মাথা উঁচু করেই যাচ্ছে ইতালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইব্রেকারের লটারিতে বিদায় নিলেও মাথা উঁচুই থাকছে ইতালির। ছবি: এএফপি।
টাইব্রেকারের লটারিতে বিদায় নিলেও মাথা উঁচুই থাকছে ইতালির। ছবি: এএফপি।

এমন হারেও দুঃখ নেই লিওনার্দো বোনুচ্চির। যদিও টাইব্রেকারে ইতালির যে চারজন গোল করতে পারেননি, তিনি তাঁদের একজন। কিন্তু তারপরেও মাথা নিচু হচ্ছে না তাঁর। গোটা দলের লড়াইয়ে দারুণ গর্বিত বোনুচ্চির মতে, ইউরো থেকে ইতালির বিদায়টা মাথা উঁচু করেই।

অথচ এই বোনুচ্চিই কিন্তু দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ইতালিকে লড়াইয়ে রেখেছিলেন। মেসুত ওজিলের গোলে জার্মানি এগিয়ে যাওয়ার পর বোনুচ্চির ওই গোলেই ইতালি সমতা ফেরায় ৭৮ মিনিটে। কিন্তু পেনাল্টি শুট–আউটের শ্বাসরুদ্ধকর মুহূর্তে স্নায়ু ধরে রাখতে পারার ব্যর্থতাতেই শেষ আট থেকেই বিদায় নিতে হলো ইতালিকে। তবে বোনুচ্চি মনে করেন, এই বিদায়ে কোনো লজ্জা নেই। ম্যাচ শেষে আবেগাপ্লুত এই ইতালিয়ান ডিফেন্ডার গর্বের সঙ্গেই বলেছেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে ১২০ মিনিট সমানে সমানে লড়েছি। শেষ পর্যন্ত মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এই দলের অংশ হতে পেরে আমি গর্বিত।’
টাইব্রেকার নিয়ে আক্ষেপ থাকলেও ব্যাপারটিকে ভাগ্যের খেলা হিসেবেই মনে করেন বোনুচ্চি, ‘টাইব্রেকার হচ্ছে লটারি। আজ জার্মানি আমাদের চেয়ে ভুল একটু কম করেছে বলেই ওরা জয়ী।’
তবে নিজের টাইব্রেকার মিস নিয়ে আক্ষেপ আছে বোনুচ্চির মনে, ‘ম্যানুয়েল নয়্যার আমাকে এভাবে বুঝে ফেলল! তবে এটাও ঠিক, আমি শটটা আরও ভালো নিতে পারতাম।’ সূত্র: গোল ডটকম।