চারবারের আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) চ্যাম্পিয়ন ঘানা। পাঁচবারের রানার্সআপ। যুগে যুগে দেশটা উপহার দিয়েছে মাইকেল এসিয়েন, আসামোয়া জিয়ান, আবেদি পেলের মতো তারকাদের। এখন খেলেন আন্দ্রে আইয়ু, জর্ডান আইয়ু, টমাস পার্টির মতো তারকারা।
নিঃসন্দেহে বেশ শক্তিশালী দল। কিন্তু শক্তিশালী দল নিয়েও এবার আফকনের গেরো কাটাতে পারল না ঘানা। বাদ পড়ল প্রথম রাউন্ড থেকেই।
প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে হেরে যাওয়া ঘানা দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ১-১ গোলে ড্র করেছিল গ্যাবনের সঙ্গে। পরের রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখতে শেষ ম্যাচে জিততেই হতো। কিন্তু সে আশায় পানি ঢেলে দিয়েছেন স্বয়ং ঘানা অধিনায়ক আন্দ্রে আইয়ু। ২৫ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন, যে ধাক্কা থেকে ফিরে আসতে পারেনি ঘানা। পুঁচকে কমোরোসের বিপক্ষে হেরেছে ২-৩ গোলে।
চার মিনিটেই রেড স্টার বেলগ্রেডের স্ট্রাইকার ফারদু বেনের গোলে পিছিয়ে পড়ে ঘানা। ২৫ মিনিটে আইয়ুর লাল কার্ড যন্ত্রণা আরও বাড়িয়ে দেয়। ৬১ মিনিটে ব্যবধান বাড়ান স্ট্রাইকার আহমেদ মোগনি। এরপরই যেন আড়মোড়া দিয়ে ঘুম ভাঙে ঘানার। ১৪ মিনিটের মধ্যে ২ গোল শোধ করেন রিচমন্ড বোয়াকে ও অ্যালেক্সান্ডার জিকু। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে কমোরোসকে আনন্দের সাগরে ভাসান মোগনি, নিশ্চিত করেন পরের রাউন্ডে যাওয়া হচ্ছে না ঘানার।
এবারের আফকনের অন্যতম রোমাঞ্চকর ম্যাচে ২-২ গোলে ড্র করেছে গ্যাবন ও মরক্কো। ২১ মিনিটে স্ট্রাইকার জিম আলেভিনার গোলে গ্যাবন এগিয়ে গেলেও মরক্কোকে সমতায় ফেরান সোফিয়ানে বুফল। মরক্কোর ডিফেন্ডার নায়েফ আগের্দের আত্মঘাতী গোলে আবারও এগিয়ে যায় গ্যাবন। তিন মিনিট পরেই মরক্কোকে সমতায় ফেরান পিএসজির রাইটব্যাক আশরাফ হাকিমি। গ্রুপের প্রথম দুই দল হয়ে পরের রাউন্ডে উঠেছে মরক্কো ও গ্যাবন।
ওদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ গোলে হেরেও খুব বেশি ক্ষতি হয়নি গিনির। গ্রুপে দ্বিতীয় দল হয়ে পরের রাউন্ডে উঠেছে নাবি কেইতার দল। মালাউইর সঙ্গে ড্র করা সেনেগাল এই গ্রুপের শীর্ষ দল। ছয় গ্রুপ থেকে শীর্ষ দুই দল যাবে পরের রাউন্ডে, ছয় গ্রুপের তৃতীয় স্থানে থাকা ছয়টি দলের মধ্যে শীর্ষে থাকা চার দলকে সঙ্গে নিয়ে।