মানবিক রোনালদো

একটা সময় মনে হতো, ক্রিস্টিয়ানো রোনালদো বুঝি এক মেজাজি মহাতারকা, অহংবোধে পূর্ণ দারুণ সফল এক ফুটবলার। কিন্তু সেই ভাবমূর্তি ভুলিয়ে দিয়ে ‘সিআর সেভেন’ অনেক আগেই নিজেকে চিনিয়েছেন ভীষণ মানবিক এবং সহৃদয় একজন হিসেবেও। রোনালদোর সেই মানবিক দিকটা দেখা গেল আরও একবার। পর্তুগিজ এক দম্পতির অপ্রাপ্তকালে জন্ম নেওয়া এক শিশুকে বাঁচাতে সাহায্যের আবেদন করেছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার।
পর্তুগিজ দম্পতি গনকালো ও ইউজেনিয়া কুইরোজের সন্তান মারগারিদার পৃথিবীর আলো দেখার কথা ছিল আগামী বছর ফেব্রুয়ারিতে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে গত সপ্তাহে দুবাইয়ের এক হাসপাতালে জন্ম হয় তার। সময়ের আগেই জন্ম এই শিশুটিকে বাঁচিয়ে রাখতে প্রতিদিনই বিশাল অঙ্কের চিকিৎসা-ব্যয় বহন করতে হচ্ছে তার মা-বাবাকে। কিন্তু গনকালো ও ইউজেনিয়া দম্পতির সামর্থ্য নেই সেই খরচ চালানোর। নিরুপায় মা-বাবা তাই ফেসবুকের মাধ্যমে সাহায্যের আবেদন করেছিলেন। তাতে সাড়াও মিলেছে যথেষ্ট। এক সপ্তাহের মধ্যে শিশুটির চিকিৎসার জন্য এক লাখ ইউরো পেয়েছেন ওই দম্পতি।
তবে দীর্ঘ চিকিৎসার জন্য সেটাও নিতান্তই অপ্রতুল। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়ার পর নজরে আসে রোনালদোরও। পুরো ব্যাপারটা তাঁকে এতই স্পর্শ করেছে যে নিজের ফেসবুক পেজে মারগারিদার জন্য সাহায্যের আবেদন করেন পর্তুগিজ উইঙ্গার, ‘চলুন আমরা মারগারিদাকে বাঁচিয়ে তুলি। কোনো সাহায্যই ছোট নয়।’
রোনালদোর কাছ থেকে এমন সাড়া পেয়ে অভিভূত শিশুটির পরিবার। মারগারিদার দাদি তাঁদের এই আকুতি সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য ধন্যবাদ দিয়েছেন রোনালদোকে। জবাবে রোনালদোও নাকি ব্যক্তিগত বার্তা পাঠিয়েছেন মারগারিদার জন্য শুভ কামনা জানিয়ে। আইএএনএস।