মাত্র ১ সেন্টিমিটার বাকি

ইউরোর মহারণ সামনে রেখে ইতালির অধিনায়ক জর্জো কিয়েল্লিনি কথা বলেছেন উয়েফার সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জো কিয়েল্লিনি

টুর্নামেন্টের শুরুতে যে আশা ছিল

এ টুর্নামেন্ট আমাদের জন্য খুবই আবেগের। তুরস্কের বিপক্ষে প্রথম ম্যাচ থেকেই এটা টের পাচ্ছি। ইউরো শুরু হওয়ার আগে কাছের বন্ধুদের কাছে মেসেজ পাঠিয়েছিলাম। এখন পড়ে দেখি, সেখানে আবেগ, আনন্দ, জাদুকরি মুহূর্ত ও দুঃসাহসী সব মুহূর্তের কথা বলেছি। এটা আমরা আগেই বুঝতে পেরেছি কারণ এ দলটি সবকিছু একসঙ্গে করে আর সবার মধ্যে সহজাত বন্ধন আছে।

কোচ মানচিনির উচ্চাভিলাষ

ফাইনালে ওঠার স্বপ্ন আমরা বহুদিন ধরেই দেখছি, এটা এমন এক স্বপ্ন, যা তিন বছর ধরে বইছি। এ স্বপ্ন কোচই আমাদের মনে গেঁথে দিয়েছিলেন, এখন সেটা সত্যি। যখন আমাদের ইউরো জেতার কথা বলতেন, আমরা ভাবতাম তিনি পাগল। কিন্তু এ সময়টায় এমন এক দল গড়েছেন, যা এখন সেই স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে। প্রতি ম্যাচ শেষে আমাদের মনে করিয়ে দিয়েছেন, একবারে ১ সেন্টিমিটার করে পার হও। এখন আর মাত্র ১ সেন্টিমিটার বাকি।

বোনুচ্চির সঙ্গে রক্ষণ জুটি

শীর্ষ পর্যায়ে বহুদিন একসঙ্গে খেলেছি। যখন দল ভালো করে, তখন সবাই এ জুটি নিয়ে কথা বলে। কিন্তু প্রশংসা পাওয়া আমাদের লক্ষ্য না। কারণ, শেষ বাঁশি বাজলে দল জিতল না কি না, সেটাই গুরুত্বপূর্ণ। এ দল শুধু জর্জিও (কিয়েল্লিনি), লিও (বোনুচ্চি) বা এককভাবে অন্য কোনো খেলোয়াড়ের কারণে জয় পায় না। এটা মাঠের প্রতি অংশে পুরো দলের অর্জন যারা দুর্দান্ত এক টুর্নামেন্ট কাটাচ্ছে।

ফাইনালে হ্যারি কেইনের মুখোমুখি হওয়া

এটা কঠিন হবে, খুবই কঠিন হবে। আমি হ্যারি কেইনকে বরাবরই খুব পছন্দ করি। ইংল্যান্ডের হয়ে ওর প্রথম ম্যাচ (মূল একাদশে অভিষেক) এখনো আমার মনে আছে, যখন তুরিনে খেললাম ওদের সঙ্গে। তখনই ওকে আমার বেশ মনে ধরেছিল। টটেনহামের বিপক্ষে একবার খেলার সুযোগও হয়েছিল। সে জানে কীভাবে নিচে নেমে খেলতে হয় এবং রক্ষণচেরা পাস দিতে হয়। মাথা দিয়ে, দূর থেকে বা কাছ থেকে শটে গোল করতে পারে।

৩৬ বছরে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়

সব বয়সেরই ভালো দিক আছে। ৩৬-এ হয়তো জয়ের স্বাদ আরও বেশি। কারণ, তখন আপনি বুঝতে পারেন এটা কত কঠিন। আমার ধারণা, ১৫ বছর আগে ক্যারিয়ার শুরুর পর থেকে যত আবেগ বোধ করেছি আর অভিজ্ঞতা অর্জন করেছি, সেটা কাজে লাগাতে পেরেছি। এই শিরোপার মাহাত্ম্য পুরোপুরি বোঝার মতো পরিণত হয়েছি আমি।