বছর পাঁচেক আগে শেখ জামাল ধানমন্ডির আবির্ভাব প্রিমিয়ার লিগকে দিয়েছিল ভিন্ন মাত্রা। সেই থেকে খেলায় প্রতিদ্বন্দ্বিতা বেড়েছে। লিগটা বেরিয়ে এসেছে দুই-তিন দলের মুঠো থেকে। শেখ জামালই বের করে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে প্রবলভাবে।
শিরোপা লড়াইয়ের উত্তাপটা এবার হাওয়ায় মিলিয়ে গেছে বেশ আগেই। জমাট লিগের আদর্শ বিজ্ঞাপন তাই হতে পারল না এবারের মান্যবর প্রিমিয়ার লিগ। নিস্তরঙ্গ লিগটা আজই শেষ। সন্ধ্যা সাড়ে ৬টায় শেখ জামাল-আবাহনী ম্যাচ দিয়ে দাঁড়ি পড়ছে অষ্টম পেশাদার লিগে।
প্রতিদ্বন্দ্বিতার মঞ্চে শেখ রাসেল, আবাহনী, মোহামেডান, মুক্তিযোদ্ধার উপস্থিতি প্রথম পর্ব পর্যন্ত দারুণভাবেই ছিল। কিন্তু দ্বিতীয় পর্বে এই দলগুলো খেই হারিয়েছে, শেখ জামাল অনেকটা হেসেখেলেই টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন। লড়াই হয়েছে আসলে দ্বিতীয়–পঞ্চম স্থান নিয়ে!
শীর্ষস্থানের জন্য উপভোগ্য লড়াই দেখা যায়নি ঠিক, তবে পরের ধাপে প্রতিদ্বন্দ্বিতা থাকায় খেলার মানে এসেছে ঊর্ধ্বগতি। দলগুলোর খেলায় গতি, ট্যাকটিকসের উপস্থিতি ছিল ভালোই। আক্রমণাত্মক ফুটবলই দেখা গেছে বেশি। একটা সময় রক্ষণে ছয়-সাতজন দাঁড় করিয়ে রাখার যে ফুটবল-সংস্কৃতি ছোট দলগুলোর সৌজন্যে দেখা যেত, এবার দু-একটি ব্যতিক্রম ছাড়া ছোটরাও মাথা তুলে খেলায় ম্যাচগুলো হয়েছে প্রাণবন্ত।
সাদামাটা দল নিয়েও লিগে বেশ নজরকাড়া দল মোহামেডানের কোচ জসিমউদ্দিন জোসিও সেটিই মনে করেন, ‘খেলার মান, গতি এবং ট্যাকটিকস ব্যবহারে উন্নতি দেখেছি। রক্ষণাত্মক চিন্তা খুব কম এখন দলগুলোর মধ্যে।’ তবে শিরোপার লড়াইয়ে যেমন উত্তেজনা থাকা দরকার ছিল, সেটির অভাব অনুভব করেছেন জোসি। শেখ জামালের সাফল্য আর অন্যদের ব্যর্থতায় শিরোপা লড়াইটা শেষ পর্যন্ত জমল না বলে তাঁর কিছুটা হতাশাও আছে।
হতাশা আবাহনী কোচ অমলেশ সেনেরও কম নেই। তবে তাঁর দৃষ্টিতে, ‘মিডিওকার দলগুলো ভালো করেছে। ফলে মানের দিক থেকে কিছুটা এগিয়েছে এই লিগটা।’ শেখ জামালের সঙ্গে অন্যদের পার্থক্য অনেক বেশি হয়ে যাওয়াটা তাঁর চোখে লিগের জন্য ভালো নয়। অমলেশ মনে করেন, শীর্ষ স্থানের লড়াইটা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে হবে। নইলে একটা সময় লিগের আবেদন আর ধরে রাখা যাবে না।
খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্যের ঘাটতি অবশ্য ঢাকা যায়নি। মুক্তিযোদ্ধার জার্সি গায়ে পুরোনো সৈনিক এনামুল প্রথম পর্বে জ্বলে উঠলেও দ্বিতীয় পর্বে অনেকটাই নিভে গেছেন। গোলমুখে গিয়ে ঠান্ডা মাথায় ‘ফিনিশ’ করার মতো বিচক্ষণতার অভাব, নিখুঁত শুটিং...এসবও বলার মতো ঘাটতি। রক্ষণ সংগঠনে প্রায় সময়ই এলোমেলো লেগেছে অনেক দলকে। ক্রস কীভাবে সামলাতে হবে তা বেশির ভাগ ডিফেন্ডারই রপ্ত করতে পারেননি। ‘বক্স ডিফেন্ডিং’য়ের দুর্বলতা রয়েছে, এতে আরও দক্ষতা বাড়ানোর প্রয়োজন দেখছেন বিশ্লেষকেরা।
তারপরও নতুন কিছু খেলোয়াড় আলো ছড়িয়েছেন। মোহামেডানের জুয়েল রানা, ইব্রাহিম, মাসুক, রহমতগঞ্জের রাব্বি ও আফসারের নাম বলা যেতে পারে। এই লিগ থেকে অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে সুযোগ পেয়েছেন নয়জন খেলোয়াড়, যা ভবিষ্যতের জন্য সুখবর। তবে বরাবরের মতো দাপট সেই বিদেশিদেরই। লিগের সেরা গোলদাতাদের তালিকায় দুএকজন বাদে স্থানীয়দের খুঁজতে হয় আতশি কাচ দিয়ে। এই ছবিটা বেশ কয়েক বছর ধরেই লিগের গায়ে লেপ্টে।
সঙ্গে এবার যোগ হয়েছে ফরাশগঞ্জ–কাণ্ড। নিজেদের নির্বুদ্ধিতায় ম্যাচ চলাকালে খেলতে অস্বীকৃতি জানিয়ে দুই মৌসুম নিষিদ্ধ পুরান ঢাকার দলটি। গোটা লিগেই যা ছিটিয়ে দিয়েছে কালির দাগ।
দর্শক উপস্থিতিও হতাশাজনক। আন্তর্জাতিক ম্যাচে দর্শক উপচে পড়ছে, ঘরোয়া লিগে ঠিক এর উল্টো। প্রিমিয়ার লিগে দর্শক-খরা কাটল না এবারও। লিগটাকে আরও বেশি ঢাকাকেন্দ্রিক করে ফেলা হয়েছে। পেশাদার লিগ মানে বিকেন্দ্রীকরণ—তত্ত্বটা সম্ভবত খাটে না বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন্য!