মামুনুলকে নিয়ে লোপেজের 'জুয়া'

‘আমার মনে হয় তিনি একটা গ্যাম্বলিং করছেন!’
এই ‘তিনি’ হলেন ফাবিও লোপেজ, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ। বক্তার নাম শফিকুল ইসলাম মানিক। মামুনুল ইসলামকে প্লে-মেকারের জায়গা থেকে সরিয়ে মাঝমাঠে ডান পাশে পরীক্ষা করছেন নতুন কোচ। দলের জন্য এটিকে ভালো মনে করছেন না দেশের প্রথম সারির কোচ মানিক। লোপেজ একটা জুয়া খেলছেন বলেই মনে হচ্ছে তাঁর।
কে জানে, জুয়ায় জিতেও যেতে পারেন ইতালিয়ান কোচ! তবে জুয়ার কার্ড যিনি, সেই মামুনুল স্বয়ং কোচের জয়ের সম্ভাবনা দেখছেন কমই। বরং একটু ক্ষোভই আছে তাঁর মনে, ‘নতুন জায়গায় আমি খুব অস্বস্তিতে আছি। পারফর্ম করতে পারছি না নিজের মতো করে।’
ভয়ের কারণটা ঠিক এখানেই। মামুনুল ব্যর্থ হলে সেটির প্রভাব পুরো দলের ওপর পড়ে। এ কারণেই বিষয়টা নিয়ে উদ্বেগ আছে দলের ভেতরে-বাইরে। টেকনিক্যাল দিকটি যাঁরা ভালো বোঝেন, সেই স্থানীয় কোচদের মধ্যে শীর্ষস্থানীয় দুজন মানিক ও মারুফুল হক মনে করছেন, ফাবিওর এই চিন্তাভাবনা দলের জন্য ক্ষতির কারণ হতে পারে!
মারুফ ব্যাপারটা জেনেছেন পত্রিকায় পড়ে। সব জেনে দলের জন্য এটিকে খারাপ লক্ষণ বলতে তাঁর মনে এতটুকু দ্বিধা নেই, ‘মামুনুলের জায়গায় কোচ ভালো বিকল্প পেলে ভালো। কিন্তু ওর বিকল্প তো নেই। কাজেই ওর জায়গা বদল হলে দলের ক্ষতিই হবে। কারণ, বাংলাদেশ দলের খেলাটা মামুনুলকে ঘিরেই তৈরি হচ্ছে গত বেশ কয়েক বছর।’
মামুনুলের বিকল্প নেই বাংলাদেশ দলে—কথাটা ফুটবলবোদ্ধা, কোচ, দর্শক সবারই। মারুফ যেমন ক্লাব ফুটবলে মামুনুলকে শিষ্য হিসেবে পাওয়া, তাঁকে ব্যবহার করার অভিজ্ঞতায় এর ক্ষতিকর দিকটা আঁচ করতে পারছেন, ‘ডিফেন্স থেকে বলটা মাঝমাঠে মামুনুলের কাছেই প্রথম আসে, যেখান থেকে ও চারদিকে পাস খেলে, গোটা দলটাকে খেলায়। রক্ষণ আর আক্রমণের মাঝখানে ও সেতু হয়েছিল, ওটা নষ্ট হবে।’
ফাবিও বলেছেন, ‘মেসি ডান পাশে শুরু করে পরে ভেতরে চলে আসে। মামুনুলও তাই করবে।’ তাঁর এই যুক্তিটা মানতে পারছেন না মারুফ, ‘মামুনুলের ক্ষেত্রে মেসির উদাহরণটা চলে না। বাংলাদেশ দল মানেই মামুনুল, গোটা দলটাকে সে খেলায়। মেসির উদাহরণ আসতে পারে কোমল, জাহিদ, জুয়েল রানাদের ক্ষেত্রে। কারণ ওরা উইং থেকে ভেতরে আসে।’
কোচ মানিক সামনে আনছেন অন্য দিকটাও। ১০-১২ বছর খেলার পর প্রতিষ্ঠিত পারফরমারদের নিয়ে পরীক্ষা-নিরীক্ষার বিপক্ষেই তিনি, ‘প্রতিষ্ঠিত খেলোয়াড়দের নিয়ে এ ধরনের পরীক্ষা-নিরীক্ষা সমর্থনযোগ্য নয়। এটা হতে পারে বয়সভিত্তিক ফুটবলে। তাই লোপেজের চিন্তাভাবনা দলের জন্য ইতিবাচক হবে না মনে হচ্ছে।’ নাম প্রকাশ না করার শর্তে এক কোচ বললেন, ‘লোপেজ এর আগে মালদ্বীপ-ইন্দোনেশিয়ায় ব্যাপক পরীক্ষা-নিরীক্ষা করে কোনো ফল পাননি। পরীক্ষা-নিরীক্ষা করাটা তাঁর অভ্যাস।’
মামুনুলের জায়গায় কোমলকে চেষ্টা করছেন লোপেজ। ডি ক্রুইফের ‘নাম্বার টেন’ হেমন্তর জায়গায় পরখ করছেন স্ট্রাইকার শাখাওয়াত রনিকে! মাঝমাঠে রনিকে পরীক্ষা করার কথা জেনে বিস্ময়ই প্রকাশ করলেন মারুফ, ‘আমার মনে হয়, কোচ সব খেলোয়াড় সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেননি। নিলে তো রনিকে নিয়ে এমন চিন্তা করতেন না! এককথায় বলব, এসব ঠিক হচ্ছে না।’
বাফুফের এ নিয়ে কোনো ক্রিয়া-প্রতিক্রিয়া নেই। ‘বৃক্ষ তোমার নাম কী ফলে পরিচয়’, কোচকে তাই ফল দিয়েই বিচার করতে চান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। মামুনুলের জায়গা বদলসহ দলে পরীক্ষা-নিরীক্ষা নিয়ে তাঁর কথা, ‘কোচকে দল দিয়েছি, তিনি এবার নিজের মতো করে সাজাবেন। আমরা হস্তক্ষেপ করব না, নিজে কোচ ছিলাম বলে এটা আমার পছন্দও নয়। তাঁর নিশ্চয়ই একটা পরিকল্পনা আছে। আমরা দেখব মাঠের ফলাফল। ফল খারাপ হলে নিশ্চয়ই বসে থাকব না।’