মামুনুলদের না পেয়ে ক্ষুব্ধ সেন্টফিট

জাতীয় দলের প্রস্তুতির সময় কোচের অনুমতি ছাড়া ফুটবলাররা ক্যাম্প ছাড়তে পারেন না। কিন্তু বাংলাদেশে কোচের অনুমতির তোয়াক্কা করে না কেউ। কখনো ক্লাব নিজেদের খুশিমতো ক্যাম্প থেকে খেলোয়াড় বের করে নিয়ে যায়। যেমনটা হয়েছিল গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের আগে। সেবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব তাদের আট খেলোয়াড় নিয়ে যায় ক্যাম্প থেকে।
বাফুফে তখন বলেছিল, শেখ জামাল তাদের আট খেলোয়াড়কে নিয়ে যায় ‘চা খাওয়ার’ জন্য। সেই বাফুফেই এবার কোচকে পাশ কাটিয়ে ভুটান ম্যাচের প্রস্তুতি ক্যাম্প থেকে পাঁচ খেলোয়াড়কে তাদের বাহিনীর হয়ে খেলার অনুমতি দিল আজ।
মামুনুল ইসলাম, ডিফেন্ডার রায়হান হাসান, গোলরক্ষক সোহেল এবং মিডফিল্ডার সোহেল রানা ও জুয়েল রানা তাই আজ বিকেলে জাতীয় দলের অনুশীলনে ছিলেন না। নৌবাহিনীর হয়ে তাঁরা আন্তবাহিনী ফুটবলের ফাইনাল খেলতে গেছেন। এই বাহিনীতে তাঁরা চাকরি করেন। কাজেই বাহিনীর ডাকে তাঁরা গেছেন। কিন্তু কোচ টম সেন্টফিট ব্যাপারটা সহজভাবে নিতে পারেননি। আজ কমলাপুর স্টেডিয়ামে অনুশীলনের পর জাতীয় দলের এই বেলজিয়ান কোচ ক্ষোভ জানিয়ে বললেন, ‘এই পাঁচ খেলোয়াড় আমার অনুমতি নিয়ে যায়নি। চরম অপেশাদারি কাজ হলো এটা। সব কিছুর আগে জাতীয় দল।’
আগামীকাল এই খেলোয়াড়েরা অনুশীলনে এলে তাঁদের গ্রহণ করবেন কিনা—এমন প্রশ্নে সেন্টফিটের কথা, ‘আমার খেলোয়াড় প্রয়োজন। আমি জিততে চাই। আমি এখানে ছুটি কাটাতে আসিনি।’ একই সঙ্গে শৃঙ্খলার প্রসঙ্গ টেনে বলেন, ‘অনুমতিটা সম্ভবত ফেডারেশন সভাপতি দিতে পারেন (ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন এখন কলম্বো আছেন সাফের সভায় যোগ দিতে)। তিনি না দিলে অন্য কেউ দিতে পারেন।’ এরপর মজা করেন, ‘হয়তো কিং দিতে পারেন।’
অন্য দেশ হলে এমন ঘটনায় নিশ্চয়ই কোচ ব্যবস্থা নিতেন খেলোয়াড়ের বিরুদ্ধে। তেমন কিছু করবেন কিনা জানতে চাইলে সেন্টফিট বললেন, ‘কী ব্যবস্থা আমি নিতে পারি। আমার চুক্তি তিন মাসের। এশিয়ান কাপের প্লে-অফে ভুটানের সঙ্গে আমার জয় দরকার (৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ ঢাকায়)। আমি ক্যাম্প থেকে ১০ খেলোয়াড় বের করে দিলে আমি ভুটারের সঙ্গে ৫-০ গোলে হারব। আমি কী করব বলুন। তবে আমার কোনো সমস্যা নেই, সমস্যা বাংলাদেশের।’
বাংলাদেশ পেশাদার নয়, আর এই অপেশাদার বাংলাদেশ ৮-০, ৫-০, ৬-১ গোলে হারবে এটাই নিয়তি মানেন সেন্টফিট। ক্ষোভ নিয়ে বলতে থাকেন, ‘এটাই বাংলাদেশের ফুটবল। আমি পেশাদার কোচ। আমি কাউকে অনুমতি দেইনি শুধু এটাই বলতে পারি।’
কমলাপুর স্টেডিয়ামেই কোচের পাশে দাঁড়ানো জাতীয় দলের ম্যানেজার ইকবাল হোসেন বারবার বলছিলেন, ওই খেলোয়াড়দের নাকি বিশ্রাম দেওয়া হয়েছে। তিনি পুরো ব্যাপারটা লুকোনোর চেষ্টা করেন। পরে অবশ্য স্বীকার করতে বাধ্য হলেন, ‘আমরা ফেডারেশনের পক্ষ থেকে অনুমতি দিয়েছি খেলোয়াড়দের।’