মানবিক ইতো

তুরস্কের সাগরতটে আয়লান কুর্দির লাশ দেখে যখন পুরো পৃথিবী কাঁদছে তখন পশ্চিম আফ্রিকায় অনেকটা অলক্ষ্যে চলছে আদিম বর্বরতা। জঙ্গি সংগঠন বোকো হারামের তাণ্ডবে কাঁপছে নাইজেরিয়া, ক্যামেরুন ও চাদের মানুষ। সবচেয়ে বড় ঝড়টা গেছে নাইজেরিয়ার ওপর দিয়ে। ইতিমধ্যে সে দেশের প্রায় দুই লাখ মানুষ শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে ক্যামেরুনে। এই মানুষদের সাহায্যে এগিয়ে এসেছেন ক্যামেরুনের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার স্যামুয়েল ইতো। নিজের প্রতিষ্ঠিত স্যামুয়েল ইতো ফাউন্ডেশনের সঙ্গে মিলে চালু করেছেন ‘ইয়েলো হুইসেল ব্লোয়ার এফসি’ নামের একটি মঞ্চ। পরশু লন্ডনে শরণার্থীদের সহায়তার উদ্দেশ্যে আয়োজিত এক নিলাম অনুষ্ঠানে এসে ইতো বোকো হারামের নৃশংসতাকে বলেছেন ‘বিপুল গভীরতার মানবিক সংকট’। বিশ্ববিবেকের নির্বিকার ভূমিকা দেখে উদ্ধৃতি টেনেছেন মার্টিন লুথার কিং জুনিয়রের, ‘চূড়ান্ত দুঃখজনক ব্যাপার হলো খারাপ লোকের শোষণ ও নৃশংসতা নয় বরং এ নিয়ে ভালো মানুষের নীরবতা।’
আন্তর্জাতিক এনজিও অক্সফাম ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরও পাশে দাঁড়িয়েছে ইতোর। চলমান মানবিক সংকট আন্তর্জাতিক সংবাদমাধ্যমে যথাযথ মনোযোগ না পাওয়ায় আক্ষেপ করেছেন ইতো, ‘পশ্চিম আফ্রিকায় আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি তা নিয়ে আমরা মানুষকে সচেতন করতে চাই।’ গার্ডিয়ান।