মাদকাসক্ত না হলে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা।
ডিয়েগো ম্যারাডোনা।

তিনি বিস্ময়কর ফুটবল-প্রতিভা, তিনি ফুটবলের উচ্ছৃঙ্খল ‘সুপারম্যান’। তিনি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, কারও কারও মতে সর্বকালের সেরাই। তিনি ডিয়েগো ম্যারাডোনা।
বল পায়ে অসাধারণ সব কীর্তি গড়ে সবাইকে মুগ্ধ করেছেন, আবার মাঠে ও মাঠের বাইরে বিতর্কিত সব কাণ্ডের জন্য নিন্দাও কুড়িয়েছেন যথেষ্ট। সেই বিতর্কের একটা বড় অধ্যায় তাঁর মাদকাসক্তি। যেটি নিয়ে কথা বলতে গেলেই একসময় খেপে উঠতেন ম্যারাডোনা। গালমন্দ করতেন ফিফাকেও। কিন্তু এবার স্বীকার করলেন, মাদক তাঁর ক্যারিয়ারের ক্ষতি করেছে যথেষ্টই। এমনকি যেটুকু দেওয়ার সামর্থ্য ছিল সেটাও দিতে পারেননি।
আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ক ১৯৯১ সালে ডোপপরীক্ষায় পজিটিভ হয়ে নিষিদ্ধ হয়েছিলেন ১৫ মাসের জন্য। ১৯৯৪ বিশ্বকাপেও আবারও একই কাজ করায় বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরে যেতে হয় তাঁকে। এ দুটি বড় ঘটনা ছাড়াও পুরো ক্যারিয়ারে অনেকবার মাদকাসক্তির কারণে বিতর্কে জড়িয়েছেন ম্যারাডোনা। আর্জেন্টাইন টেলিভিশন টিওয়াইসি স্পোর্টস-এর সঙ্গে সাক্ষাৎকারে এত দিন পর নিজের সেই ভুলগুলোর জন্য আক্ষেপ করেছেন, ‘এভাবে অসুস্থ হয়ে আমি আমার প্রতিপক্ষদেরই সুযোগ করে দিয়েছি। যদি কখনো মাদক না নিতাম তাহলে আমি আরও কত ভালো খেলোয়াড় হতাম বুঝতে পারছেন? আমিই হতাম অদ্বিতীয়।’ মাদকাসক্ত হয়ে তিনি সেই সুযোগটা নষ্ট করেছেন। কিন্তু আসলে তাঁর যে সেই সামর্থ্য ছিল সেটা বোঝাতে টেনে এনেছেন আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স ছেড়ে প্রথম ইউরোপে খেলতে আসার সময়টার কথা, ‘ইউরোপের খেলোয়াড়েরা খুবই তেজি ছিল। কিন্তু আমি জানতাম, আমার সামর্থ্য দিয়ে আমি ওদেরও নিঃশেষ করে দিতে পারব। আমি শুধু নিজেকে বলতাম, একটা মাত্র বল, আর সেটা ওরা আমার পা থেকে কখনো কেড়ে নিতে পারবে না। যখনই আমি বল পাব, সব ধ্বংস করে দেব। মৃত্যুর আগ পর্যন্ত আমার এই বিশ্বাসটা থাকবে।’
এমনকি ফুটবল ছেড়ে দেওয়ার পরও সেই আসক্তির কারণে অনেক ভুগেছেন। সাক্ষাৎকারে ম্যারাডোনার অকপট স্বীকারোক্তি, ‘আমার মেয়েরা তাদের এই বুড়ো বাবাটিকে চেনে। যদিও আমার বয়স মাত্র ৫৩, কিন্তু নিজেকে আমার ৭৮ বছর বয়সী মনে হয়। কারণ আমার জীবনটা স্বাভাবিক ছিল না। এ কারণে মনে হয় আমি বোধ হয় ৮০ বছর ধরে বেঁচে আছি।’
’৮৬ বিশ্বকাপের নায়ক পরে আর্জেন্টিনার কোচও হয়েছিলেন। কিন্তু ২০১০ বিশ্বকাপে ব্যর্থতার পর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। অনেক দিন পেরিয়ে গেলেও সেই দুঃখটা যেন এখনো ভুলতে পারেননি ম্যারাডোনা, ‘এটা আমার জন্য খুবই বেদনাদায়ক ছিল। আমি কোচ হিসেবে থাকতে চেয়েছিলাম। এত কষ্ট পেয়েছিলাম যে আমি ২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে আর্জেন্টিনার খেলাও দেখিনি। কিন্তু বিশ্বকাপ অন্য ব্যাপার। তখন আপনার ভেতর থেকেই এই আবেগটা বেরিয়ে আসবে। কারণ এটা মিথ্যা যে আমাদের রক্ত লাল, আসলে তা নীল-সাদা। আমি খুব চেয়েছিলাম যেন আর্জেন্টিনা বিশ্বকাপ জেতে।’
এটা ছিল তাঁর হৃদয়ের চাওয়া। কিন্তু ম্যারাডোনার ফুটবল-মস্তিষ্ক নাকি অন্য কথাই বলছিল, ‘সত্যি কথা হচ্ছে, জার্মানির কাছ থেকে ম্যাচটা কেড়ে নেওয়ার মতো খেলোয়াড় ছিল না আমাদের। জার্মানি দলে আমাদের চেয়ে অন্তত ৫০ রকমের বেশি বৈচিত্র্য ছিল। ওই ম্যাচটাই ভারসাম্যপূর্ণ ছিল না। আর্জেন্টিনা জয়ের ব্যাপারে দৃঢ়প্রত্যয়ী ছিল না।’
তার পরও ফাইনালে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু মারাকানায় সহজ একটা সুযোগ হেলায় হারিয়েছেন গঞ্জালো হিগুয়েইন। ম্যারাডোনা অবশ্য সেটিকে ভাগ্যের লিখন বলেই মেনে নিয়েছেন, ‘ওই একটা সুযোগই আমরা পেয়েছিলাম। হিগুয়েইনের ওই শট দশবারের মধ্যে নয়বারই জালে যাবে। কিন্তু “এল পিপা” যেন সেদিন তার শ্যুটিং বুট বাড়িতে ফেলে এসেছিল।’ গোলডটকম।