ইচ্ছা করে কেউ মাথায় ঠান্ডা পানি ঢালে? তাও আবার বরফগলা পানি! ক্রিস্টিয়ানো রোনালদো-নেইমারদের মাথা কি খারাপই হয়ে গেল তাহলে? মাথায় ঠান্ডা পানি ঢেলে-টেলে দিব্যি হাসছেন। নেইমার তো ভিডিওটা পোস্টও করে দিয়েছেন ইনস্টাগ্রামে! এমনি এমনি করেননি অবশ্য, একটা উদ্দেশ্য ছিল। কয়েক দিন থেকেই ‘আইস বাকেট’ চ্যালেঞ্জটা টুইটার-ইনস্টাগ্রামের মাধ্যমে ছড়িয়ে পড়ছে। নিয়ম হচ্ছে, যিনি নিজের মাথায় ঠান্ডা পানি ঢালবেন, তিনি আরেকজনকে চ্যালেঞ্জ জানাতে পারবেন। নেইমারের রসবোধ কিন্তু ভালোই, ব্রাজিল-সতীর্থ রবিনহোর সঙ্গে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মাঝপথেই তাঁর বিশ্বকাপ শেষ করে দেওয়া কলম্বিয়ার জুনিগাকে। আর রোনালদো চ্যালেঞ্জ ছুড়েছেন জেনিফার লোপেজ, বিয়ন্সদের মতো সংগীত তারকাদের। শুধুই মজা করতে নয়, এসব ভিডিও থেকে বিজ্ঞাপন বাবদ যে অর্থ পাওয়া যাবে সেটা এএলএস নামের একটা দাতব্য সংগঠনের কাজে খরচ করা হবে। গোলডটকম।