মানিকহীন মুক্তিযোদ্ধা
কাগজ-কলমে এখনো মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্রের কোচ শফিকুল ইসলাম মানিক। তবে কয়েক দিনের মধ্যে সম্পর্কটা আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যেতে পারে। তেমন ইঙ্গিতই দিচ্ছেন মুক্তিযোদ্ধার কর্মকর্তারা।
দলটির ম্যানেজার ফিরোজ মাহমুদ টিটু প্রথমে এ বিষয়ে কিছু বলতে না চাইলেও পরে এটুকু বললেন, ‘মানিক ভাই কার্যত আর মুক্তিযোদ্ধার সঙ্গে নেই। ক্লাব কর্তৃপক্ষ নতুন কোচ খুঁজছে।’ তাঁর দেওয়া তথ্য, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে তিনটি নাম—ভারতের সৈয়দ নইমুদ্দিন, শ্রীলঙ্কার পাকির আলী ও গাম্বিয়ার ওমর সিসে। তিনজনই ঢাকায় ক্লাব কোচিং করিয়েছেন। তবে গত মৌসুমে ফেনী সকারের কোচ ওমর সিসের সম্ভাবনাই বেশি।
শফিকুল ইসলাম মানিক অবশ্য মুক্তিযোদ্ধার সঙ্গে সম্পর্কচ্ছেদের ব্যাপারে কিছু বলতে চাননি, ‘আমি এমন কিছু জানি না। আমার সঙ্গে বিচ্ছেদ এখনো হয়নি মুক্তিযোদ্ধার। আমাকে এ ব্যাপারে কিছু জানানো হয়নি। তবে আমি এখনো মুক্তিযোদ্ধাকে ভালোবাসি।’ জানা গেছে, মুক্তিযোদ্ধার নতুন মৌসুমের দল গড়ার প্রক্রিয়ায় মানিক সম্পৃক্ত নেই। তিনি কিছুদিন ধরে ক্লাবেও যান না।
গত মৌসুমে মুক্তিযোদ্ধার মতো খুব সাদামাটা একটা দলকে লিগে তৃতীয় করেছেন, ফেডারেশন কাপে রানার্সআপ। তার পরও সম্পর্কচ্ছেদ কেন? দলের একটি সূত্র জানিয়েছে, পারফরম্যান্সের কারণে নয়, ক্লাব কর্তাদের কারও কারও বিরাগভাজন হয়েছেন মানিক। এর আগে টানা নয় বছর মুক্তিযোদ্ধার কোচ ছিলেন, পাঁচ বছর পর ফিরে টানা তিন মৌসুম কাটালেন এবার।