মাদক চোরাচালানি মার্কেজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল-বিশ্বকে চমকে দেওয়ার মতো একটি খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। মেক্সিকোর ডিফেন্ডার রাফায়েল মার্কেজের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগ এনেছে তারা। তাদের দাবি, একটি মাদক চোরাচালান চক্রে শীর্ষ পর্যায়ে কাজ করছেন বার্সেলোনা ও মোনাকোর এই সাবেক ফুটবলার।

মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট রাউল ফ্লোরেস হার্নান্দেজের সঙ্গে নাকি মার্কেজের সম্পর্ক অনেক পুরোনো। মেক্সিকোর গুয়াদালাহারায় ফ্লোরেন্সের মাদক ব্যবসায় মার্কেজের ‘অংশীদারি’ আছে, জানিয়েছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। ওই গুয়াদালাহারারই বাসিন্দা মার্কেজ। ২০১০ সালে বার্সেলোনা ছাড়ার পর কয়েকটি ক্লাব ঘুরে গত বছর শৈশবের ক্লাব গুয়াদালাহারার ক্লাব অ্যাটলাস গুয়াদালাহারায় নাম লেখান মার্কেজ।

মেক্সিকোর মিচোয়াকানকে অনেকেই বলেন মাদক চোরাচালানের আখড়া। সেই শহর থেকে উঠে এসে হয়েছেন বড় ফুটবলার। চারটি বিশ্বকাপে মেক্সিকোকে নেতৃত্ব দিয়েছেন। তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ মেনে নিতে ফুটবলপ্রেমীদের একটু কষ্ট হওয়াটাই স্বাভাবিক। মার্কেজ অবশ্য তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন, ‘যে প্রতিষ্ঠান ও যেসব কর্মকাণ্ডের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটি আমার জীবনের সবচেয়ে কঠিন ম্যাচ। যত দ্রুত সম্ভব সবকিছু খোলাসা করার চেষ্টা করব।’ এএফপি, রয়টার্স।