মামুনুলদের ছাড়াই জাতীয় দল
>নতুন মুখ দুজন। শেখ রাসেলের ডিফেন্ডার ফজলে রাব্বি ও আবাহনীর ডিফেন্ডার শাকিল আহমেদ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাফুফের জাতীয় দল কমিটির কাঠগড়ায় সাত ফুটবলার। গত পরশু কর্মকর্তারা আভাস দিয়েছিলেন মামুনুল ইসলাম, জাহিদ হোসেন, সোহেল রানা, ইয়ামিন মুন্না, আতিকুর রহমান মিশু, ইয়াসিন খান ও গোলরক্ষক শহীদুল আলম সোহেলকে ছাড়াই ঘোষণা করা হবে জাতীয় দল। কাল ঘোষিত ২২ জনের প্রাথমিক দলে এই সাতজনকে রাখা হয়নি।
১৮ মার্চ সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আবুধাবিতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর জর্ডানের বিপক্ষে ২৪ মার্চ বিশ্বকাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ। এই সাত জনের বাইরে দুটি ম্যাচ সামনে রেখে দলে জায়গা পাননি বঙ্গবন্ধু গোল্ড কাপে খেলা জাহিদ হাসান এমিলি, মিঠুন চৌধুরী, আলমগীর কবির রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস ও নাসির উদ্দিন চৌধুরী।
জাতীয় দলের ক্যাম্পে একেবারে নতুন মুখ দুই জন—শেখ রাসেলের ডিফেন্ডার ফজলে রাব্বি ও আবাহনীর ডিফেন্ডার শাকিল আহমেদ। অভিজ্ঞ খেলোয়াড়দের বাদ দিয়ে এবার প্রাধান্য দেওয়া হয়েছে তরুণদের। গঞ্জালো মোরেনোর পছন্দের তালিকাতেই নাকি নেই ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরী! বঙ্গবন্ধু গোল্ড কাপের দল থেকে বাদ পড়া পাঁচ ফুটবলারের প্রসঙ্গে ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর ব্যাখ্যা, ‘হেমন্ত সর্বশেষ টুর্নামেন্টে দুটি হলুদ কার্ড দেখেছে। এ জন্য তাকে দলে নেওয়া হয়নি। নাসিরকে মোরেনো খুব বেশি পছন্দ করেন না। কাল ওর প্রসঙ্গ তুলতেই এড়িয়ে গেছেন। এমিলি, মিঠুন ও রানার নাম উচ্চারণই করেননি তিনি।’ বাস্তবতা হচ্ছে দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার নাসির উদ্দিনের খেলা খুব বেশি দেখেননি মোরেনো। তা ছাড়া এই প্রথম জাতীয় দলের দায়িত্ব পেলেন স্প্যানিশ কোচ। অথচ শুধু পছন্দ করেন না বলেই দলে ডাকেননি নাসির উদ্দিনকে!
এমনিতেই বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং এসএ গেমসে রেজাউলের পারফরম্যান্স কখনো কখনো দলের জন্য বিপদের কারণ হয়েছে। আরেক ডিফেন্ডার রায়হান তো ভুলেই গেছেন ফুটবলটা পায়ের খেলা! শুধু থ্রো করেই যেন দায়িত্ব শেষ করছেন। রেজাউল, রায়হানদের দলে দেখে অনেক ফুটবলারই ক্ষোভ প্রকাশ করেছেন। তবে কারণ দর্শানো নোটিশ পাওয়া সাত ফুটবলারের সবার জন্যই জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। কেউ কেউ হয়তো এই দলের সঙ্গী হতেও পারেন। সে ক্ষেত্রে ফুটবলারদের আত্মপক্ষ সমর্থনের জবাবটা অবশ্যই সন্তোষজনক হতে হবে। তাহলেই খুলবে জাতীয় দলের দরজা। ডাক পাওয়া ফুটবলারদের ২৭ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপুর কাছে রিপোর্ট করতে হবে।
বাংলাদেশ প্রাথমিক দল: রাসেল মাহমুদ লিটন, মাজহারুল হিমেল, আশরাফুল রানা, রায়হান হাসান, তপু বর্মন, নাসিরুল নাসির, রেজাউল করিম, কেষ্ট কুমার, ওয়ালী ফয়সাল, শাকিল আহমেদ, ইমন বাবু, মোনায়েম রাজু, জামাল ভুঁইয়া, শাহেদুল আলম, ফজলে রাব্বি, আতিকুর রহমান ফাহাদ, মাসুক মিয়া জনি, রুবেল মিয়া, নাবিব নেওয়াজ জীবন, শাখাওয়াত রনি, জুয়েল রানা ও আমিনুর রহমান সজীব।