মাফিয়াদের কারণেই কোচিংয়ে নেই ম্যারাডোনা!

ডিয়েগো ম্যারাডোনা কোথাও সাক্ষাৎকার দেবেন, আর সেখানে বিতর্কিত কিছু বলবেন না, তা হয় নাকি! স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কাকে দেওয়া সাম্প্রতিক সাক্ষাৎকারেও ফুটবলপ্রেমীদের ‘হতাশ’ করেননি আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর। মাফিয়াদের কারণে তিনি কোচিংয়ে ফিরতে পারছেন না, অখেলোয়াড়েরা ফিফা চালাচ্ছে, ম্যানুয়েল নয়্যারকে ব্যালন ডি’অর না দেওয়াটা বিশাল ভুল—এমন আরও কত যে তির্যক মন্তব্য করেছেন!
সবচেয়ে বেশি ক্ষোভটা ঝেড়েছেন তাঁর কোচিংয়ে ফেরার সম্ভাবনার প্রশ্নে। আর্জেন্টিনা দলের কোচ ছিলেন বছর দুয়েক (২০০৮-২০১০)। কিন্তু ২০১০ বিশ্বকাপের ব্যর্থতার পর তাঁকে বিদায় নিতে হয়। এরপর সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল ওয়াসলের কোচ হয়েছিলেন ২০১১ সালে। সেখানেও বছর খানেকের বেশি টেকেননি। আবার কি কোচিংয়ে ফেরার ইচ্ছে আছে তাঁর? উত্তরে সব ক্ষোভ উগরে দিলেন ম্যারাডোনা, ‘আমি তো কোচিংয়ে ফিরতেই চাই। কিন্তু ফুটবল বিশ্বে বড় বড় কিছু মাফিয়া আছে। কোচিং বিশ্বটাকে নিয়ন্ত্রণ করে এজেন্টরা, কোচের প্রতিভায় কিছু যায় আসে না। আমি সেই বিশ্বের অংশ হতে চাই না। আমি ফুটবল খেলেছি, সেই জ্ঞানটা বাকিদের মধ্যে ছড়িয়ে দিতে চাইও। সে জন্য আমার কোচিংয়ে ফেরার ইচ্ছে আছে। কিন্তু আমি এসব লোককে টাকা দিতে পারব না।’
কেন এজেন্টদের ওপর এত ক্ষোভ? ‘এই চক্রটা ছড়িয়ে গেছে। ভ্যালেন্সিয়া থেকে মাদ্রিদ, বার্সেলোনা থেকে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার সিটি থেকে ম্যানচেস্টার ইউনাইটেড। অদ্ভুত ব্যাপার। আজ থেকে ১৫ বছর আগেও রিয়াল মাদ্রিদ বা এসি মিলান নিজেদের পছন্দমতো কোচ নিত। এখন এজেন্টরা সব ক্লাবে তাদের ব্যবসায়িক ক্লায়েন্ট পাঠাচ্ছে’—বলেছেন ম্যারাডোনা।
এই ক্ষোভ প্রকাশের মধ্যেই এখনকার কয়েকজন কোচ সম্পর্কে নিজের মত দিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি, ‘আমি জিদানের জন্য বেশ খুশি। ও খেলোয়াড়দের বোঝে। আমি জানি, সে যদি ব্যর্থ হয়, সবাই বলে দেবে—ভালো খেলোয়াড়েরা ভালো কোচ হতে পারে না। কিন্তু ইয়োহান ক্রুইফ সেটা অনেক আগেই ভুল প্রমাণ করেছেন। তিনি সবকিছু জিতেছেন। সিমিওনিও ভালো করছে। একজন পেশাদার মানুষ ও ব্যক্তি হিসেবে আমি ওকে শ্রদ্ধা করি। অ্যাটলেটিকো মাদ্রিদকে সে রিয়াল-বার্সার পর্যায়ে নিয়ে গেছে, দুটি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল খেলেছে। গার্দিওলাও দারুণ কোচ। তবে আমার মনে হয় না, সে টিকি-টাকা সৃষ্টি করেছে। ক্রুইফ ছিলেন এটার পথিকৃৎ।’
ফিফার দীর্ঘ দিনের সমালোচক ম্যারাডোনা এই সাক্ষাৎকারেও ছেড়ে কথা বলেননি ফুটবল প্রশাসনের কর্তাদের, ‘আমার সঙ্গে ইনফান্তিনোর (ফিফার সভাপতি) কথা হয়েছে। আমি ৩০ বছর ধরে যেটা বলে আসছি, সেটাই তাকে বলেছি। ফুটবল খেলোয়াড়েরা নেতা নন কেন? ফিফার কর্তারা কেউ বলে লাথি দেননি। অনেকেই আছেন, যাঁরা আমার সঙ্গে এটার পক্ষে লড়াই করবেন।’
ম্যারাডোনা কথা বলেছেন মাঠের খেলা নিয়েও। মেসি-রোনালদোকে তুলনা করতে গিয়ে বলেছেন, ‘এরা দুজন বাকি সবার চেয়ে এগিয়ে। রোনালদোকে যেমন মেসির চেয়ে এগিয়ে রাখা যাবে না, তেমনি উল্টোটাও করা যাবে না। রোনালদো সব সময়ই ফুটবলের প্রতি অসাধারণ আবেগ দেখিয়ে গেছে। আবার সত্যি বলতে, এটার পুনরাবৃত্তি করতে আমার বিরক্ত লাগে যে, একজন ফেনোমেনন হতে গেলে মেসির বিশ্বকাপ জেতার দরকার নেই।’
তবে মেসির ব্যক্তিত্ব নিয়ে আগের মতোই সমালোচনা ম্যারাডোনার কণ্ঠে, ‘যদি তোমার ব্যক্তিত্ব না থাকে এবং দেশের জাতীয় সংগীত গাওয়া থেকে বিরত থাকো, তবে তোমার একা থাকা উচিত। এই ছেলেটার (মেসি) গ্রীষ্মের সময় জাতীয় দল থেকে অবসর নেওয়ার সব অধিকার ছিল। পরে সে আবারও ফিরে এসেছে এবং সমালোচিত হয়েছে।’
এই দুজনের পাশাপাশি ম্যারাডোনা মুগ্ধ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের খেলাতেও, ‘আমি জানি, রিভালদো, রোনালদিনহো, কাকার পর ব্রাজিল নেইমারকে নিয়ে কথা বলবে। এই ছেলেটাকে আমার ভালো লাগে, কারণ তাকে ২০০ বার লাথি মারা হলেও সে ঠিকই উঠে দৌড়াবে এবং ড্রিবলিং করেই যাবে।’
২০১৬ সালের ব্যালন ডি’অর কে পেতে পারেন, সেই প্রশ্নও করা হয়েছিল ম্যারাডোনাকে। এই উত্তরটা দিতে গিয়ে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পুরস্কারটি নিয়েই প্রশ্ন তুলেছেন, ‘আমার কাছে ব্যালন ডি’অর মোটেও যথার্থ নয়। যেমন ২০১৪ সালে মেসি ও রোনালদোর সঙ্গে ম্যানুয়েল নয়্যার সেরা তিনে ছিল। জার্মান গোলরক্ষকেরই জেতা উচিত ছিল, কারণ সে তখন মাত্রই বিশ্বকাপ জিতেছে।’ সূত্র: মার্কা।