মামুনুলদের আবাহনী-শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আবাহনীর জয়ের নায়ক সাবোলস চরবা। এই হাঙ্গেরিয়ান স্ট্রাইকারের জোড়া গোলেই কাল বিকেএসপিতে বাংলাদেশ জাতীয় দলকে হারিয়েছে আবাহনী l শামসুল হক
বল নিয়ে এগিয়ে যাচ্ছেন আবাহনীর জয়ের নায়ক সাবোলস চরবা। এই হাঙ্গেরিয়ান স্ট্রাইকারের জোড়া গোলেই কাল বিকেএসপিতে বাংলাদেশ জাতীয় দলকে হারিয়েছে আবাহনী l শামসুল হক

হাড় কাঁপানো শীত জেঁকে বসছিল সকাল থেকেই। সূর্য ডুবতেই রীতিমতো বরফ পড়া কোনো ভূখণ্ড যেন। বিকেএসপির ১ নম্বর ফুটবল মাঠে কুয়াশার রাজত্বও শুরু হয়ে গেছে ততক্ষণে। আবাহনী টিম বাস সেটি ভেদ করে রওনা দিল ঢাকায়। সঙ্গে নিয়ে গেল কয়েক ঘণ্টার সংক্ষিপ্ত বিকেএসপি সফরে জাতীয় দলকে হারানোর দুর্দান্ত এক অনুভূতি।
এটি নিছকই অনুশীলন ম্যাচ। তাতে কী, দুই গোলের সহজ জয় আবাহনীকে উচ্ছ্বসিত করবেই। তবে জাতীয় দলের হতাশায় নুয়ে পড়ার কারণ দেখেননি কোচ সাইফুল বারী। বঙ্গবন্ধু কাপের আগে প্রথম অনুশীলন ম্যাচে নিজেদের দেখে নেওয়ার সুযোগটাই বরং তাঁর দলের জন্য হলো মহার্ঘ।
কিন্তু লাল-সবুজ জার্সির মালিকদের জন্য এটি সতর্ক সংকেতও বটে। আবাহনী যেন নীরবে মামুনুল-এমিলিকে বলে গেল, ‘ভাই, প্রতি-আক্রমণ ঠেকানোর সামর্থ্য থাকা চাই তোমাদের। বেশি প্রেসিং করে খেলতে গিয়ে রক্ষণ অরক্ষিত রেখো না। বল পজেশন রেখে আক্রমণে যাও, গোল খেয়ো না। গোল পেতে প্রতিপক্ষের সীমানায় নিখুঁত হও। এলোমেলো শট নিয়ো না বারে। বল হারালে দ্রুত নেমে আসার শক্তি অর্জন করো।’
সত্যি বলতে এই সীমাবদ্ধতাগুলো পরিষ্কারভাবে জানিয়ে দিল জাতীয় দলকে। একটা ক্লাবের কাছে জাতীয় দলের ২ গোলে হার দৃষ্টিকটু। তা ছাড়া জাতীয় দলের জার্সিতে তো আবাহনীরও চারজন খেলোয়াড় ছিল। তার পরও হার এড়াতে না-পারা ব্যর্থতা। আবাহনীর তিন হাঙ্গেরিয়ানই আসলে ব্যবধানটা গড়েছেন। স্ট্রাইকার সাবোলস চরবা আলাদা হয়ে রইলেন বাকিদের ছাপিয়ে। দ্বিতীয়ার্ধে দারুণ গোল দুটি করলেন জর্জ কোটানের দলে নবাগত নাম্বার টেন!
আবাহনীর শাহেদ ও কমলও মাঠ দাপিয়ে এই শীতের বিকেলে জ্বলে উঠেছেন। জাতীয় দলের তারকাদের চেয়ে তাঁরা অকুণ্ঠ প্রশংসা পেলেন সবার। এতই যে, কোচ সাইফুল বারী এই দুজনকে জাতীয় দলের স্কোয়াডে ডাকার ইঙ্গিতই দিলেন।
আবাহনী ৫-৩-২, জাতীয় দল ৪-৩-৩ ছকে খেলল। প্রথমার্ধে নামানো সাইফুলের দ্বিতীয় একাদশ আবাহনীর সঙ্গে কুলিয়ে উঠতে পারছিল না তেমন। দ্বিতীয়ার্ধে জাতীয় দলের সেরা একাদশ নেমে বলের নিয়ন্ত্রণ নেয়। সুযোগ এলেও মামুনুল, এমিলি, জাহিদরা বল পোস্টে রাখতে পারেননি।
প্রতিপক্ষ সীমানায় চাপ বাড়াতে গিয়েই জাতীয় দলের সর্বনাশ। শাহেদের লম্বা বল পেয়ে চরবা বক্সে কাটালেন জাতীয় দলের মূল স্টপার নাসিরকে, তারপর রায়হান। এঁদের বোকা বানিয়ে তাঁর কোনাকুনি বুদ্ধিদীপ্ত শট জালে। জাতীয় দলের হোল্ডিং মিডফিল্ডার জামাল ভূঁইয়া জায়গায় না থাকায় বেরিয়ে গেছে গোলের রাস্তা।
দ্বিতীয় গোলের সময় জাতীয় দলের ডিফেন্ডার ইয়ামিন মুন্না বল হারালেন মাঝমাঠে। শাহেদ-কমলের পা ঘুরে বাকি কাজটা সারতে আবারও চরবার পায়ের ঝলক। আলতো প্লেসিংয়ে পরাস্ত করলেন গোলরক্ষক সোহেলকে। সাইফুল অ্যান্ড কোং এতে খানিক বিব্রতই। মাঠের চারপাশে বসে ম্যাচটা দেখা বিকেএসপির একদল হবু ফুটবলারের সামনে হারটা কেমন দেখায়! মর্যাদা বলে তো একটা কথা আছে।
সাইফুল আর কী করবেন, ভুল শোধরানোর দিকেই তাঁর চোখ, ‘বারবার একই রকম ভুল করে আসছি আমরা। প্রতি-আক্রমণ আটকাতে ব্যর্থতা, কিছুটা জড়তা, এগুলো থেকে বেরোতে না পারলে আন্তর্জাতিক ম্যাচ জেতা কঠিন। একটাই আশা এই ভুলগুলো হয়তো টুর্নামেন্টে গিয়ে করব না আমরা।’
সমস্যার আপাতসমাধান আরও ম্যাচ খেলা। কিন্তু ২৯ জানুয়ারি বঙ্গবন্ধু কাপ শুরুর আগে আর মাত্র একটি অনুশীলন ম্যাচ পেতে পারে জাতীয় দল। সেটিকে যথেষ্ট মনে করেন না আবাহনী কোচ জর্জ কোটান। জাতীয় দল নিয়ে মন্তব্য এড়িয়ে একটাই পরামর্শ তাঁর, ‘জাতীয় দলটাকে ভালোই লাগল। তবে তাদের উচিত বেশি বেশি অনুশীলন ম্যাচের মধ্যে থাকা।’
মামুনুলরাও জোর দিলেন এই দিকটার প্রতি। আরও অনুশীলন ম্যাচ...। ঠান্ডার বিকেলে আবাহনী-শিক্ষা ভালোই হলো!