মানজুকিচের রাতে রজার্সের 'সান্ত্বনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাটলেটিকোর হ্যাটট্রিক হিরো মানজুকিচ l এএফপি
অ্যাটলেটিকোর হ্যাটট্রিক হিরো মানজুকিচ l এএফপি

লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স আগেই বলেছিলেন, দল যদি হারের বৃত্ত থেকে বেরোতে না পারে, যেকোনো সময় বিদায়ঘণ্টা বেজে যাতে পারে তাঁর। আপাতত তাঁর বিদায়ঘণ্টা না বাজলেও পরশু রাতে লুদোগোরেৎসের সঙ্গে ২-২ গোলে ড্র করে খাদের কিনারায় চলে গেছে লিভারপুল। এই ড্রয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে লিভারপুলের ওঠার সম্ভাবনা আটকে গেছে ‘যদি’, ‘কিন্তু’র ঘেরাটোপে। শেষ ম্যাচে শুধু বাসেলের সঙ্গে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে রিয়াল-লুদোগোরেৎসের ম্যাচের দিকেও। রজার্স অবশ্য সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে টানা চার হারের পর এই ড্র-তেই সান্ত্বনা খুঁজতে পারেন!
লিভারপুল জিততে না পারলেও জিতেছে আরেক ইংলিশ ক্লাব আর্সেনাল। ইয়াইয়া সানোগো ও অ্যালেক্সিস সানচেজের গোলে আর্সেন ওয়েঙ্গারের দল বরুসিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারিয়ে চলে গেছে শেষ ষোলোতে। সোয়ানসি সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে টানা দুই ম্যাচ হারের পর এমন একটি জয় মানসিকভাবে চাঙাই করবে গানারদের। ম্যাচ জিতে তাই উৎফুল্ল ওয়েঙ্গার, ‘আমরা এমন একটি দল, যারা সব সময় দাপটে খেলতে পছন্দ করি। কিন্তু কখনো কখনো রক্ষণ সুরক্ষিত রাখতে ভুলে যাই। আজ রাতে সেটি ভালোভাবে পেরেছি আমরা।’
রিয়াল মাদ্রিদের জয়রথ আটকাতে পারছে না কেউ। পরশু রোনালদোর একমাত্র গোলে সুইস ক্লাব বাসেলকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই নিয়ে সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে টানা ১৫ জয় পেল কার্লো আনচেলত্তির দল। রিয়াল কোচ তবু উচ্ছ্বসিত নন, ‘আমরা আমাদের স্বাভাবিক খেলাটাই খেলেছি, রক্ষণ ভালোভাবে সামলেছি, মনোযোগ ধরে রেখেছি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার জয় নিশ্চিত করেছি।’ রোনালদো এদিন তাঁরই ক্লাবের সাবেক তারকা স্ট্রাইকার রাউলের চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সর্বোচ্চ ৭১ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন। ৭৪ গোল নিয়ে রোনালদোর সামনে এখন শুধু লিওনেল মেসি।
তবে রোনালদোর রেকর্ড ছোঁয়ার রাতে সব আলো চুরি করে নিয়ে গেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ স্ট্রাইকার মারিও মানজুকিচ। ক্রোয়েশিয়ান স্ট্রাইকারের দুর্দান্ত এক হ্যাটট্রিকে অলিম্পিয়াকোসকে ৪-০-তে বিধ্বস্ত করে শেষ ষোলোতে উঠেছে গতবারের ফাইনালিস্টরা। এএফপি।
এক নজরে ফল
জেনিত ১ : ০ বেনফিকা
আর্সেনাল ২ : ০ ডর্টমুন্ড
লুদোগোরেৎস ২ : ২ লিভারপুল
বাসেল ০ : ১ রিয়াল মাদ্রিদ
অ্যাটলেটিকো ৪ : ০ অলিম্পিয়াকোস
মালমো ০ : ২ জুভেন্টাস
লেভারকুসেন ০ : ১ মোনাকো
আন্ডারলেখট ২ : ০ গ্যালাতাসারাই
* প্রথমে স্বাগতিক দল