মাত্র এক গোল করেই সর্বকালের তালিকায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরশু গোলের পর ভিতাইওলি (সবুজ বুট)। ছবি: এএফপি
পরশু গোলের পর ভিতাইওলি (সবুজ বুট)। ছবি: এএফপি

গোলের পর সতীর্থদের আলিঙ্গনের সমুদ্রে হারিয়েই গেলেন। মাঠের ১১ জন তো বটেই, পারলে যেন গোটা ডাগ আউটও এসে যোগ দেয় এই উৎ​সবে। নিয়মিত ফুটবল দর্শকেরা হয়তো বিরক্তই হয়েছেন এই ‘আদিখ্যেতা’য়। আরে বাপু কী এমন হাতি-ঘোড়া মারলি! না, এই এক গোলের মাহাত্ম্য আর কেউ বুঝবে না। বুঝবেন মাত্তেও ভিতাইওলি। বুঝবে সান মারিনো।
পরশু লিথুয়ানিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরেছে র‍্যাঙ্কিংয়ের তলানিতে থাকা এই দলটি। ৫৫ মিনিটে অবশ্য সমতা ফিরিয়েছিলেন ভিতাইওলি। তাতে শেষ রক্ষা হয়নি। অবশ্য এই পরাজয়েও রীতিমতো উৎ​সব করেছে সান মারিনো। ৩৪ ম্যাচ আর ১৪ বছর পর যে এই প্রথম বিদেশের মাটিতে গোল পেল তারা!
আর ভিতাইওলির এই গোল তাঁকে তুলে দিল ‘ইতিহাসে’। মাত্র এক গোল করেই যে সান মারিনোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সেরা তিনে উঠে গেছেন তিনি!
১৯৯০ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল চারদিকে ইতালি বেষ্টিত ২৬ বর্গমাইলের ছোট্ট এই দেশটি। খেলার আনন্দে ফুটবল খেলা সান মারিনো মাঝে মধ্যেই পত্রিকায় আসে ভূরি ভূরি গোল হজম করার কারণে। জার্মানির কাছে একবার ১৩-০ গোলে হেরেছিল তারা। আরও চারটি ম্যাচ আছে যেখানে তাদের হজম করতে হয়েছিল দশটি করে গোল। এই তো গত ম্যাচের আগের ম্যাচটাতেই ইংল্যান্ডের কাছে হেরেছে ৬-০তে।
কিন্তু এসব তারা গায়েই মাখে না। মাত্র ৩২ হাজার জনসংখ্যার দেশটি অলীক কোনো স্বপ্নও দেখে না। নিজেদের ফুটবল ইতিহাসে একটাই ম্যাচ তারা জিতেছে। ১১ বছর আগে যে জয়টি এসেছিল লিকটেনস্টেইনের বিপক্ষে। ১৩১ ম্যাচে এই একটাই জয়, চারটি ড্র। ১২৬টিতেই হার। হজম করেছে ৫৫০ গোল। প্রতিপক্ষের জালে জড়িয়েছে মাত্র ২২ গোল।
স্বাভাবিকভাবেই সান মারিনোর জার্সি গায়ে সর্বোচ্চ গোলদাতার তালিকাটা একটু অদ্ভুত। মাত্র ৮ গোল করেই সবার ওপরে আছেন অ্যান্ডি সেলভা। দ্বিতীয় সর্বোচ্চ দুটি গোল করেছেন ম্যানুয়েল মারানি। একটি করে গোল আছে আটজনের। এই আটজনই দেশটির ইতিহাসে এক গোল করেই তৃতীয় সর্বোচ্চ গোলের মালিক! যে তালিকায় পরশু ঢুকে পড়েছেন ভিতাইওলি। এবার বুঝেছেন তো তাদের উল্লাসের উৎ​স!