মাদক চোরাচালানে মেক্সিকোর বিশ্বকাপ অধিনায়ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর গুয়াডালাজারায় সংবাদ সম্মেলন শেষে নিরাপত্তাকর্মীর সঙ্গে বেরিয়ে আসছেন মার্কুয়েজ। ছবি: এএফপি
মেক্সিকোর গুয়াডালাজারায় সংবাদ সম্মেলন শেষে নিরাপত্তাকর্মীর সঙ্গে বেরিয়ে আসছেন মার্কুয়েজ। ছবি: এএফপি

তিনি মেক্সিকান ফুটবলের সোনালি সন্তান, ইতিহাসে সর্বকালের সেরা ডিফেন্ডারও। মেক্সিকোর আর কোনো ফুটবলারই তাঁর মতো এত শিরোপা জিততে পারেনি। হুগো সানচেজের পর দেশের ইতিহাসে দ্বিতীয় সেরা ফুটবলার হিসেবে তাঁকে একবাক্যে স্বীকার করে নেন ‘এল ত্রি’ সমর্থকেরা। কিন্তু বিশ্বকাপে চারবার মেক্সিকোকে নেতৃত্ব দেওয়া রাফায়েল মার্কুয়েজের বিপক্ষে মাদকচক্রে জড়িত থাকার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।

৩৮ বছর বয়সী এই ফুটবলারের বিপক্ষে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের অভিযোগ, তিনি একটি সংঘবদ্ধ মাদক চোরাচালানি চক্রে ‘ফ্রন্ট পারসন’।

এ ছাড়া রাজস্ব বিভাগের অভিযোগ, মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট রাউল ফ্লোরেস হার্নান্দেজের সঙ্গে ‘দীর্ঘস্থায়ী সম্পর্ক’ রয়েছে মার্কুয়েজের। শুধু তা-ই নয়, হার্নান্দেজের মাদক চোরাচালানির ব্যবসায় মার্কুয়েজের ভাগ রয়েছে বলেও অভিযোগ করেছে ট্রাম্প প্রশাসনের রাজস্ব বিভাগ।

সমর্থকদের কাছে ‘রাফা’ নামে পরিচিত মার্কুয়েজ অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। গত বুধবার তিনি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে মেক্সিকোর আইন ও বিচারবিষয়ক দপ্তরে উপস্থিত হয়েছিলেন। পাশাপাশি বর্তমান ক্লাব অ্যাটলাস গুয়াডালাজারায় সংবাদ সম্মেলনও করেন। বার্সেলোনার সাবেক ডিফেন্ডার সেখানে বলেন, ‘যে প্রতিষ্ঠান ও যেসব কর্মকাণ্ডের সঙ্গে আমার নাম জড়ানো হয়েছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এটি আমার সবচেয়ে কঠিন ম্যাচ। যত দ্রুত সম্ভব সবকিছু খোলাসা করার চেষ্টা করব।’

নেতৃত্বগুণের জন্য জাতীয় দলে সতীর্থদের মধ্যে ‘দ্য বস’ নামে পরিচিত মার্কুয়েজ ছাড়াও অভিযুক্তদের তালিকায় রয়েছেন মেক্সিকোর জনপ্রিয় গায়ক হুলিও সিজার আলভারেজ। মেক্সিকোর মোট ২১ জন ব্যক্তি ও ৪২ প্রতিষ্ঠানের বিপক্ষে মাদক চোরাচালানের অভিযোগ গঠন করেছে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ। এ ব্যাপারে দেশটির রাজস্ব বিভাগ থেকে বলা হয়েছে, ‘মেক্সিকোর একটি মাদক চোরাচালানি চক্রকে নির্মূল করতে এটি বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তর কর্তৃক পরিচালিত বৃহত্তম অভিযান।’ রাজস্ব বিভাগের পক্ষ আরও বলা হয়, মেক্সিকোর মাদকচক্রকে নির্মূল করার যে ওয়াদা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছিলেন, এই অভিযান তাঁরই অংশ।

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক জন স্মিথ এ প্রসঙ্গে বলেন, ‘রাউল ফ্লোরেস হার্নান্দেজ কয়েক দশক ধরে চোরাচালানি পরিচালনা করছে। তার সঙ্গে সম্পর্ক আছে আরও কয়েকজনের। এ ছাড়া আর্থিক খাতে একজন ‘‘ফ্রন্ট পারসন’’ ব্যবহার করে সে মাদক চোরাচালানিতে বিনিয়োগ গোপন করে এসেছে।’

১৯৯৬ সালে মেক্সিকোর ক্লাব অ্যাটলাস গুয়াডালাজালার হয়ে পেশাদার ফুটবলে অভিষেক মার্কুয়েজের। ২১ বছর ইউরোপ ও উত্তর আমেরিকার নানা ক্লাব চষে বেড়ানোর পর তিনি গত বছর ফিরে আসেন সেই অ্যাটলাসেই। এর মাঝে তিনি খেলেছেন মোনাকো, বার্সেলোনা ও নিউইয়র্ক রেড বুলসের মতো দলে। বার্সার হয়ে দুবার চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জিতেছেন তিনি। দেশের জার্সিতে জিতেছেন ফিফা কনফেডারেশনস কাপ ও কনকাকাফ গোল্ড কাপ। মেক্সিকোর রক্ষণভাগে এখনো চীনের প্রাচীর হয়ে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে মার্কুইজের। এর পাশাপাশি গোলও পেয়েছেন অনেক ম্যাচে। গত নভেম্বরে রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৮৯ মিনিটে মার্কুইজের গোলেই যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছিল মেক্সিকো। মেক্সিকো কোচ হুয়ান কার্লোস ওসারিও সম্প্রতি তাঁকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপেও নিয়ে যাওয়ার ইচ্ছা জানিয়ে মন্তব্য করেছেন, ‘আশা করি সে (মার্কুইজ) তখন ফিট থাকবে।’ এএফপি, এক্সপ্রেস