মানবতার ডাকে ফুটবল-বিশ্ব
ঘরহীন ওরা, ঘুম নেই চোখে
যুদ্ধে ছিন্ন ঘর-বাড়ি-দেশ
মাথার ভিতরে বোমারু বিমান
এই কালো রাত কবে হবে শেষ।
মুক্তিযুদ্ধের সময় বাঙালি শরণার্থী শিবিরের লাখো মানুষের দুর্দশা নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গের ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটির কথা মনে আছে? পরে যেটি বাংলায় গান বানিয়েছিলেন মৌসুমী ভৌমিক। মধ্যপ্রাচ্যের যুদ্ধভূমি থেকে ইউরোপে পালিয়ে আসা লাখো শরণার্থীর মুখগুলো যেন সেই গানের কথাগুলোই মনে করিয়ে দেয়। আশ্রয়প্রার্থী শরণার্থীরা পাড়ি জমাতে চাইছেন ইউরোপের বিভিন্ন দেশে। তাঁদের আশ্রয় দিতে দ্বিধান্বিত অনেক দেশের সরকার। কোনো কোনো দেশ আশ্রয় দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছে। আবার অনেক দেশ আশ্রয় দিচ্ছে বিশেষ ব্যবস্থায়, যাতে পরে আবার ফেরত পাঠানো যায়। রাষ্ট্রীয় এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে শরণার্থীদের সাহায্যে এগিয়ে এসেছে ফুটবল-বিশ্ব, বিশেষ করে ইউরোপের নামী-দামি ক্লাবগুলো।
রাষ্ট্রীয় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে শরণার্থীদের সাহায্যে এগিয়ে এসেছে ফুটবল-বিশ্ব, বিশেষ করে ইউরোপের নামী-দামি ক্লাবগুলো
জার্মানিতে আসা শরণার্থীদের সাহায্যে হাত বাড়িয়েছে বায়ার্ন মিউনিখ। স্পেনে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য আর্থিক সাহায্য দিচ্ছে রিয়াল মাদ্রিদ। একই উদ্যোগ নিয়েছে ইতালির রোমা ও ফ্রান্সের পিএসজি। শুধু ক্লাব নয় খেলোয়াড়েরা ব্যক্তিগতভাবেও এগিয়ে এসেছে মানবতার ডাকে সাড়া দিয়ে। মিলিতভাবে বিশাল একটা উদ্যোগ নিয়েছে ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব ফুটবল ক্লাবস (ইসিএ)। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগে এ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে বিক্রি হওয়া প্রতিটি টিকিট থেকে ১ ইউরো শরণার্থীদের সাহায্যে দেবে বলে ঘোষণা করেছে এই দুই টুর্নামেন্টের ৮০টি ক্লাব। ধারণা করা হচ্ছে, এ উদ্যোগের মাধ্যমে ২ থেকে ৩ মিলিয়ন ইউরো উঠবে। দায়বদ্ধতা থেকেই এ কাজটা করছেন বলে জানিয়েছেন ইসিএর সভাপতি কার্ল-হেইঞ্জ রুমেনিগে, ‘উদ্যোগটা প্রথমে নিয়েছিল পোর্তো, তারপর আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি। ফুটবল-বিশ্বকে অবশ্যই নিজেদের ভাগের দায়িত্বটা নিতে হবে। ক্লাবগুলোকেও অবশ্যই শরণার্থীদের সাহায্যে এগিয়ে আসতে হবে। কারণ এটা একটা মারাত্মক ও জটিল সমস্যা।’
শরণার্থীদের খাবার সরবরাহ, জার্মান ভাষাশিক্ষা এবং শিশুদের ফুটবল খেলার বিভিন্ন সরঞ্জাম দেওয়ার পরিকল্পনা করছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। জার্মানির ফুটবল অধিনায়ক বাস্তিয়ান শোয়েনস্টাইগারের আহ্বান, শরণার্থীদের আশ্রয় দিতে গিয়ে অহেতুক ভয় পাবেন না। সাহায্য চেয়ে টুইটারে অনুসারীদের কাছে আবেদন জানিয়েছেন বায়ার্ন মিউনিখের মারিও গোটশে ও জাভি মার্টিনেজ। মার্টিনেজ নিজেও গত সপ্তাহে জার্মানির রেলস্টেশনগুলোয় শরণার্থীদের মধ্যে কাপড় ও ফুটবল বিতরণ করেছেন। স্পেনে আশ্রয় নেওয়া সিরিয়ার শরণার্থীদের জন্য ১০ লাখ ইউরো দান করার ঘোষণা দিয়েছে রিয়াল মাদ্রিদ, ১০ লাখ ইউরো দিচ্ছে পিএসজিও। ইতালির রোমা দিচ্ছে ৫ লাখ ৭৫ হাজার ইউরো, যার মধ্যে ২ লাখ ৫০ হাজার ইউরো দিয়েছেন ক্লাব সভাপতি জেমস পালোত্তা। শুধু তা-ই নয়, ক্লাবের তিন খেলোয়াড় ফ্রান্সেসকো টট্টি, এডিন জেকো ও মিরালেম পিয়ানিচের জার্সিও নিলামে তুলছে রোমা। পুরো অর্থটা দেওয়া হবে জাতিসংঘের শরণার্থী তহবিল, রেডক্রস ও ‘সেভ দ্য চিলড্রেন’-এর মতো বেসরকারি সংস্থাগুলোকে। ফ্রান্সের বন্দরনগরী ক্যালাইসের একটা শরণার্থী শিবিরে ১ লাখ ইউরো অনুদান দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনও। হাজার হাজার শরণার্থী সেখানে আশ্রয় নিয়েছেন ইংল্যান্ডগামী ইউরো-রেল ধরার জন্য।
বসে নেই চারবারের ফিফা বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসিও। কয়েক দিন আগেই ফেসবুকে শরণার্থীদের একটি ছবি দিয়ে মেসি লিখেছেন, ‘একুশ শতকে এসে এই দৃশ্য অসহনীয়।’ নিজের দাতব্য সংস্থাগুলোর জন্য সাহায্যও চেয়েছেন মেসি। যে সংস্থাগুলোর একটি কাজ করছে জর্ডানে আটকে পড়া সিরীয় শরণার্থী শিশুদের সাহায্যে। এএফপি।