মামুনুলকে চেয়ে বাফুফের চিঠি
শ্রীলঙ্কার সঙ্গে দুটি প্রীতি ম্যাচের জন্য মামুনুল ইসলাম ও ডেনমার্কপ্রবাসী জামাল ভূঁইয়াকে চেয়েছেন কোচ লোডভিক ডি ক্রুইফ। জামালকে পাওয়া যাবে। তিনি ম্যাচের আগে ঢাকা আসবেন বলে জানিয়ে দিয়েছেন বাফুফেকে। তবে শ্রীলঙ্কার সঙ্গে যশোরে ২৪ ও রাজশাহীতে ২৭ অক্টোবরের ম্যাচ দুটিতে অধিনায়ক মামুনুলকে পাওয়া যাবে কি না নিশ্চিত নয়।
অক্টোবরের শেষ সপ্তাহে ইন্ডিয়ান সুপার লিগে মামুনুলের দল অ্যাটলেটিকো ডি কলকাতার দুটি ম্যাচ আছে। তবে ২০-২৭ অক্টোবর এই আট দিনের জন্য মামুনুলকে ছাড়তে অ্যাটলেটিকোকে অনুরোধ করে চিঠি পাঠিয়েছে বাফুফে। অ্যাটলেটিকো তাৎক্ষণিকভাবে ‘হ্যাঁ’-‘না’ কোনোটাই বলেনি। বাফুফে এখন অপেক্ষা করছে অ্যাটলেটিকোর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য।
এদিকে শ্রীলঙ্কার সঙ্গে প্রীতি ম্যাচের জন্য জাতীয় দলের খেলোয়াড়দের আজ দুপুরে বাফুফে ভবনে রিপোর্টিং। বিকেলে দল বিকেএসপি চলে যাবে। সহকারী রেনে কোস্টারকে নিয়ে কোচ ডি ক্রুইফের বাংলাদেশে ফেরার কথা ১৪ অক্টোবর।