মানবতার ডাকে মারে
ইউরোপের বিভিন্ন ফুটবল ক্লাব ও খেলোয়াড়েরা শরণার্থীদের সাহায্যে এগিয়ে এসেছে। মানবতার ডাকে সাড়া দিয়ে ইউরোপে আশ্রয়প্রার্থী শরণার্থীদের সাহায্যে এবার এগিয়ে এলেন টেনিস তারকা অ্যান্ডি মারেও। এই বছরের বাকি সময়ে কোর্টে যতগুলো ‘এইস’ করবেন মারে, প্রতিটির জন্য ৫০ পাউন্ড করে জমা দেবেন শরণার্থী তহবিলে। মানবতার জন্য একটা কিছু করার তাগিদ থেকেই ব্রিটিশ টেনিস তারকার এই সিদ্ধান্ত, ‘সাম্প্রতিক সপ্তাহগুলোয় ছবি ও খবর দেখে আমার উপলব্ধি সেসব শিশু ও পরিবারের সাহায্যে জন্য কিছু একটা করা দরকার, যারা তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে।’ মারের এ ঘোষণায় উদ্দীপ্ত তাঁর স্পনসর স্ট্যান্ডার্ড লাইফ, অ্যাসোসিয়েশন অব টেনিস প্লেয়ার্স এবং লন টেনিস অ্যাসোসিয়েশনও ঘোষণা করেছে, মারের প্রতিটি এইসে যে পরিমাণ অর্থ ইউনিসেফের শরণার্থী তহবিলে জমা হবে সেই পরিমাণ অর্থ তারাও দান করবে। অর্থাৎ মারের এক এইসের মানেই ৫০+৫০+৫০+৫০=২০০ পাউন্ড অর্থ জমা হওয়া ইউনিসেফের শরণার্থী তহবিলে। এএফপি।