মাদ্রিদে আনন্দ ম্যানচেস্টারে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদ্রিদ আর ম্যানচেস্টার। ফুটবল-ঐতিহ্যে শহর দুটির কোনোটিকে অন্যটির চেয়ে বেশি পেছনে রাখা যাবে না। কিন্তু পরশু রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো শেষ হয়ে যাওয়ার পর দুটি শহরে একেবারে বিপরীত চিত্র। রিয়াল আর অ্যাটলেটিকোর জয়ে মাদ্রিদে যখন আনন্দের বন্যা বইছে, ম্যানচেস্টারকে তখন পেয়ে বসেছে হতাশা। হার দিয়ে এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ অভিযান শুরু হয়েছে দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির। সেই হারেও কী অদ্ভুত মিল! ফিলিপস স্টেডিয়ামে পিএসভি আইন্দহফেনের কাছে ইউনাইটেড হেরেছে ২-১ গোলে। ইতিহাদে জুভেন্টাসের কাছে সিটিরও হার একই ব্যবধানে! দুই মাদ্রিদের পাশাপাশি সেভিয়াও জেতায় স্পেনের জন্য চ্যাম্পিয়নস লিগে পরশু রাতটা হয়ে উঠেছে আরও মধুর।

.
.

এক মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে প্রত্যাবর্তনটা সুখের হলো না ইউনাইটেডের। তবে হারের চেয়েও কোচ লুই ফন গলের বড় দুশ্চিন্তা এখন ডিফেন্ডার লুক শর চোট। আইন্দহফেন ডিফেন্ডার হেক্টর মোরেনোর গুরুতর ট্যাকলে ম্যাচে ২৪ মিনিটেই ডান পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন লুক শ। সেই চোট কত গুরুতর, তা বোঝা যায় ইউনাইটেড কোচ লুই ফন গালের কথাতেই, ‘খুবই খারাপ অবস্থা। ওকে অক্সিজেন মাস্ক দিয়ে মাঠ থেকে ড্রেসিংরুমে নিতে হয়েছে। সে কাঁদছিল। আমি জানি না সে কবে মাঠে ফিরতে পারবে। ওর পায়ে দুটো চিড় ধরেছে। সাধারণত এসব ক্ষেত্রে ছয় মাসের মতো লাগে। তবে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।’
বিস্ময়কর ব্যাপার হচ্ছে এমন গুরুতর ট্যাকলের পরও মোরেনোকে কোনো কার্ডই দেখাননি ইতালিয়ান রেফারি নিকোলা রিজ্জোলি। অবশ্য ম্যাচ শেষে লুক শর অবস্থা জানতে পেরে দুঃখ প্রকাশ করেছেন মোরেনো, ‘আমি দুঃখিত। আমি শুধু বলের দখল নিতে চেয়েছিলাম। আশা করছি সে জলদি মাঠে ফিরবে।’
শর মতো গুরুতর না হলেও শাখতার দোনেৎস্কের বিপক্ষে পায়ের পেশিতে চোট পেয়ে ম্যাচের ৩১ মিনিটেই উঠে যেতে হয়েছে গ্যারেথ বেলকেও। গত মৌসুমে এমন এক চোটেই প্রায় তিন সপ্তাহ মাঠের বাইরে ছিলেন বেল। রিয়াল কোচ রাফায়েল বেনিতেজ শঙ্কিত, ‘চোটটা গত বছরের মতোই। তবে কতটা গুরুতর, সেটা বুঝতে আরও দু-এক দিন অপেক্ষা করতে হবে।’
চোট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই সিটির। তবে জুভেন্টাসের কাছে হার শুরুতেই গ্রুপের হিসাব কঠিন করে দিল সিটির জন্য। কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি অবশ্য আশাবাদীই থাকছেন, ‘সর্বশেষ দুই মৌসুমেও আমরা নিজের মাঠে প্রথম ম্যাচটা হেরেছিলাম। তারপরও পরের রাউন্ডে উঠেছি। নিজের মাঠে কোনো দলই হারতে চায় না। কিন্তু গ্রুপ পর্ব তো মাত্র শুরু হলো।’

জর্জো কিয়েলিনির আত্মঘাতী গোলে পিছিয়ে পড়েও মারিও মানজুকিচ ও আলভারো মোরাতার দুই গোলে পাওয়া জয়টা আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে জুভেন্টাসের। কয়েক দিন আগেই দলের গোলরক্ষক জিয়ানলুইজি বুফন গর্ব করে বলেছিলেন, সিরি ‘আ’তে মৌসুমের শুরুটা যেমনই হোক, জুভেন্টাস ইউরোপে বরাবরই পরাশক্তি হয়েই থাকবে। পরশু জয়ের পর আলভারো মোরাতার কণ্ঠেও সেই প্রতিধ্বনি, ‘এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ জয়। সবাইকে আরেকবার মনে করিয়ে দিলাম, আমরা ইউরোপের অন্যতম সেরা দল।’ এএফপি, রয়টার্স।

.
.

চ্যাম্পিয়নস লিগ বিচিত্রা
এই প্রথম একই রাতে হারল দুই নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি।
১৯ বছর পর নিজেদের প্রথম ম্যাচে হারল ইউনাইটেড। ১৯৯৬ সালে সর্বশেষ হারটা জুভেন্টাসের বিপক্ষে, ১-০ গোলে।
১৯৯৬ সালের পর ইংল্যান্ডের মাটিতে এই প্রথম জয় পেল জুভেন্টাস।
বাস্তিয়ান শোয়েনস্টাইগারের এটি ১৩তম চ্যাম্পিয়নস লিগ, জার্মান খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি। ১২টিতে খেলেছেন মাইকেল বালাক।
জুভেন্টাসের কাছে গোল খাওয়ার আগে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৬৩৬ মিনিট সিটির জালে বল ঢোকেনি।
শাখতার দোনেৎস্ককে নিয়ে ২৯টি ক্লাবের বিপক্ষে গোল করলেন রোনালদো। এর চেয়ে বেশি ক্লাবের বিপক্ষে গোল আছে শুধু রাউলের (৩৩টি)।