মাদেইরাতে রোনালদোদের সাপ্তাহিক খরচ ৪ লাখ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সকালের নাস্তার টেবিলে রোনালদো পরিবার। ছবি: টুইটার
সকালের নাস্তার টেবিলে রোনালদো পরিবার। ছবি: টুইটার

করোনাভাইরাস মহামারির কারণে খেলা বন্ধ। সব খেলার খেলোয়াড়েরাই এখন ঘরবন্দী। ক্রিস্টিয়ানো রোনালদো তো সেই কবেই নিজের শহর ফুনচালে গিয়ে উঠেছেন। কিন্তু ফুনচালে তাঁর নিজের বাড়িতে অনেক সুবিধা থাকলেও নেই ফুটবল অনুশীলনের জায়গা। তাই পরিবার নিয়ে নিজের বাড়ি ছেড়ে উঠেছেন মাদেইরাতে এক ভাড়া বাড়িতে।

আথির্ক ক্ষতি পোষাতে বিভিন্ন ক্লাব ফুটবলারদের বেতন কেটে নিচ্ছে। রোনালদোর ক্লাব জুভেন্টাস কেটে নিয়েছে খেলোয়াড়দের চার মাসের বেতন। কিন্তু খরচ তো ঠিকই হচ্ছে। রোনালদো মাদেইরাতে পরিবার নিয়ে যে বাড়িতে থাকছেন সেখানে প্রতি সপ্তাহে তাঁর খরচ হচ্ছে ৩৫০০ পাউন্ড। বাংলাদেশী মু্দ্রায় যেটা ৪ লাখ টাকার কাছাকাছি।

করোনা-বিরতিতে যাওয়ার পর থেকে রোনালদো বাড়িতে আছেন এবং সেখান থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ছবি দিযে যাচ্ছেন। কখনো ছবি দিচ্ছেন নিজেকে ফিট রাখার জন্য জিম করে যাওয়ার, কখনো পরিবারের সঙ্গে ইস্টার সানডে উদ্‌যাপনের। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে যাচ্ছেন রোনালদোর প্রেমিকা জজির্না রদ্রিগেজও। সম্প্রতি জজির্না তার ইনস্টাগ্রামে একটি ছবি দিয়েছেন, সকালের নাস্তার টেবিলে তাঁরা কী খাচ্ছেন।

এই ছবির সূত্র ধরেই বেরিয়ে এসেছে, করোনার এই সময়ে কেমন কী খরচ হচ্ছে রোনালদোদের। হিসাব করে দেখা গেছে, মাদেইরাতে পরিবার নিয়ে রোনালদো যে বাড়িতে কোয়ারেন্টিনে আছেন, সেখানে তাদের সাপ্তাহিক খরচ প্রায় ৪ লাখ টাকা। ওই বাড়িতে জিম, সুইমিংপুল সবই আছে। আছে আরও অনেক সুযোগ-সুবিধা।

শুধু জিম আর সুইমিং করলেই তো চলবে না, ফুটবলটাও অনুশীলন করে যেতে হবে। এ কারণে রোনালদো মাঝেমধ্যে ফুটবল নিয়ে নেমে পড়েন মাদেইরার জাতীয় স্টেডিয়ামে। এটা ঠিক যে সেখানে করোনা প্রতিরোধের ব্যবস্থা আছে এবং রোনালদোর অনুশীলন চলে সামাজিক দূরত্ব বজায় রেখেই। তারপরও বিষয়টি নিয়ে সমালোচনা হচ্ছে যে এমন সময়ে কীভাবে ওই স্টেডিয়ামে অনুশীলন করছেন জুভেন্টাস তারকা।

পতুর্গাল জাতীয় দলের অধিনায়ক যে কোনো ভুল পথে হাঁটেননি সেটা বোঝাতে স্থানীয় ক্লাবের সভাপতি রুই আলভেজ বলেছেন, রোনালদো অনুমতি নিয়েই এই মাঠে অনুশীলন করছেন।