মাদ্রিদে বায়ার্নের আরেক 'প্রতিপক্ষ' হোটেল-ভাগ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়ালের মাঠে আজ কঠিন পরীক্ষা লেভানডফস্কিদের। ছবি: এএফপি
রিয়ালের মাঠে আজ কঠিন পরীক্ষা লেভানডফস্কিদের। ছবি: এএফপি
>
  • মাদ্রিদে সর্বশেষ তিনবার আলাদা তিনটি হোটেলে থেকেছে বায়ার্ন
  • এর মধ্যে একবারও তারা পরবর্তী রাউন্ডে উঠতে পারেনি

ক্রীড়াঙ্গনে কুসংস্কার নতুন কিছু নয়। আর ফুটবলে তো নয়ই। রিয়াল মাদ্রিদের কথাই ধরুন, মিউনিখে খেলা পড়লে তাদের সঙ্গে ইবেরিয়ান ক্রু থাকবেই। এ ছাড়া স্পেনের বাইরে ম্যাচ থাকলে যাত্রার আগে বিমানবন্দরে মার্সেলো ও কাসেমিরোকে নিয়ে ‘থ্রি মাস্কেটিয়ার্স’-এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে থাকেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়ালের জন্য কোচ-খেলোয়াড়দের এসব কুসংস্কার কিন্তু সৌভাগ্য বয়ে এনেছে।

কুসংস্কার মানে বায়ার্ন মিউনিখও। তাদের কুসংস্কারের বিষয় স্পেনের হোটেল। তাই এবার হোটেল বদলে ভাগ্য বদলাতে চাচ্ছে জার্মান ক্লাবটি। অবশ্য এর আগে হোটেল–ভাগ্য নিয়ে তারা দুষতে পারে সাবেক কোচ পেপ গার্দিওলাকে। বায়ার্নের কোচ থাকতে ২০১৪ সালে গার্দিওলাই তো প্যালেস হোটেল পাল্টে শিষ্যদের নিয়ে উঠেছিলেন ইন্টারকন্টিনেন্টালে। তারপর আরও দুবার মাদ্রিদে গিয়ে ইউরোস্টারস (২০১৬) ও গ্র্যান্ড মেলিয়া প্যালসিওতে (২০১৭) থেকেছেন বায়ার্নের খেলোয়াড়েরা। কিন্তু সৌভাগ্য ফেরেনি। চ্যাম্পিয়নস লিগে এই তিনবারই রিয়াল (২০১৪ ও ২০১৭) ও অ্যাটলেটিকোর (২০১৬) কাছে হেরে জার্মান ক্লাবটিকে বিদায় নিতে হয়েছে।

অথচ গার্দিওলা ২০১৪ সালে হোটেল পাল্টানোর সিদ্ধান্ত নেওয়ার আগে চ্যাম্পিয়নস লিগে মাদ্রিদে বায়ার্নের হোটেল-ভাগ্য অন্য রকম ছিল। ২০০৭ চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগ খেলতে মাদ্রিদ গিয়েছিল বায়ার্ন। সেবার তারা ছিল হোটেল প্যালেসে। রিয়ালের মাঠে ২ গোল করার সুবিধা নিয়ে সেবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল বায়ার্ন।

পরের বছর উয়েফা কাপের শেষ আটে গেটাফের বিপক্ষে ঘরের মাঠে প্রথম লেগ ১-১ গোলে ব্যবধানে করে ফিরতি লেগে মাদ্রিদের ক্লাবটির মাঠে গিয়ে ৩-৩ গোলে ড্র করে জার্মান ক্লাবটি। এবারও ‘অ্যাওয়ে গোল’ সুবিধা নিয়ে সেমির দেখা পেয়েছিল বায়ার্ন। মাদ্রিদে সেবার তারা উঠেছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে। ২০১২ চ্যাম্পিয়নস লিগে সেমির ফিরতি লেগে রিয়ালের মাঠে গুরুত্বপূর্ণ একটি গোল করে ম্যাচ টাইব্রেকারে নেওয়ার পর ফাইনালে উঠেছিল বায়ার্ন। সেবার মাদ্রিদে বায়ার্নের ঠিকানা ছিল হোটেল প্যালেস।

২০১৪ চ্যাম্পিয়নস লিগে গার্দিওলা হয়তো ভেবেছিলেন, ২০০৮ উয়েফা কাপে হোটেল ইন্টারকন্টিনেন্টাল যেহেতু বায়ার্নকে সৌভাগ্য উপহার দিয়েছে, তাই প্যালেসের বদলে সেবার ওই হোটেলে উঠেছিলেন। কিন্তু এই কাজটি করে তিনি একটি ‘চক্র’ (কুসংস্কার) ভেঙেছিলেন। মাদ্রিদে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বায়ার্নের জন্য হোটেল প্যালেস ছিল সৌভাগ্যের প্রসূতি, যা দেখা গেছে ২০০৭ ও ২০১২ সালে। ইন্টারকন্টিনেন্টাল বায়ার্নের সৌভাগ্য বয়ে আনলেও সেটা ছিল উয়েফা কাপে।

চার বছর আগে থেকে মাদ্রিদে এসে বায়ার্ন একই হোটেলে কখনো দুবার থাকেনি। এবারও তাঁরা উঠেছে নতুন হোটেল ভিপি প্লাজা এসপানায়। এ বছরের মার্চে হোটেলটি চালু হয়েছে। নৈসর্গিক সৌন্দর্যের জন্য হোটেলটির খ্যাতি থাকলেও ফ্রাঙ্ক রিবেরি-থমাস মুলারদের তা উপভোগের সুযোগ নেই। এবার সেমিফাইনালে ঘরের মাঠে প্রথম লেগে ২-১ গোলে পিছিয়ে পড়েছে দলটি। রিয়ালের মাঠে আজ রাতে ফিরতি লেগটা তাই বায়ার্নের জন্য বাঁচা-মরার লড়াই। কিন্তু বায়ার্ন যে এই লড়াইয়ে টিকে থাকতে পারবে, মাদ্রিদে অন্তত তাদের হোটেল-ভাগ্যে সেরকম কোনো ইঙ্গিত নেই।