মানবতার ডাকে মেসি

বার্সেলোনার জার্সিতে মাঠে নামলেই লিওনেল মেসি অনেকটা ‘দাতা হাতেম তাই’ হয়ে যান। সতীর্থদের দিয়ে ভূরি ভূরি গোল করানোতে একেবারে দরাজ হাত মেসি। মাঠের বাইরেও কিন্তু মানবতার ডাকে নিয়মিত সাড়া দেন তিনি। শিশুদের জন্য ‘মেসি ফাউন্ডেশন’ নামে একটি প্রতিষ্ঠানও আছে তাঁর। শিশুদের জন্যই আবারও খবরের শিরোনাম হলেন মেসি। বসনিয়ার এক হাসপাতালের জন্য নিজের স্বাক্ষরিত একটি জার্সি উপহার দিয়েছেন আর্জেন্টাইন তারকা।
বসনিয়ার ত্রাভনিক শহরের একটি হাসপাতালের সৌভাগ্য হয়েছে মেসির জার্সিটি পাওয়ার। হাসপাতালটি শিশুদের বিভাগকে ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। সে উপলক্ষে ডিসেম্বরের ২১ তারিখ থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত নিলামের আয়োজন করছে তারা। এই নিলাম উপলক্ষেই মেসির সঙ্গে যোগাযোগ করেন মানবাধিকার কর্মী জেসমিনা ফায়িকিচ। ফায়িকিচই জানালেন, শিশুদের জন্য এ উদ্যোগ নেওয়া হচ্ছে শুনে মেসি নিজেই স্বাক্ষরিত একটি জার্সি পাঠিয়ে দিয়েছেন। এই নিলামে অবশ্য মেসি ছাড়াও বেশ কয়েকজন ক্রীড়াবিদের জার্সি নিলামে তোলা হবে। ক্রোয়েশিয়ার মাতেও কোভাচিচ, বসনিয়ার মিরালেম পিয়ানিচ ও এডেন জেকোর জার্সিও উঠছে নিলামে।
নিলাম থেকে প্রাপ্ত অর্থ দিয়ে নতুন চিকিৎসা সরঞ্জাম কেনার পরিকল্পনা হাসপাতালটির। মেসির মতো তারকাদের জার্সি পেয়ে যাওয়ায় কাজটি অবশ্য এখন খানিকটা সহজ হয়ে যাওয়ার কথা। সূত্র: এফে।