মাত্র ৬ বার!

গিগস-স্কোলসদের এই অভিজ্ঞতাটা হয়েছিল। এরপর ফার্ডিনান্ড-রোনালদোরাও পড়েছেন ওই রুদ্রমূর্তির সামনে। ওয়েইন রুনি তো আত্মজীবনীতে লিখেছেন, জীবনে এর চেয়ে ভয়াবহ অভিজ্ঞতা তাঁর কখনো হয়নি। অথচ স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছেন বিখ্যাত ‘হেয়ারড্রায়ার’ পদ্ধতিটা মাত্র ছয়বার নাকি করে দেখিয়েছিলেন!
কড়া মাস্টারমশাইয়ের একটা ভাবমূর্তি দাঁড়িয়ে গিয়েছিল ফার্গির। তাঁর অনেক ছাত্রেরই দাবি, দল খারাপ করলে বকুনির ঝড় বইয়ে দিতেন ড্রেসিংরুমে। সেটিরই নাম হয়ে যায় ‘হেয়ারড্রায়ার’। এখন অবশ্য সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কোচ দাবি করেছেন, প্রচারমাধ্যম একটু বাড়িয়েই লিখেছিল, ‘এসব নিয়ে তো অনেক গল্প আছে। ২৭ বছরে খুব বেশি হলে মাত্র আধ ডজন বার এটা হয়েছে। খেলোয়াড়েরাও সেটাই বলবে।’ তবে ফার্গি স্বীকার করে নিয়েছেন, মাঝেমধ্যে মেজাজ হারিয়ে ফেলতেন, ‘আমার সমস্যা হচ্ছে, কোনো খেলোয়াড় কিছু একটা উত্তর দিলে আমার সেটা গায়ে লাগত।’ এএফপি।