মামুনুল-হেমন্তসন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরস্কার হাতে গত মৌসুমের সেরা খেলোয়াড় মামুনুল ইসলাম এবং দুই সেরা উদীয়মান সানজিদা আক্তার ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস l সাজিদ হোসেন
পুরস্কার হাতে গত মৌসুমের সেরা খেলোয়াড় মামুনুল ইসলাম এবং দুই সেরা উদীয়মান সানজিদা আক্তার ও হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস l সাজিদ হোসেন

সবচেয়ে আকর্ষণীয় পুরস্কারের ঘোষণাটা এল সবার শেষে। ততক্ষণে অনেকেই ছেড়ে গেছেন জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তন। সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠান শুরু হয়ে রাত নয়টা বেজে গেছে। মিলনায়তনে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বিকল। গরমে সেদ্ধ হয়েও ‘শেষ আকর্ষণ’ দেখার অপেক্ষায় ছিলেন অনেকে। ২০১৩-১৪ মৌসুমে সেরা ফুটবলার হিসেবে বাফুফে অ্যাওয়ার্ডটা তাঁরা দেখলেন মামুনুল ইসলামের হাতে।
মামুনুলের সঙ্গে ছবি তুলতে মঞ্চে ডাক পড়ল বাকি তিনজনের। এই বাকি তিনজন হলেন সানজিদা আক্তার, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও সাবিনা খাতুন। প্রথমজন ২০১৩-১৪ মৌসুমে সেরা উদীয়মান নারী খেলোয়াড়, দ্বিতীয়জন একই মৌসুমে সেরা পুরুষ উদীয়মান ও শেষেরজন একই মৌসুমে সেরা নারী খেলোয়াড়। সেরা খেলোয়াড় মনোনয়নে প্রাথমিক নির্বাচনটা করেছে বাফুফের কোচেস প্যানেল। সেখান থেকেই সাংবাদিকদের ভোটে সেরা নির্বাচিত এই চারজন। সাবিনা মালদ্বীপে থাকায় তাঁর হয়ে পুরস্কার নিলেন সতীর্থ সুইনু প্রু।
পুরস্কার নিয়ে মামুনুল খুবই খুশি। সবার অভিনন্দন, ছবি তোলার ফাঁকে কথা বলার ফুরসতও নেই। তার মধ্যেই বললেন, ‘দারুণ লাগছে। আরও ভালো খেলার প্রেরণা পেলাম।’ হেমন্তর জন্য সন্ধ্যাটা ছিল বেশি উপভোগ্য। মাত্রই শীর্ষ স্তরে খেলা শুরু করে জাতীয় দলের জার্সি গায়েও চোখ কেড়েছেন। মঞ্চে নাম ঘোষণার পর একটা দৌড়ই লাগালেন!
খানিক আগেই মিলনায়তন গমগম করছিল এনামুল হক, মিঠুন চৌধুরী, ওয়াহেদ আহমেদদের ট্রফি নিয়ে ছবি তোলার হিড়িকে। প্রিমিয়ার লিগে ২০০৯ সালে আবাহনীকে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা রাখা এনামুল পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার (২১ গোল)। পরের লিগেই মুক্তিযোদ্ধার হয়ে মিঠুন (১৬) ও গত লিগে মোহামেডানের জার্সিতে ওয়াহেদ (১৫) পেলেন স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ গোল করার পুরস্কার।
এনামুলের হাতে মুক্তিযোদ্ধার দলীয় কয়েকটি পুরস্কারও। সেগুলো দুই হাতে নিয়ে ছবি তুলতে তুলতে নানা মজা, রসিকতা। এক ফাঁকে বলছিলেন, ‘সর্বোচ্চ গোল যখন করেছি, আশা ছিল একদিন না একদিন পুরস্কার পাবই।’
সেই ‘একদিন’ এল গতকাল। ২০০৯ সালের পর এটিই বাফুফের প্রথম অ্যাওয়ার্ড নাইট। ছয় বছরে সব লিগ, টুর্নামেন্টের পুরস্কার মানে বিশাল এক আয়োজন। সব মিলিয়ে ৬৫টি পুরস্কার। তবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন না থাকায় অনুষ্ঠানটা একটু তো রং হারিয়েছেই। গতকালই বিদেশ থেকে ফেরার কথা থাকলেও জরুরি কাজে আটকা পড়ে যাওয়ায় ফিরতে পারেননি তিনি।
তার ওপর বাফুফের একই কর্তাব্যক্তিরা বারবার পুরস্কার তুলে দেওয়ায় বিরক্তি প্রকাশ করছিলেন খেলোয়াড়-সংগঠকদের অনেকেই। ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় ও বাফুফের জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীকে মঞ্চে ডাকা হয়েছে অন্তত আট-দশবার। মঞ্চে একাধিকবার যেতে হয়েছে বাফুফের প্রায় সব কর্মকর্তাকেই। সবাইকে খুশি করতে তেমন উল্লেখযোগ্য নন, এমন সংগঠকও বাদ পড়েনি। অথচ বাফুফের বাইরে থাকা অনেক সাবেক তারকা খেলোয়াড় এলেও তাঁদের ডাকা যেন মানা! বাফুফের কর্তারা নিজের ঘরে নিজেই অতিথি! একপর্যায়ে দেখা গেল, পুরস্কার দিতে মঞ্চে দাঁড়িয়ে ১৪-১৫ জন! জায়গা নেই, ঠেলাঠেলি অবস্থা!
পুরস্কারের ফাঁকে ফাঁকে গান। দেশের প্রথম সারির কয়েকজন শিল্পী গানের সঙ্গে ঠোঁট মেলালেন। এগুলোর কোনো আকর্ষণই ছিল না। ফুটবলের অনুষ্ঠানে ফুটবলসংক্রান্ত কোনো সাংস্কৃতিক পর্ব না থাকাটা নিয়ে অনুযোগ করলেন অনেকেই।
এত এত পুরস্কার, অথচ কোচ-রেফারিদের জন্য পুরস্কার নেই। তাঁরা উপেক্ষিত। অ্যাওয়ার্ড নাইটটা তাই সর্বজনীন হতে পারল না।