মামুনুলকে বরণ করে নিল 'দাদা'র কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদ সম্মেলনে মামুনুল ইসলাম। পাশে ব্যারেটো। ছবি: ভাস্কর মুখার্জি
সংবাদ সম্মেলনে মামুনুল ইসলাম। পাশে ব্যারেটো। ছবি: ভাস্কর মুখার্জি

আইপিএল আলোকিত করেছেন সাকিব আল হাসান। এবার মামুনুল ইসলাম কি পারবেন আইএসএল মাতাতে? আইপিএলের আদলে ভারতে শুরু হতে যাচ্ছে ফ্রাঞ্চাইজি-ভিত্তিক ফুটবল লিগ। আর সেই টুর্নামেন্টে সৌরভ গাঙ্গুলীর দল অ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে খেলবেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক মামুনুল। আজ কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় এই মিডফিল্ডারকে। মামুনুল বলেন, তাঁর কারণে বাংলাদেশের নামও উচ্চারিত হবে এই টুর্নামেন্টে। আর তাই ঘরোয়া লিগ হলেও দেশের সম্মান ধরে রাখার তাগিদ নিয়েই খেলবেন তিনি।
আইপিএলে কলকাতারই দলে খেলেন সাকিব। সৌরভ গাঙ্গুলীর স্নেহধন্যও হয়েছিলেন। এবার ‘দাদা’র স্নেহ পাচ্ছেন মামুনুল। বললেন, ‘সৌরভ গাঙ্গুলীর ফুটবল দলে যুক্ত হতে পেরে গর্ব বোধ করছি। আমার স্বপ্ন ছিল কলকাতার ইস্টবেঙ্গল ক্লাব বা মোহন বাগানের মতো কোনো ক্লাবে খেলার। সৌরভ গাঙ্গুলী তাঁর দলে আমাকে নিয়ে সেই স্বপ্ন পূরণ করলেন। আমি ক্রিকেটার সৌরভের অনেক বড় একজন ভক্ত।’
মামুনুল বলেন, ‘আমি বাংলাদেশের ১৬ কোটি মানুষের ভালোবাসা নিয়ে এখানে খেলতে এসেছি। চেষ্টা করব কলকাতা ও ভারতের মানুষের মন জয় করতে। তাদের ভালো খেলা উপহার দিতে। বাংলাদেশের মানুষেরও বড় আশা, আমি যেন ভালো খেলা উপহার দিতে পারি। সৌরভের দলে খেলতে পারাটা আমার জন্য বড় প্রেরণাও।’
আইএসএলের প্রথম আসরে মুখোমুখি হচ্ছে ভারতের আটটি দল। অধিকাংশেরই মালিক বলিউডের তারকারা। ১২ অক্টোবর আইএসএলের উদ্বোধন হবে কলকাতায়। সৌরভের ফুটবল দলটি বর্তমান স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো ডি মাদ্রিদ দলের সঙ্গে যৌথভাবে গড়া হয়েছে। আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মামুনুলের দলের কোচ জোশ রামিরেজ ব্যারেটো ।