্গলবার রাতে চিলির রাজধানী সান্তিয়াগোর দক্ষিণে সস্ত্রীক গাড়ি দুর্ঘটনায় পড়েন ভিদাল। অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে তাঁর লাল রঙের ফেরারির একটা অংশ গুঁড়িয়ে যায়। ভিদালের চোট ‘সামান্য’ হলেও তাঁর স্ত্রীর চোট ‘মোটামুটি গুরুতর’ বলে জানিয়েছেন চিলির পুলিশ কর্নেল রিকার্দো গনজালেজ। হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে পুলিশ ভিদালকে আটক করে। কালই তাঁকে আদালতে নেওয়া হয়। আদালত মুক্তি দিলেও কেড়ে নিয়েছেন তাঁর গাড়ি চালানোর সনদ।
ভিদাল অবশ্য নিজেকে ‘নির্দোষ’ দাবি করছেন। দুর্ঘটনার পরপরই ইউটিউবে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। যেখানে জুভেন্টাসের এই মিডফিল্ডার বলেছেন, ‘আজ আমি একটা গাড়ি দুর্ঘটনায় পড়েছি। তবে এতে আমার কোনো দোষ নেই। আমি ঠিক আছি আর স্ত্রীও ভালো আছে। সবাইকে ধন্যবাদ।’ তবে গনজালেজের দাবি, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বলে ভিদালকে আটক করা হয়েছে।
ভিদাল অবশ্য আগেও বিতর্কিত ঘটনার জন্ম দিয়েছেন। ২০১১ সালে বিনা অনুমতিতে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে বাইরে রাত কাটানো এবং পরদিন অনুশীলনে দেরিতে যোগ দেওয়ায় জাতীয় দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল ভিদাল ও তাঁর আরও কয়েকজন সতীর্থকে। গত বছর এক নৈশক্লাবে মদ্যপ অবস্থায় গোলমালে জড়ানোর অপরাধে ভিদালকে ক্লাবের ইতিহাসে রেকর্ড এক লাখ ইউরো জরিমানা করেছিল জুভেন্টাস। এএফপি।