মানসিকতাতেই সমস্যা দেখেন মারুফুল
সময় পেয়েছেন মাত্র ২১ দিন। তবু নিজে স্বপ্ন দেখেছেন, দলকেও ভাসিয়েছেন সেই তরিতে। সাফ জেতা সম্ভব বলে মারুফুল হক দেখলেন আসলে তা কত কঠিন। সেই কঠিন বাস্তবতায় বাংলাদেশ দলের কোচের উপলব্ধি, এ দেশের ফুটবলকে দাঁড় করাতে যেতে হবে বহুদূর।
আফগানিস্তানের পর মালদ্বীপের কাছেও বড় হার বাংলাদেশের জন্য লজ্জারই। সাফের অভিযান শেষ হওয়ার পেছনে কেরালা আসা প্রায় সবারই অভিন্ন মত, বাংলাদেশ দলের সামর্থ্যই ক্ষীণ হয়ে পড়েছে। অন্যরা এগিয়ে গেছে, বাংলাদেশের হচ্ছে অবনতি। তবে অন্যদের মতো মারুফ মনে করেন না এটাই বাংলাদেশ দলের মান। তাঁর চোখে সমস্যাটা বরং অন্য, ‘আমাদের সমস্যাটা মানসিক। মান সবারই সমান, তবে আমাদের ফুটবলাররা ভাবতে পারে না জয় সম্ভব। এই মানসিক বাধাই কাল হয়ে দাঁড়িয়েছে।’
কিন্তু মাঠের পারফরম্যান্স সেটা বলে না। বাংলাদেশ দল গুছিয়ে ফুটবল খেলতেই ভুলে গেছে। প্রতিভার আকালও একটা বড় কারণ। প্রতিভা তুলে আনার ওপর তাই জোর দিলেন মারুফুল, ‘সময় এসেছে আমদের আরও তৃণমূলে যেতে হবে। নিচে থেকে খেলোয়াড় তুলে আনতে না পারলে আমাদের মান আরও নিচে চলে যাবে।’
মালদ্বীপকে হারাতে শেষ দিকে ডিফেন্ডার তুলে আক্রমণে লোক বাড়ান মারুফুল। গোলের জন্য সেটাই ছিল সময়ের দাবি। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়েরা আক্রমণেই গেলেন শুধু, নিচে আর নামতে পারলেন না। গোলের রাস্তাটা এতেই পেয়ে গেছে প্রতিপক্ষ। তৃতীয় গোলটা স্রেফ নিজেদের নিচে নেমে আসার ব্যর্থতারই মাশুল। মারুফুলের চোখেও তা ধরা পড়েছে, ‘জেতার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি। কিন্তু খেলোয়াড়েরা রক্ষণে জায়গামতো পৌঁছাতে না পারলে গোল হবেই।’
মারুফুলের নিজের জন্যই এটি চরম হতাশার। প্রথমবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে সাফ এনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বড় মুখে। কিন্তু ফুটবলাররা তাঁর মুখটা ঢেকে দিলেন হতাশার অন্ধকারে। গ্রুপ পর্ব থেকেই এখন দেশে ফেরার প্রস্তুতি নিতে হচ্ছে। এমনটা চাননি মারুফুল, ‘এভাবে বিদায় নিতে আমি চাইনি। স্বাভাবিকভাবেই খুব খারাপ লাগছে।’
মালদ্বীপের কোচ রিকি হার্বার্ট খুশি। তবে উচ্ছ্বসিত নন, ‘এটা আমাদের স্বাভাবিক একটা জয়ই। ১-১ হওয়ার পরও আশা ছাড়িনি। বিশ্বাস ছিল জিততে পারব।’
সেই বিশ্বাসই গুঁড়িয়ে দিল বাংলাদেশের সাফ-মিশন। আগামীকাল ভুটানের সঙ্গে আনুষ্ঠানিকতার ম্যাচটা খেলে শূন্য হাতেই উঠতে হবে বিমানে।