মাদ্রিদ ডার্বিতেই ফিরছেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদো
রোনালদো

কর্দোবার সঙ্গে ম্যাচে এডিমারকে লাথি মেরে লাল কার্ড দেখেছিলেন। শাস্তি হিসেবে দুই ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। তবে ৩০তম জন্মদিনের দুই দিন পর আজ আবার ফিরছেন ‘সিআর সেভেন’। তাও আবার লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ম্যাচে, ফেরার জন্য এর চেয়ে বড় উপলক্ষ বোধ হয় আর পেতেন না রোনালদো।
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও রোনালদোকে খুব করেই চাইছিলেন এই ডার্বি ম্যাচে। এমনিতেই চোট-নিষেধাজ্ঞায় রিয়াল মাদ্রিদ এখন জর্জরিত। সেভিয়ার সঙ্গে গত ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন হামেস রদ্রিগেজ ও সার্জিও রামোস। রদ্রিগেজের চোটটা গুরুতর, পায়ের পাতায় অস্ত্রোপচার করতে হয়েছে তাঁকে গত পরশু। দুই মাস থাকতে হবে মাঠের বাইরে। পাঁজরের চোট ছিটকে দিয়েছে পেপেকে, আর নিষেধাজ্ঞার খড়্গে কাটা পড়েছেন মার্সেলো। তবে আনচেলত্তি দাবি করছেন, তিনি নিরুদ্বিগ্নই আছেন, ‘রামোস ও পেপে বিশ্বের সেরা ডিফেন্ডারদের অন্যতম, কিন্তু আমি চিন্তিত নই। ভারানে ও নাচোর ওপর আমার আস্থা আছে।’
এই মৌসুমে অবশ্য অ্যাটলেটিকো রিয়ালের জন্য দুর্বোধ্য এক ধাঁধা হয়ে উঠেছে। স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রের নগরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়েছে অ্যাটলেটিকো, এমনকি জিতেছে তারা বার্নাব্যুতে গিয়েও। তবে আজ হেরে গেলে লিগ শিরোপাস্বপ্ন ধরে রাখার স্বপ্ন অনেকটাই ফিকে হয়ে যাবে ডিয়েগো সিমিওনের দলের, রিয়ালের চেয়ে যে ৭ পয়েন্ট পেছনে থেকে নামবে তারা! এএফপি, গোলডটকম।