মানবতার ডাকে সাড়া রিয়াল মাদ্রিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতার ডাকে সাড়া দিয়েছে রিয়াল মাদ্রিদ। সংগৃহীত ছবি।
মানবতার ডাকে সাড়া দিয়েছে রিয়াল মাদ্রিদ। সংগৃহীত ছবি।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে অসংখ্য শরণার্থী আসছেন ইউরোপের বিভিন্ন শহরে। তুরস্কের সমুদ্রসৈকতে পড়ে থাকা আয়লান কুর্দির মৃতদেহের ছবিটা নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে। নড়ে-চড়ে বসেছে ইউরোপের বিভিন্ন সংস্থা ও গোষ্ঠী। ফুটবলের ক্লাবগুলোও এর বাইরে নয়। তারা এগিয়ে আসছে অসহায় শরণার্থীদের কল্যাণে। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ স্পেনে আশ্রয় নেওয়া শরণার্থীদের জন্য দশ লাখ ইউরো অনুদানের ঘোষণা দিয়েছে।
ক্লাব ওয়েবসাইটে প্রকাশিত এ সংক্রান্ত বিবৃতির ভাষা অনেকটা এমন, ‘রিয়াল মাদ্রিদ স্পেনে আশ্রয় প্রার্থীদের জন্য দশ লাখ ইউরো অনুদানের ঘোষণা দিচ্ছে। এই মানুষগুলো (নারী, শিশু এবং পুরুষ সকলেই) যুদ্ধের বিভীষিকা থেকে বাঁচার জন্য তাঁদের ঘর ছেড়েছে। তাঁদের সাহায্যে আমাদের এগিয়ে আসা উচিত। রিয়াল মাদ্রিদ মানবতার সেবায় প্রতিজ্ঞাবদ্ধ।’
রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন পুরো বিষয়টি নিয়ে। সেখানে তিনি প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন, শরণার্থীদের আশ্রয়দান প্রসঙ্গে রিয়াল মাদ্রিদের মতো ক্লাব আর কী কী সাহায্যে আসতে পারে। ইতিমধ্যে ক্লাব কর্তৃপক্ষ শরণার্থী শিশুদের খেলার সরঞ্জাম উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শরণার্থীদের দেখভালের সুবিধার্থে স্পেন সরকার গঠিত কমিশনকে নিজেদের কিছু অবকাঠামো ব্যবহার করতে দেওয়ারও প্রস্তাব দিয়েছে ইউরোপের অন্যতম ধনী ও সেরা এই ক্লাবটি।
এর আগে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখও দশ লাখ ইউরো অনুদানের ঘোষণা দিয়েছে শরণার্থীদের কল্যাণে। সূত্র: এএফপি।